লেভানডফস্কির হ্যাটট্রিকে বায়ার্নের বিশাল জয়
কিছুদিন আগেই বোমা ফাটিয়েছেন, বায়ার্ন ছাড়তে চেয়ে। অন্য লিগের উত্তেজনা গায়ে মাখাতে চান, যে কারণে লেভানডফস্কির এই আকুতি। দলবদলের শেষ কয়দিনে পিএসজির সঙ্গে তাঁকে জড়িয়ে গুঞ্জনও চলছে সমানে। বলা হচ্ছে, এমবাপ্পের বিকল্প হিসেবে লেভানডফস্কিকেই আনতে পারে পিএসজি।
এত কিছুর পরেও নিজের কাজটা কিন্তু ঠিকই করে যাচ্ছেন বায়ার্নের এই পোলিশ স্ট্রাইকার। জার্মান বুন্দেসলিগায় আজ হার্থা বার্লিনের মুখোমুখি হয়েছিল বায়ার্ন। হার্থাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মান চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক করেছেন লেভা, একটি করে গোল জার্মান আক্রমণাত্মক মিডফিল্ডার জামাল মুসিয়ালা ও টমাস মুলারের।
প্রথম থেকেই বায়ার্নকে সামলাতে বেগ পেতে হচ্ছিল হার্থাকে। ৫ মিনিটেই লেফটব্যাক আলফোনসো ডেভিসের ক্রস থেকে মুলারের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডফস্কি। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বায়ার্ন।
৪৯ মিনিটে এবার মুসিয়ালা গোলের খাতায় নাম লেখান, তাঁকে দিয়ে গোল করান টমাস মুলার। এরপর শুধু লেভা-ঝলক। ৭০ আর ৮৪ মিনিটে যথাক্রমে জার্মান উইঙ্গার লিরয় সানে ও ফরাসি সেন্টারব্যাক তাঙ্গি কুয়াসির সহায়তায় বাকি দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানডফস্কি।
তিন রাউন্ড শেষে দুই জয় ও এক ড্র নিয়ে সাত পয়েন্ট পেয়ে লিগের শীর্ষে আছে বায়ার লেভারকুসেন। একই পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। যদিও লেভারকুসেনের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে বায়ার্ন।
তবে যেভাবে লেভানডফস্কি গোলের পর গোল করে যাচ্ছেন, সে গোল ব্যবধান লেভারকুসেন কতদিন টিকিয়ে রাখতে পারে, সেটাই দেখার বিষয় এখন! এই নিয়ে টানা ১৩ লিগ ম্যাচে গোল করা হয়ে গেল লেভার। বায়ার্নের হয়ে ৩০০ গোলও এসেছে তাঁর এই ম্যাচে।