আয়ারল্যান্ডের বিপক্ষে দল জিতেছে ২-১ গোলে। নিশ্চিত হয়েছে ২০১৬ ইউরোর চূড়ান্তপর্বে খেলাটাও। জাতীয় দলের সাফল্যে খানিকটা বল্গাহারা হয়ে পড়েছিলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। গলায় শ্যাম্পেন ঢেলেছিলেন মাঠের মাঝখানে দাঁড়িয়ে। উদ্যাপনের এই ঢংটা বেছে নিয়ে বিপদেই পড়েছেন ২৭ বছর বয়সী স্ট্রাইকার। জাতীয় দলের সতীর্থরা তো বটেই, টুইটারে এ নিয়ে লেভাকে টিপ্পনী কেটেছেন স্বয়ং পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বিগনিউ বনিয়েক। নিজে সরাসরি কিছু বলেননি লেভা, শুধু টুইটারে পোস্ট দিয়েছেন, ‘চিয়ার্স!’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন লেভানডফস্কির বিরুদ্ধে প্রকাশ্যে মদ্যপানের অভিযোগ করেছেন পুলিশের কাছে। রাষ্ট্রীয় আইনভঙ্গের শামিল বলে পোলিশ পুলিশও আমলে নিয়েছে অভিযোগ। লেভানডফস্কির এজেন্ট সেজারি কুচারস্কি সংবাদমাধ্যমকে সাফ জানিয়ে দিয়েছেন এসব ‘তুচ্ছ’ ঘটনাকে নিয়ে লেভানডফস্কিকে মাথা ঘামাতে হোক, সেটা তিনি চান না। ডেইলি মেইল।