লেভার গায়ে আতশবাজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল মাঠে খেলোয়াড়দের দিকে কত কিছুই তো ছোড়া হয়। এই তো কদিন আগেই মেসিদের দিকে বোতল ছোড়া নিয়ে লঙ্কাকাণ্ড হয়ে গেল। মেসিরা অবশ্য আহত হননি, তবে পরশু রবার্ট লেভানডফস্কির বড় কিছুই হয়ে যেতে পারত। বুখারেস্টে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পোল্যান্ডের হয়ে খেলার সময় তাঁর গায়ের ওপরই আতশবাজি ছুড়ে মেরেছিলেন রোমানিয়ার দর্শকেরা। দুর্ঘটনাটা ম্যাচের ৫৩ মিনিটের। গ্যালারি থেকে ছোড়া আতশবাজি লেভানডফস্কির গায়ে পড়ার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন পোলিশ স্ট্রাইকার। তবে ভাগ্য ভালো বড় কিছু হয়নি, তাঁকে মাঠও ছাড়তে হয়নি। রেফারি অবশ্য ততক্ষণে সব খেলোয়াড়কে মাঠের ভেতরে নিয়ে এসেছেন। কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু ম্যাচে দুই গোল করে যোগ্য জবাব দিয়েছেন লেভা। গোল দুটি করেছেন শেষ ১০ মিনিটে, এর মধ্যে যোগ করা সময়েরটি পেনাল্টি থেকে। পোল্যান্ড জিতেছে ৩-০ গোলে। এএফপি।