লেভার গোলের রহস্য তাহলে এই!

রবার্ট লেভানডফস্কিছবি : ফিফা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল করার বহর দেখলে কে বলবে তাঁর বয়স ৩৩?

বছর খানিক আগে ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের গোল করার মূল দায়িত্ব এখনো তাঁর ওপরেই বর্তানো। গত কয়েক বছরে আদৌ ফর্মহীন হয়েছেন কি না, খুঁজতে গেলে অণুবীক্ষণ যন্ত্র নিয়ে বসা লাগবে।

ফিফা বর্ষসেরার ট্রফি হাতে লেভানডফস্কি
ফাইল ছবি

এমনকি চলতি মৌসুমেও লিগে তিন ম্যাচ খেলে পাঁচ গোল করে ফেলেছেন। ফলে প্রশ্ন উঠতেই পারে, রবার্ট লেভানডফস্কির এত এত গোল করার রহস্য কী?


সে রহস্য বের করার চেষ্টা করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তাঁরা লেভার খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা করেছে। তা থেকে বিচিত্র একটা বিষয় লক্ষ্য করেছে।

এমন ছবি নিয়মিতই দেখা যায়
ছবি: এএফপি

সাধারণত সবাই খেতে বসলে মূল খাবারটা খেয়ে পরে ডেজার্ট বা মিষ্টিজাতীয় খাবার খান।

লেভার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। আগে ডেজার্ট দিয়ে খাওয়াদাওয়া শুরু করেন। পরে খান মূল খাবার। লেভার স্ত্রী আনা লেভানডফস্কাও একজন ক্রীড়াবিদ, খেলেন কারাতে। ক্রীড়াবিদ হওয়ার পাশাপাশি তিনি একজন পুষ্টিবিদও বটে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশর জোসেফ পিলসুদস্কি শারীরিক শিক্ষা বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে ডিগ্রিও আছে আনার। স্বামীর ডায়েট চার্ট যে আনারই বানিয়ে দেওয়া, তা বলাই বাহুল্য!

স্ত্রীর সঙ্গে লেভা
ফাইল ছবি

শুধু তাই নয়। বেশ কিছু খাবার লেভা একদম এড়িয়ে চলেন বলে উঠে এসেছে মার্কার প্রতিবেদনে। এর মধ্যে আছে যেকোনো ধরনের ফাস্টফুড ও ভাজাপোড়া জাতীয় খাবার। এমনকি গম, গরুর দুধ - এগুলোও খান না লেভা। ল্যাকটোজ এড়িয়ে চলেন। খাবার সময় ডেজার্ট দিয়ে শুরু করার পর আস্তে আস্তে পিওর কাকাও ব্রাউনি, মাছ বা মাংস খান লেভা। খাওয়া শেষ করেন স্যুপ বা সালাদ দিয়ে।


লেভার মতো গোল করতে আগ্রহী স্ট্রাইকাররা এই খাদ্যাভ্যাসের দিকে চাইলে একটু নজর দিতে পারেন কিন্তু!