লেভা-মুলারদের সামনে আর্সেনাল

ফিলিপ লামের দুশ্চিন্তা তাহলে আর্সেনালকে নিয়ে নয়, লন্ডনের ট্রাফিক জ্যাম নিয়ে!
বায়ার্ন মিউনিখ অধিনায়কের কথা শুনে সেটাই মনে হতে পারে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে সূচির দুই দিন আগেই লন্ডনে উড়াল দেওয়ার আগে বলে গেলেন, ‘আগেই চলে যাচ্ছি, কারণ লন্ডনে আমাদের অনেক সময় রাস্তায় কাটাতে হবে। ট্রাফিক জ্যামের যা অবস্থা! অনুশীলনে যেতেই তো এক ঘণ্টার বেশি সময় লেগে যায়।’
কোনো সন্দেহ নেই, কথাটা অভিজ্ঞতা থেকেই বলা। লন্ডনে তো আর এটা প্রথম সফর নয় বায়ার্নের। সর্বশেষ চার মৌসুমে এ নিয়ে তৃতীয়বার! এর মধ্যে ২০১৩ ও ২০১৪ সালে দেখা হয়েছিল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে। দুবারই এমিরেটসে জিতেছিল বায়ার্ন, জিতেছিল দুই লেগ মিলিয়েও। ওয়েঙ্গারের দলকে হারানোর মন্ত্রটা তাই এত দিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা ফিলিপ লামদের। সেই মন্ত্রেই হয়তো নির্ভার, সতেজ আর ফুরফুরে থাকার কথাও বলা আছে। আর ট্রাফিক জ্যামেই যদি বেশির ভাগ সময় চলে যায়, ফুরফুরে কী করে থাকবেন লামরা!
তবে কি ওয়েঙ্গারের দলটা নিয়ে খুব একটা ভাবনা নেই বায়ার্নের? হ্যাঁ, সেটিও আছে। নইলে কি আর লাম বলেন, ‘যাঁরা ফুটবল বোঝেন, তাঁরা এটুকু অবশ্যই বুঝবেন যে, আর্সেনাল যেভাবে মৌসুমটা শুরু করেছিল এখন তার চেয়ে অনেক ভালো অবস্থায় আছে।’ কথাটা মিথ্যা নয়। প্রিমিয়ার লিগে আর্সেনালের শুরুটা হয়েছিল ওয়েস্ট হামের কাছে হার দিয়ে। চ্যাম্পিয়নস লিগেও এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে হেরেছে দুটিতেই। তবে ইউরোপে অলিম্পিয়ােকাসের কাছে সর্বশেষ হারের পর লিগে সর্বশেষ দুই ম্যাচে আর্সেনাল হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড আর ওয়াটফোর্ডকে। পয়েন্ট তালিকায়ও উঠে এসেছে দুই নম্বরে। পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে—এটা তো বলাই যায়।
কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই উন্নতিটা দুর্ধর্ষ বায়ার্নের সঙ্গে লড়ার জন্য যথেষ্ট কি না? এ মৌসুমে এখন পর্যন্ত জার্মান কাপ, বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে কোনো ম্যাচ হারা তো দূরের কথা, ড্র-ও করেনি বায়ার্ন! ১২ ম্যাচে গোল করেছে ৪০টি, খেয়েছে মাত্র ৫টি। কতটা ভয়ংকর হয়ে উঠেছে পেপ গার্দিওলার দল, সেটা বোঝাতে আরও একটা তথ্য দেওয়া যেতে পারে। চোটের কারণে রোবেন, রিবেরি, গোটশের মতো খেলোয়াড়েরা না থাকার পরও ভেরডার ব্রেমেনের বিপক্ষে সর্বশেষ ম্যাচটায় গার্দিওলা বেঞ্চে বসিয়ে রেখেছিলেন ডগলাস কস্তা আর জাভি মার্টিনেজদের! রবার্ট লেভানডফস্কি একাই প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দিচ্ছেন, তাঁর সঙ্গে আবার ফর্মে চলে এসেছেন টমাস মুলারও। সব ধরনের প্রতিযোগিতায় এ মৌসুমে ক্লাবের হয়ে ১২ ম্যাচে ১৬ গোল হয়ে গেছে লেভার, সমান ম্যাচে ১১ গোল মুলারের।
লন্ডনে আজ আরও একটা জয় যেমন গার্দিওলার দলের চ্যাম্পিয়নস শেষ ষোলোতে খেলা প্রায় নিশ্চিত করে দেবে, তেমনি প্রায় শেষ করে দেবে আর্সেনালের পরের রাউন্ডের যাওয়ার আশাও। সেটা জানেন বলেই আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও বলছেন, ‘তাত্ত্বিকভাবে হয়তো তার পরও পরের রাউন্ডে খেলার সুযোগ থাকবে, কিন্তু এই ম্যাচে হেরে গেলে সেই ধাক্কা সামলানো খুব কঠিনই হবে আমাদের জন্য।’
কঠিন এই পরীক্ষার আগে আর্সেনাল একটা ‘সুসংবাদ’ পেতে পেতেও পায়নি। শোনা গিয়েছিল, ভেরডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন লেভানডফস্কি। কিন্তু সতীর্থদের সঙ্গে লন্ডনের বিমানে ওঠার আগে পোলিশ স্ট্রাইকার ঘোষণা দিয়ে দিয়েছেন, ‘ওটা (চোট) কিছুই নয়। আমি পুরো সুস্থ আছি। আমার চিন্তাজুড়ে শুধু আর্সেনালের বিপক্ষে ম্যাচ।’
ভেরডার ব্রেমেনের বিপক্ষে ওই ম্যাচে গোল পাননি লেভা। তবে আর্সেনালের জন্য সম্পূরক তথ্য হচ্ছে, এই মৌসুমে এখনো পরপর দুই ম্যাচে গোলশূন্য থাকতে হয়নি বায়ার্ন স্ট্রাইকারকে। এএফপি।