লেভানডফস্কির আরেক অর্জন

ফুটবল মাঠে ভয়ংকর সব কাণ্ডে সিদ্ধহস্ত রবার্ট লেভানডফস্কি। বছর তিনেক আগে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মতো দলকে ছত্রখান করে দিয়েছিলেন নিজের চার গোলে। এই তো কিছু দিন আগেই বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে নয় মিনিটে পাঁচ গোল করে গড়েছেন নতুন রেকর্ড। দেশের জার্সি গায়েও যে এই পোলিশ স্ট্রাইকার কম যান না, সেটা তিনি প্রমাণ করলেন বেশ দ্রুতই। পোল্যান্ডের হয়ে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে ১৩ গোল করে তিনি নিজেকে নিয়ে গেছেন ইতিহাসের পাতায়।
ইউরো প্রতিযোগিতার বাছাইয়ে লেভানডফস্কির এই ১৩ গোল অবশ্য এককভাবে সর্বোচ্চ নয়। ২০০৮ সালের ইউরো বাছাইয়ে উত্তর আয়ারল্যান্ডের স্ট্রাইকার ডেভিড হিলির পা থেকে আসা ১৩ গোল ছাপিয়ে যেতে পারেননি লেভানডফস্কি। ১৩ গোলে আটকে থেকেই ইউরো বাছাইপর্ব শেষ করাটা তাঁর জন্য একটু আক্ষেপের হলেও হালের সেরা স্ট্রাইকার এই কীর্তিতে নিজেকে দেখছেন যোগ্য জায়গাতেই।
এবারের ইউরো বাছাইপর্বে লেভানডফস্কি তাঁর গোল মিশন শুরু করেছিলেন জিব্রাল্টারের বিপক্ষে ম্যাচ দিয়ে। সে ম্যাচে পোল্যান্ডের ৭-০ গোলে জয়ে তাঁর অবদান ছিল পাঁচ-পাঁচটি গোল। এর পরের ম্যাচেই জর্জিয়ার বিপক্ষে লোভোনডোফস্কি করেছিলেন হ্যাটট্রিক। জার্মানির বিপক্ষে পোলিশদের হারের গোল আছে তাঁর। এর আগেই অবশ্য স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোলে ইতিহাসে নাম লেখানোর সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি।
কাল আয়ারল্যান্ডের বিপক্ষে পোল্যান্ডের ২-১ গোলে জয়ে স্কোরশিটে নাম লিখিয়ে লেভানডফস্কি স্থান করে নেন ইতিহাসে।
ইউরো বাছাইয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতারা:
১৩ গোল: রবার্ট লেভানডফস্কি (পোল্যান্ড)—ইউরো ২০১৬
ডেভিড হিলি (উত্তর আয়ারল্যান্ড)—ইউরো ২০০৮
১২ গোল: ক্লাস ইয়ান-হান্টেলার (হল্যান্ড)—ইউরো ২০১২
ডেভর সুকার (ক্রোয়েশিয়া)—ইউরো ১৯৯৬
১১ গোল: রাউল গঞ্জালেস (স্পেন)—ইউরো ২০০০
টনি পোলস্টার (অস্ট্রিয়া)—ইউরো ১৯৯৬
ওলে ম্যাডসেন (ডেনমার্ক)—ইউরো ১৯৬৪
১০ গোল: রিস্টো স্টইচকভ (বুলগেরিয়া)—ইউরো ১৯৯৬
ডার্কো পানচেভ (মেসিডোনিয়া)—ইউরো ১৯৯২