লেমোস শ্রীলঙ্কায় বাংলাদেশকে ফাইনালে নিতে চান

শ্রীলঙ্কায় ফাইনালে তুলতে চান লেমোসফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ আগামী রোববার ঢাকা আসছেন। বাংলাদেশের ভিসার জন্য আবেদন করেছেন সিউলে বাংলাদেশ দূতাবাসে। আজ দক্ষিণ কোরিয়া থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে মারিও লেমোস জানান, আগামীকাল ভিসা পেলে পরশুই চড়ে বসবেন বিমানে।

সিউলে বাংলাদেশ দূতাবাসের লোকজন তাঁকে ভালোভাবেই চেনেন। কারণ, সিউল থেকে চার-পাঁচবার বাংলাদেশের ভিসা নিয়েছেন পর্তুগালের ৩৫ বছর বয়সী এই তরুণ কোচ। পাঁচ বছর আগে কোরিয়াতেই বিয়ে করেছেন। দুই বছরের একটি কন্যাসন্তান আছে তাঁর। সিউল থেকে ২০ মিনিটের দূরত্বে থাকেন। সেখান থেকেই আজ প্রথম আলোর সঙ্গে কথা বললেন জামাল ভূঁইয়াদের নতুন কোচ।

২০১৮ সালের শুরুতে লেমোস বাংলাদেশ ফুটবল দলের ট্রেনার ছিলেন মাস তিনেক। ট্রেনার থেকে এখন কিনা হয়ে গেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ। এতে অবাক লেমোস নিজেও। বললেন, ‘বাংলাদেশের কোচ হয়ে যাব, এতটা ভাবিনি। বলতে পারেন, প্রস্তাব পেয়ে অবাক হয়েছিলাম। তবে আমি তা সানন্দেই গ্রহণ করেছি। কারণ, এটা আমার জন্য বিরাট এক সম্মান। আমার ওপর বাফুফে আস্থা রেখেছে, সেই আস্থার প্রতিদান দিতে চাই। সম্মানের মর্যাদা রাখতে নিজের সব অভিজ্ঞতা ঢেলে দেব।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দল
ছবি: বাফুফে

নিজেকে সব সময়ই শীর্ষ স্তরে দেখতে চেয়েছেন। কোনো দেশের জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নও নাকি দেখতেন। সেই স্বপ্ন এত দ্রুত পূরণ হওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে লেমোস বলছিলেন, ‘এই স্তরে আসতে আমি অনেক কষ্ট করেছি। অল্প বয়সে চোটের কারণে খেলা ছেড়ে কোচ হই। বরাবর জোসে মরিনিওকে অনুসরণ করতাম। আমি সব সময় নিজেকে বলতাম, ভালো কিছু করা সম্ভব তোমার পক্ষে। আজ সেটার ফল পেলাম। আমি ভীষণ খুশি।’

কিন্তু খুশি থাকলেই চলছে না। আগামী ৮-১৭ নভেম্বর অনুষ্ঠেয় শ্রীলঙ্কার টুর্নামেন্টে ভালো কিছু করা চাই। বাফুফে তাঁর ওপর আস্থা রেখেছে। ভালো করতে না পারলে সমালোচকদের হাত থেকে রেহাই পাবেন না। লেমোস সেটা ভালো করেই জানেন, ‘অবশ্যই ফাইনালে যেতে চাই শ্রীলঙ্কার টুর্নামেন্টে। সেটিই আমার মূল লক্ষ্য। তবে আমি ম্যাচ ধরে ধরে ভাবব।’

মারিও লেমোস
ছবি: প্রথম আলো

লেমোস যোগ করেন, ‘চার দলের ছোট টুর্নামেন্ট। তিনটি ম্যাচ খেলার সুযোগ আছে। চার দলের সেরা দুটি ফাইনালে উঠবে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিশেলস ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টে আমরা নিজেদের পিছিয়ে রাখছি না। আমি মনে করি, ভালো করার সুযোগ আছে আমাদের সামনে। এমনকি চ্যাম্পিয়ন হওয়াও কঠিন নয়।’

জিততে ক্ষুধার্ত হয়ে আছেন বলে জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ, ‘মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল ৪ ম্যাচের ১টি জিতেছে। ২টি ড্র ও ১ হার। আমি মনে করি, বাংলাদেশ দলের খেলোয়াড়েরা জিততে মরিয়া হয়ে আছে। সমর্থকেরা জয় চান দলের কাছে। সেই জয়ের খোঁজেই শ্রীলঙ্কায় যাব আমি।’

নিজের ওপর বিশ্বাস রেখে এগোতে ভালোবাসেন লেমোস। নিজেই জানালেন, ট্রেনার হতে চাননি তিনি। বারবার প্রধান কোচ হতে চেয়েছেন। সেটা হতে পেরে খুব খুশি। সব সময়ই ইতিবাচক থাকেন জানিয়ে বাংলাদেশের নতুন কোচ বলেন, ‘আমি বিশ্বাস করি, জাতীয় দলের কোচ হিসেবে ভালো করার মেধা আছে আমার। আবাহনীকে প্রথমবার এএফসি কাপের দ্বিতীয় পর্বে নিয়েছি। এরপর আন্ত–আঞ্চলিক সেমিফাইনালে তুলেছি। তবে জানি, ক্লাব আর জাতীয় দল এক নয়। জাতীয় দল অনেক কঠিন। তবু আমি প্রস্তুত জাতীয় দলের ভার বহন করতে।’

শ্রীলঙ্কায় চারজাতি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ মারিও লেমোস
ফাইল ছবি: প্রথম আলো

শ্রীলঙ্কার টুর্নামেন্ট শেষে আবাহনীর প্রধান কোচের দায়িত্বে ফিরে যাবেন। দুই মৌসুম আবাহনীর কোচ হিসেবে কাজ করে এ দেশের ফুটবলের সবই জানেন লেমোস। বাংলাদেশ জাতীয় দলের ৯৯ শতাংশ খেলোয়াড়ই তাঁর চেনাজানা। এটা তাঁর জন্য সুবিধাই হবে বলছেন। তবে মালদ্বীপে খেলে আসা সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে বেশি বদল করবেন না। জানিয়ে দিলেন সেটাও, ‘বড়জোর দু-তিনটির বেশি বদল করব না। কারণ, এখন পরীক্ষা, সময় নেই হাতে।’

জেমি ডের অধীন মূলত রক্ষণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। অস্কার ব্রুজোনের অধীন মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে কিছুটা আক্রমণাত্মক হলেও অতিরিক্ত ফাউল করে খেলতে দেখা গেছে বাংলাদেশকে। এ নিয়ে কিছুটা সমালোচনাও হয়েছে ব্রুজোনের দলের। তা লেমোসের বাংলাদেশ কেমন খেলবে? প্রশ্ন করলে বাংলাদেশের নতুন কোচ বলেন, ‘জেমি আর ব্রুজোনের অধীন যেভাবে খেলেছে বাংলাদেশ, সেটার মাঝামাঝি খেলব আমরা। অর্থাৎ দুটোর সমন্বয় করে খেলব। অতি আক্রমণাত্মক হব না। আবার রক্ষণাত্মক খেলব, তা–ও নয়। আমরা গোছানো ও সংগঠিত ফুটবলই খেলতে চাইব।’