লেম্যানের টুইট এবং...
অলস রোববার। হাতে তেমন কোনো কাজ নেই। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হয়েছে, কাছেই লিভারপুল-স্টোক ম্যাচ। বসে না থেকে সেটা দেখেই আসা যায়। অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান তাই সরল মনে একটা পোস্ট দিলেন টুইটারে, ‘স্টোক-লিভারপুল ম্যাচটা দেখতে চাই। কেউ কি কোনোভাবে সাহায্য করতে পারবেন?’
এমন কোনো চাওয়া নয়। কিন্তু ভুল সময়ে ভুল কথা বললে যা হয় আর কী! লেম্যানকে বিদ্রূপে বিদ্ধ করতে শুরু করলেন অনেকে। একজন লিখলেন, ‘আপনার বরং ইতিহাসের সবচেয়ে বাজে ইংল্যান্ড দলের কাছে অ্যাশেজ ২০১৫ হারের কাটাছেঁড়া করা উচিত।’ আরেকজনের খোঁচা, ‘স্টোক সিটির চেয়ে বেন স্টোকসকে নিয়ে বিশ্লেষণ করা উচিত আপনার।’ একজন আবার কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন, ‘আপনারা কাল (রোববার) খেলছেন না?...ওওপস্ স্যরি!’
কথাগুলো লেম্যানের ভালো লাগার কথা নয়। তিনি তাই পাল্টা টুইট করেছেন, ‘এমন গালাগালি করার জন্য ধন্যবাদ। কেউ সাহায্য করতে পারে কি না ভেবে একটা প্রশ্ন করেছিলাম। থাক, এ নিয়ে আর ভাবতে হবে না। এত অবমাননাকর মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ।’ স্টোক সিটিরও চোখে পড়েছে লেম্যানের টুইটটা। যা দেখে নিজেদের টুইট ফিডে লেম্যানকে খেলা দেখার ব্যবস্থা হয়েছে বলেও জানিয়েছে ক্লাবটি। এর ঘণ্টা খানেক পর স্টোকের ব্রিটানিয়া স্টেডিয়ামের সামনে দাঁড়ানো নিজের একটা ছবি পোস্ট করেছেন লেম্যান। ম্যাচও দেখেছেন, যদিও স্টোক সিটির জন্য ‘পয়া’ প্রমাণিত হননি। ১-০ গোলে যে হারতে হয়েছে স্টোককে। এএফপি।