লেস্টার, আইসল্যান্ড...ইনদিপেন্দিয়েন্তি?

২০১৬ সাল কি ঠিক করে রেখেছে যে, ফুটবলে একের পর এক রূপকথার গল্প লেখা হবে? ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের অবিশ্বাস্য উপাখ্যান লিখল ‘পুঁচকে’ লেস্টার সিটি, মাত্রই শেষ হওয়া ইউরোতে আইসল্যান্ডের ‘ভাইকিংস’ উদ্যাপনের দৃশ্যও এখনো চোখে ভাসে। ইউরোপ থেকে চোখটা দক্ষিণ আমেরিকায় ফেরান, সেখানে নীরবে রূপকথার গল্প লিখে চলেছে একটি ক্লাব—ইনদিপেন্দিয়েন্তি দেল ভায়ে।
ইকুয়েডরের ছোট্ট একটা ক্লাব। মাঠে আসনসংখ্যা মেরেকেটে ৮ হাজার, সেটিরও বড় অংশ এক বছর আগে খালি পড়ে থাকত। নিজ দেশের লিগ এখনো জেতা হয়নি। অথচ এই ক্লাবই কিনা এখন মহাদেশ জয়ের খুব কাছে। আর একটা সিঁড়ি টপকালেই লাতিন আমেরিকার ক্লাব-শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসের শিরোপা!
বাংলাদেশ সময় গতকাল ভোরে কিটোতে ফাইনালের প্রথম লেগ হয়েও গেছে, তাতে কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাসিওনালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইনদিপেন্দিয়েন্তি। ছয় দিন পর দ্বিতীয় লেগ। তাতে জিতলেই শিরোপা তো বটেই, ইতিহাসেও নাম উঠে যাবে ‘লস নেগ্রিয়াজুলসে’র (কালো-নীল, জার্সির সঙ্গে মিল রেখে এই নাম)। ইকুয়েডরের ফুটবল ইতিহাসে তাদের নাম অবশ্য এরই মধ্যে লেখা হয়ে গেছে সোনার অক্ষরে। এর আগে যে দেশটির কোনো ক্লাব মহাদেশীয় প্রতিযোগিতার গ্রুপ পর্বই পেরোতে পারেনি!
ফাইনালের দ্বিতীয় লেগে অবশ্য ন্যাসিওনালই ফেবারিট। ১৫ বারের কলম্বিয়ান লিগ শিরোপাজয়ী দলটি কোপা লিবার্তাদোরেসও জিতেছে একবার (১৯৮৯)। তবে ইনদিপেন্দিয়েন্তির তাতে ভয় কী! নকআউট পর্বের আগের ম্যাচগুলোতে বোকা জুনিয়র্স (সেমিফাইনাল), পুমাস (কোয়ার্টার ফাইনাল), রিভারপ্লেট (শেষ ষোলো)—এই দলগুলোও তো ধারেভারে অনেক এগিয়ে ছিল। তাদের চোখরাঙানি উপেক্ষা করেই তো এত দূর এসেছে ইনদিপেন্দিয়েন্তি।
বাধা হতে পারে আরেকটি ব্যাপারও—খেলাটা মেদেলিনে, অ্যাটলেটিকোর মাঠে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিপক্ষের মাঠে কেবল একটা ম্যাচই জিতেছে ইনদিপেন্দিয়েন্তি। তত দিন পর্যন্ত মনে হচ্ছিল, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার মিটার উচ্চতায় ঘরের মাঠই ইকুয়েডরিয়ানদের মৃগয়াক্ষেত্র। হওয়ারই কথা, ইনদিপেন্দিয়েন্তির মাঠে এসে যে শ্বাস নিতেই সমস্যায় পড়ত দলগুলো। ফুটবল তো পরের কথা।
কিন্তু সেমিফাইনালে ‘শুধু ঘরের মাঠে বাঘ’ সমালোচনাকে মাটিচাপা দিয়ে এসেছে ইনদিপেন্দিয়েন্তি। বোকা জুনিয়র্সের মাঠ বোমবোনেরায় ম্যাচের শুরুতে সেদিন পিছিয়েও পড়েছিল। কিন্তু হার মানেনি। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ঝাঁপিয়ে পড়েছে বিখ্যাত প্রতিপক্ষের ওপর। ফলও এসেছে, আর্জেন্টাইন ক্লাবটির বিপক্ষে জিতেছে ৩-২ গোলে। একই প্রতিজ্ঞার ছাপ ছিল কাল ফাইনালের প্রথম লেগেও। ৩৬ মিনিটে অরলান্দো বেরিওর গোলে পিছিয়ে পড়ে ইনদিপেন্দিয়েন্তি, কিন্তু ৪১ হাজার দর্শকের সমর্থন সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত লড়ে গেছে। আর্তুরো মিনা মেজার গোলে সমতাও ফিরিয়েছে ৮৭ মিনিটে।
একটু ধন্দ লাগছে? ইনদিপেন্দিয়েন্তির মাঠে দর্শক বসতে পারে ৮ হাজার, তাহলে ৪১ হাজার কীভাবে এল? ম্যাচটা ইনদিপেন্দিয়েন্তি খেলেছে ইকুয়েডরের জাতীয় স্টেডিয়াম আতাহুয়ালপাতে। নিজেদের মাঠের ধারণক্ষমতা কম তো! তা ছাড়া ক্ষণটাও তো শুধু ইনদিপেন্দিয়েন্তির নয়, পুরো ইকুয়েডরের। ক্লাব সভাপতির ডাকে সাড়া দিয়ে কাল মাঠে এসেছিলেন ইকুয়েডরের অন্য ক্লাবের সমর্থকেরা।
ইনদিপেন্দিয়েন্তি এমন ‘জাতীয় ঐক্য’ গড়েছিল অবশ্য গত এপ্রিলেও। শেষ ষোলোতে রিভারপ্লেটের সঙ্গে ম্যাচের কিছুদিন আগেই ইকুয়েডরে আঘাত হানে প্রলয়ংকরী ভূমিকম্প। ইনদিপেন্দিয়েন্তি সেদিনও অন্য ক্লাবের সমর্থকদের আহ্বান জানিয়েছিল তাদের মাঠে আসার। মাঠে বেশি দর্শক হলে টিকিট থেকে আয় বাড়ে! টিকিট বিক্রির পুরো টাকাটাই তারা দিয়েছিল ভূমিকম্পদুর্গতদের সাহায্যে।
জীবনের গল্প তো হলো। এবার ফুটবলেও রূপকথা লিখতে চায় ইনদিপেন্দিয়েন্তি। লেস্টারে ক্লদিও রানিয়েরির ‘ডিলি ডং বেল’ আর আইসল্যান্ডিক ‘জলদস্যু’দের হাততালির আওয়াজ শোনা গেছে। এবার তাহলে দক্ষিণ আমেরিকায় ইকুয়েডরিয়ান স্বপ্নের গান শোনার পালা? ডেইলি মেইল।