লেস্টার-রূপকথা হয়ে যেতে পারত শাপেকোয়েন্স-শোকগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপকথা লেখা আইজল এফসি। ছবি: আই-লিগ মিডিয়া
রূপকথা লেখা আইজল এফসি। ছবি: আই-লিগ মিডিয়া

কদিন আগেই ভারতীয় ফুটবলে তারা লিখেছিল ‘লেস্টার-রূপকথা’। আগের মৌসুমে প্রথম বিভাগ থেকে অবনমিত হয়েও আইজল এফসি বেঁচে গিয়েছিল ভাগ্যের ফেরে। অন্য দুটি দল নাম প্রত্যাহার করে নেওয়ায় মিজোরামের দলটির সুযোগ মিলেছিল ভারতের শীর্ষ স্তর ‘আই-লিগে’ খেলার। সেটিই যেন তৈরি করে দিয়েছিল রূপকথার প্লট। ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে লেস্টার সিটির মতো রূপকথা লিখে এবার জিতে নেয় লিগ শিরোপা! 

রূপকথা লেখা ক্লাবটার সময় এখন আনন্দ-উৎসবেই কাটার কথা ছিল। কিন্তু তা আর হচ্ছে কই! আর একটু হলেই যে লেস্টার-রূপকথা থেকে কদিনের মধ্যে শাপেকোয়েনসের মতো একটা শোকগাথাও প্রায় লেখা হয়ে যাচ্ছিল আইজল এফসিকে ঘিরে! তাঁদের টিম বাস পড়েছিল একটা দুর্ঘটনায়। সেটিও কী কারণে? বাসের ড্রাইভারকে একটু তন্দ্রা পেয়েছিল! তবে ভাগ্য ভালো, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গত নভেম্বরে কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের খেলোয়াড়-কোচ-কর্মকর্তাদের বহনকারী বিমানটি কলম্বিয়ায় যাওয়ার পথে ভূপাতিত হয়। তাতে বিমানে থাকা ৭৭ জনের ৭১ জনই প্রাণ হারান, যার মধ্যে শাপেকোয়েনসেরই ছিল ১৯ জন! শিরোপার স্বপ্ন নিয়ে যাওয়া একটা ক্লাব মুহূর্তেই ধ্বংসস্তূপ।
আইজলের খেলোয়াড়দের সৌভাগ্য, তাঁদের গল্পটা এমন মর্মান্তিক হয়নি। নিজেদের শহর থেকে ৪০ কিলোমিটার দূরে লেংপুই বিমানবন্দর থেকে কাটাকের ফ্লাইট ধরার কথা ছিল তাঁদের। রোববার ফেডারেশন কাপের ম্যাচ সেখানে। বিমানবন্দরে যাওয়ার জন্য বাসে চেপেছিলেন আইজলের খেলোয়াড়েরা। কিন্তু মাঝপথেই দুর্ঘটনা!
আইজলের লিগ জয়ের স্বাদটা তাজা থাকতেই সেটি তেতো করে দিল ভারতীয় ফুটবল ফেডারেশনের একটা পরিকল্পনা। আই লিগ ও ইন্ডিয়ান সুপার লিগ দুটি একসঙ্গে করে নিজেদের ফুটবলের কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে ভারত। যেখানে শীর্ষ স্তরে সুপার লিগের সবগুলো দলের পাশাপাশি আই লিগের তিনটি দল থাকবে। কিন্তু সেই বিবেচনায় আইজলের নাম আসেনি। এই মৌসুমে লিগ জিতেও নতুন কাঠামোতে তাঁদের খেলতে হবে দ্বিতীয় স্তরে! এ নিয়ে প্রতিবাদে আমরণ অনশনের ডাক দিয়েছে আইজল। এই সমস্যার সমাধানের আগে আবার ওই দুর্ঘটনা!
সময়টা বড় খারাপই যাচ্ছে আইজলের। সূত্র: ডেকান ক্রনিকল।