লেস্টার লিগও জিততে পারে, মন্তব্য ফার্গুসনের

গত মৌসুমে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে যিনি অবনমন থেকে বাঁচিয়ে দিলেন, সেই নাইজেল পিয়ারসন এবার মৌসুম শুরু হওয়ার আগেই বরখাস্ত। তাঁর জায়গায় এলেন ইতালিয়ান ‘বুড়ো’ কোচ ক্লদিও রানিয়েরি। এবার প্রিমিয়ার লিগ শুরুর আগে লেস্টার সিটিকে তাই বাতিলের খাতায়ই ধরে নিয়েছিলেন সবাই। লিগ থেকে অবনমিত হওয়ার বাজিতেই বরং বিশ্লেষকদের ‘ফেবারিট’ তালিকায় ছিল। অথচ লিগের ১৫ রাউন্ড শেষে সেই লেস্টারই সবার ওপরে!
এখন পর্যন্ত ‘পুঁচকে’ এই দলটির এমন উত্থান বেশ চমক জাগানিয়াই। কিন্তু এভাবে কী লিগের শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে? অ্যালেক্স ফার্গুসনের বিশ্বাস, লেস্টার পারবে। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ বলছেন, মানসম্পন্ন কিছু নতুন খেলোয়াড় দলে যোগ করতে পারলে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নও হতে পারে লেস্টার!
এক দিক থেকে বিবেচনা করলে হিসেবটা সহজই। এখন লিগের ১ নম্বরে আছে, আর ২৩ ম্যাচ এমন পারফরম্যান্স ধরে রাখলেই তো হয়! কিন্তু ফুটবল তো আর এত সরল অঙ্কের মতো হিসেব করে চলে না। অনেক চমক দেখানো ‘ছোট’ দলই তো লিগের মাঝপথে গিয়ে হারিয়ে গেছে।
ছোট দলগুলো মৌসুমের দ্বিতীয় অর্ধে এসে হারিয়ে যায় ভালো একটা স্কোয়াডের অভাবে। বড় ক্লাবগুলোর রিজার্ভ বেঞ্চই এত সমৃদ্ধ থাকে, ঘুরিয়ে ফিরিয়ে খেলানোতে কোনো সমস্যাই হয় না। ফলে ক্লান্তি বা চোট সেভাবে ভোগায়ও না। কিন্তু ছোট দলগুলোতে ভালো খেলোয়াড়ই থাকে মাত্র কজন। এখন পর্যন্ত প্রায় প্রতি ম্যাচেই দলে খুব বেশি পরিবর্তন করছেন না কোচ রানিয়েরিও। এমনিতে ঘনঘন পরিবর্তন আনার জন্য সুখ্যাতি তাঁর। সেই তিনি প্রতি ম্যাচেই প্রায় একই একাদশ খেলাচ্ছেন উপায় না পেয়েই।
এ কারণেই আগামী জানুয়ারির শীতকালীন দলবদলে আরও খেলোয়াড় কেনার পরামর্শ দিচ্ছেন ফার্গুসন। ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কিংবদন্তি কোচ বললেন, ‘লেস্টারের মতো ছোট ক্লাবের জন্য এটা একটা চ্যালেঞ্জ। বর্তমান দল নিয়ে কতটুকু যেতে পারবে তারা? দলটার প্রাণশক্তি বেশ ভালো, গতি আছে, শক্তি আছে। কিন্তু কত দিন থাকবে এটা? পুরো মৌসুম চালিয়ে নেওয়ার মতো সম্পদ কী তাদের আছে?’
ফার্গুসনের পরামর্শ, ‘ওরা (লেস্টার) যেভাবে খেলছে, তাতে লিগ জিততেও পারে। গোল করা নিয়ে কোনো সমস্যা নেই ওদের। এই মুহূর্তে রানিয়েরি একই দল নির্বাচন করতে পারছে, কারণ ওর স্কোয়াড ছোট হলেও বেশ ভালো করছে। তবে যদি লিগ জিততেই হয়, আমার মনে হয় ওদের আরও দলে আরও কিছু নতুন কিছু খেলোয়াড় যোগ করতে হবে। তাহলে বেশ ভালো একটা সুযোগ থাকবে।’
মজার ব্যাপার হচ্ছে, মৌসুমের শুরুতে সাবেক লেস্টার কোচ নাইজেল পিয়ারসন বরখাস্ত হয়েছিলেন এই খেলোয়াড় কেনা নিয়ে মালিকপক্ষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে। রানিয়েরির বেলায় কী মালিকপক্ষ হঠাৎ করে ‘উদার’ হয়ে যাবে? দল যেহেতু ভালো করছে, সে ক্ষেত্রে মালিকপক্ষের কাছে নতুন খেলোয়াড় কেনার জন্য টাকা চাওয়া উচিত বলে মনে করেন ফার্গুসন। অন্তত নিজে লেস্টার কোচ হলে এই মুহূর্তে তাই করতেন বলে জানালেন, ‘রানিয়েরি কী বলছে মালিকদের কাছে? আমি যদি ওঁর জায়গায় হতাম, আমি নিশ্চয়ই বলতাম। কারণ সুযোগটা বেশ বড়।’ তথ্যসূত্র: রয়টার্স।