লেস্টারে এবার টাকার বৃষ্টিও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্কাবৃষ্টি দেখেছেন কখনো? না দেখে থাকলে নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া ‘ইটা আকুয়ারিডস’ নামের উল্কাবৃষ্টি আজ রাতের আকাশেই সবচেয়ে উজ্জ্বল হয়ে দেখা যাওয়ার কথা। লেস্টার সিটির আকাশেও যেন এমন বৃষ্টি চলছে। এক-একটা উল্কা খসে পড়ছে, আর লেস্টার যা চাইছে তা-ই পূরণ হচ্ছে। গৌরব, সুনাম তো আছেই, এর সঙ্গে অর্থযোগও! এমনই যে, আগামী মৌসুমে আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষ ২০ ক্লাবের মধ্যেই ঢুকে যেতে পারে লেস্টার।
যে অবিশ্বাস্য রূপকথা লিখে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল লেস্টার, ফুটবল ইতিহাসেই তেমন গল্প আছে হাতে গোনা কয়েকটি। মাঠের এই অবিশ্বাস্য অর্জন অনূদিত হতে যাচ্ছে লাভ-ক্ষতির হিসাবেও। বিশ্বের অন্যতম প্রধান আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ডেলয়েটের কর্মকর্তা টিম ব্রিজ ভবিষ্যদ্বাণী করেছেন, আগামী মৌসুমে শিরোপা না হোক, শীর্ষস্থানের আশপাশে থাকতে পারলেই আয়ের দিক থেকে শীর্ষ ক্লাবগুলোর পাশে নাম লেখাবে লেস্টার।
স্কাই নিউজকে ব্রিজ বলেছেন, ‘লিগ জেতার কারণে শুধু এ বছরই গত বছরের চেয়ে ৩০-৫০ মিলিয়ন পাউন্ড বেশি পাবে লেস্টার। তার ওপর এখানে বাণিজ্যিক চুক্তিগুলোয় লিগ জেতার জন্য বোনাস পাওয়ার সম্ভাবনা আছেই।’ তবে এই মৌসুম নয়, লেস্টারের অ্যাকাউন্টে অর্থবৃষ্টি শুরু হবে আগামী মৌসুমে। চ্যাম্পিয়নস লিগ থেকে পাওয়া অর্থ যোগ হবে, সঙ্গে ইউরোপে খেলার কারণে স্পনসরদের কাছ থেকে বড় বোনাসও অপেক্ষা করছে। সব মিলিয়ে লেস্টারের আয় হতে পারে প্রায় ১৩০ মিলিয়ন পাউন্ড। সঙ্গে লিগেও ভালো করতে পারলে লেস্টারের অবস্থান কী হবে, সেটির একটা ধারণাও দিলেন ব্রিজ, ‘যদি তেমন কিছু হয়, তাহলে লেস্টারের নাম এসে যাবে আমাদের ডেলয়েট ফুটবল মানি লিগেও, যেখানে বিশ্বজুড়ে আয়ের ভিত্তিতে শীর্ষ ২০ ক্লাব স্থান পায়।’
গত মৌসুমে লিগে অস্তিত্ব টেকাতে লড়তে থাকা দলটির সামনে এখন সুযোগ মাঠের পাশাপাশি লাভ-ক্ষতির হিসাবেও ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে লড়ার। তবে শুধু ক্লাব নয়, লাভবান হচ্ছেন খেলোয়াড়েরাও। ‘দ্য ফক্সেস’-এর মালিক ভিচাই শ্রীভদ্ধনাপ্রভা ক্লাবের প্রত্যেক খেলোয়াড়কে একটি মার্সিডিজ গাড়ি দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন, যার বাজারমূল্য প্রায় ৩২ হাজার পাউন্ড। সঙ্গে বোনাস হিসেবে দল পাবে ৬৫ লাখ পাউন্ড।
তবে শুধু আর্থিক দিক থেকেই লাভ-ক্ষতির হিসাব করার মতো ‘বেরসিক’ নন প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের প্রধান গর্ডন টেলর। সাবেক ইংলিশ ফুটবলার দাবি করে বসেছেন, নাটকীয় এই অর্জনের জন্য লেস্টারের সব খেলোয়াড়কে সম্মানসূচক ‘নাইটহুড’ উপাধি দিয়ে দেওয়া হোক।
দাবিটা মানা হলে ১২ মাস আগেও অখ্যাত নামগুলোর সামনে বসে যেতে পারে ‘স্যার’ উপাধি। এ-ও কি কম রূপকথা! ফক্সস্পোর্টস, গোলডটকম।