লেস্টারের একি দশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকিত সিদ্ধান্তে ৩০ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল! লিভারপুলকে স্তম্ভিত করে দেওয়া সেই গোলের পর চেলসির ডেভিড লুইজের উদ্‌যাপন হলো দেখার মতো। পরশু অ্যানফিল্ডে l এএফপি
চকিত সিদ্ধান্তে ৩০ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল! লিভারপুলকে স্তম্ভিত করে দেওয়া সেই গোলের পর চেলসির ডেভিড লুইজের উদ্‌যাপন হলো দেখার মতো। পরশু অ্যানফিল্ডে l এএফপি

২০১৫-১৬ মৌসুম: ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট। পয়েন্ট তালিকায় প্রথম।
২০১৬-১৭ মৌসুম: ২৩ ম্যাচে ২১ পয়েন্ট। পয়েন্ট তালিকায় ১৬তম।
ক্যালেন্ডারের মাত্র ১২টি পাতা উল্টেছে। এক জানুয়ারি থেকে আরেক জানুয়ারি। কিন্তু লেস্টার সিটির কাছে এটিকে মনে হতে পারে মহাকালের ব্যবধান। ওপরের পরিসংখ্যান দুটি ক্লদিও রানিয়েরির দলের। গত মৌসুমে রূপকথা লেখা দলটি এবার লিগে হাবুডুবু খাচ্ছে। এমনই অবস্থা, অবনমন অঞ্চল থেকে মাত্রই দুই ধাপ ও দুই পয়েন্ট ওপরে আছে লেস্টার।
ভার্ডি-মাহরেজরা হেরেছেন গত পরশুও। শেষ মুহূর্তে ‘বিতর্কিত’ গোল খেয়ে বার্নলির মাঠে হেরেছে ১-০ গোলে। দিনের সবচেয়ে বড় ম্যাচে লিভারপুলের মাঠে ১-১ গোলে ড্র করেছে চেলসি। আর আর্সেনাল ঘরের মাঠে ২-১ গোলে হেরে গেছে ওয়াটফোর্ডের কাছে!
এই মৌসুমের রেকর্ড বিবেচনা করে অবশ্য ম্যাচের আগেই বলে দেওয়া যাচ্ছিল, লেস্টার হারবে। প্রতিপক্ষ বার্নলি এই মৌসুমে সব মিলিয়ে ২৯ পয়েন্ট পেয়েছে, তার ২৮-ই ঘরের মাঠে (টার্ফ মুর)। আর লেস্টার? পরের মাঠে মৌসুমে একটা ম্যাচও জেতেনি, সাকল্যে ড্র-ই তিনটি!
পরশুর হার নিয়ে অবশ্য বিতর্ক আছে। ৮৭ মিনিটে বার্নলি স্ট্রাইকার স্যাম ভোকস গোল করার আগে বল তাঁর হাতে লেগেছিল। এ নিয়ে লেস্টার কোচ রানিয়েরিও ক্ষোভ ঝাড়লেন ম্যাচের পর, বিবিসিকে বলেছেন, ‘এটা হ্যান্ডবল ছিল। সবাই দেখেছে, শুধু রেফারিই দেখেননি। এই মুহূর্তে সবই আমাদের বিপক্ষে যাচ্ছে।’
পরশু অ্যানফিল্ডেও ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে এক জোড়া হাত—সিমোন মিনিওলেতের। প্রথমার্ধে তাঁর হাস্যকর ভুলেই গোল খেয়েছে লিভারপুল, তবে ম্যাচ ১-১ ড্র থাকা অবস্থায় ডিয়েগো কস্তার পেনাল্টি ঠেকিয়ে ‘নায়ক’ও বনে যান বেলজিয়ান গোলকিপার।
শুধু মিনিওলেতের ভুল বললে অবশ্য ডেভিড লুইজের দ্রুত চিন্তার ক্ষমতাকে খাটো করে দেখানো হয়। ২৪ মিনিটে লিভারপুলের রক্ষণ ও গোলকিপারকে অপ্রস্তুত অবস্থায় রেখে দুর্দান্ত বাঁকানো শট নেন চেলসি ডিফেন্ডার, যা পোস্টের ভেতরের দিকে লেগে চলে যায় জালে! মিনিওলেত তখনো নিজেদের রক্ষণদেয়াল ঠিক করতেই ব্যস্ত ছিলেন। ম্যাচের পর দাবিও করলেন, ‘রেফারির বাঁশি তিনি শোনেননি।’ তবে শুনলেও এমন ফ্রি-কিক ঠেকানো সম্ভব হতো কি না, সংশয় আছে।
ম্যাচজুড়ে দাপট ছিল লিভারপুলেরই। ঘরের মাঠে আগের তিন ম্যাচেই হেরেছিলেন কুতিনহো-ফিরমিনোরা। পরশুও হারলে ১৯২৩ সালের পর প্রথম অ্যানফিল্ডে টানা চার হারের হতাশা নিয়ে ফিরতে হতো। তা হয়নি ৫৭ মিনিটে মিডফিল্ডার জর্জিনিও ভাইনালডামের হেডে। দুই অর্ধে রবার্তো ফিরমিনো দুটি সহজ সুযোগ নষ্ট না করলে জিততেও পারত।
এই ড্রয়ে লিভারপুল (৪৬ পয়েন্ট) চারে আছে। পরশু আর্সেনালের হার ও টটেনহামের ড্রতে (দুই দলেরই ৪৭ পয়েন্ট) তাদের সেরা চারে থাকার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। তবে লাভ বেশি হলো শীর্ষে থাকা চেলসিরই, দুইয়ে থাকা টটেনহামের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে গেছে আন্তোনিও কন্তের দল। রয়টার্স, বিবিসি।