লেস্টারের দুঃস্বপ্ন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বেশি না, মাত্র পাঁচ মাস কেটেছে। কিন্তু লেস্টার সিটির কাছে রূপকথার ওই শিরোপা জয়টা এখন মনে হতে পারে কত আগের কথা। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যে এবার প্রায় প্রতি ম্যাচেই হোঁচট খাচ্ছে। কাল চেলসির কাছে ৩-০ গোলে হারের পর এখন শিরোপা ধরে রাখা দূরে থাক, অবনমনের সঙ্গেই লড়াই করতে হতে পারে। আর আন্তোনিও কন্তের কাছে এই জয়টা অনেক স্বস্তির।

ক্লদিও রানিয়েরিকে এখন অনেক কিছুর জবাব খুঁজতে হচ্ছে। আগের মৌসুমের শিরোপা জয়টা ‘ফ্লুক’ হতে পারে, তাই বলে এভাবে আত্মসমর্পণ করবে লেস্টার? এই মৌসুমে নিজেদের আট ম্যাচের মাত্র দুটি জয়। রানিয়েরি এমনটা কি কল্পনা করতে পেরেছিলেন? লেস্টার কোচ স্বীকার করে নিলেন, ‘আমরা অনেক ভুল করেছি। চেলসিতে এসে সর্বোচ্চ মনোযোগই দিতে হতো। আমরা সেটা পারিনি। হয়তো আমরা একটু স্নায়ুচাপে ভুগছিলাম।’

চেলসির জন্য এই জয়টা একটু আবেগঘনও। গত সপ্তাহেই মাকে হারিয়েছেন চেলসি উইঙ্গার উইলিয়ান। ব্রাজিলে উড়ে যাওয়ায় কাল মাঠে নামতে পারেননি। তবে সতীর্থরা তাঁকে ভোলেননি। ডিয়েগো কস্তা ও এডেন হ্যাজার্ড গোল করার পর ‘ডব্লু’ ভঙ্গিতে মনে করিয়ে দিয়েছেন, উইলিয়ানের পাশেই আছেন তাঁরা। পরে হ্যাজার্ড মনে করিয়ে দিয়েছেন, ‘আমাদের উদ্‌যাপনটা ছিল উইলির জন্য। সে তার মাকে হারিয়েছে। কিন্তু আমরা ওর পাশেই আছি। আশা করি সে এই শোক সামলে ফিরে আসবে।’ চেলসির তৃতীয় গোলটি করেছেন ভিক্টর মোসেস।

ইংলিশ প্রিমিয়ার লিগে পরের ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি ও এভারটন। রোমেলু লুকাকুর গোলে ৬৪ মিনিটে এগিয়ে গিয়েছিল অতিথি এভারটনই। নলিতোর ৭২ মিনিটের গোলে সমতা ফেরায় সিটি। তবে ম্যাচে কারা আসলে পয়েন্ট খুইয়েছে, বুঝে নিতে পারেন একটি তথ্যেই। পেনাল্টি থেকে গোল করতে পারেননি সিটির ডি ব্রুইন ও সার্জিও আগুয়েরো! অন্যলোকে বসে এতে হয়তো মৃদু হেসেছেন ইয়োহান ক্রুইফ। মৌসুমের প্রথম লড়াইয়ে তাঁর দুই শিষ্য পেপ গার্দিওলা ও রোনাল্ড কোম্যান রইলেন সমানে সমান! সূত্র: এএফপি ও স্টার স্পোর্টস।

এক নজরে ফল

               চেলসি ৩       :  ০ লেস্টার

               ম্যান সিটি     ১:  ১ এভারটন

               আর্সেনাল      ৩: ২ সোয়ানসি

               অ্যাটলেটিকো ৭:  ১ গ্রানাডা

               বার্সেলোনা    ৪:  ০ দেপোর্তিভো

               ফ্রাঙ্কফুর্ট       ২:  ২ বায়ার্ন