লেস্টারের পেনাল্টি-হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনাল্টিটা ঠিক ছিল কি না, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু গোলের উদ্‌যাপনে আঁতোয়ান গ্রিজমানের তা নিয়ে ভাবতে বয়েই গেছে! l রয়টার্স
পেনাল্টিটা ঠিক ছিল কি না, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু গোলের উদ্‌যাপনে আঁতোয়ান গ্রিজমানের তা নিয়ে ভাবতে বয়েই গেছে! l রয়টার্স

একটা লম্বা থ্রো। একটা প্রতি-আক্রমণ। রেফারির একটা ভুল। একটা গোল!
ব্যস, লেস্টার সিটি আর অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে পার্থক্য গড়ে দিল এই একটা মুহূর্তই। অ্যাটলেটিকোর মাঠে পরশু বিতর্কিত পেনাল্টিতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা ১-০ ব্যবধানে হেরেছে লেস্টার। কিন্তু গত মৌসুমে ইংলিশ রূপকথা লেখা দলটির প্রথম চ্যাম্পিয়নস লিগের দৌড়টা আরও এগিয়ে নেওয়ার সম্ভাবনা অবশ্য এখনো মুছে যায়নি। গোল ব্যবধান মাত্র ১, তার ওপর আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগ লেস্টার খেলবে ঘরের মাঠে।
স্কোরলাইন ১-০, তবে লেস্টারের সঙ্গে নিজেদের তফাতটা বুঝিয়ে দিয়ে পুরো ম্যাচে আক্রমণ করে গেছে অ্যাটলেটিকো। কিন্তু দিন শেষে সেটির ফল? ২৮ মিনিটে পেনাল্টি থেকে আঁতোয়ান গ্রিজমানের ওই গোল। এতেই হতাশ অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে, ‘হয়তো নিখুঁত ফিনিশিংটা আমাদের ছিল না। ১-০ হয়ে যাওয়ার পর লেস্টার ভালো ডিফেন্ড করেছে। ওরা দ্বিতীয় লেগের ওপরই বাজি ধরছে।’
লেস্টার কোচ ক্রেইগ শেক্সপিয়ারও হতাশ। দল হেরেছে বলে নয়, হারটা গোলের ধরনের কারণে! থ্রো-ইন থেকে নিজেদের অর্ধে বল পেয়ে এক দৌড়ে গ্রিজমান চলে আসেন লেস্টার বক্সের সামনে। অ্যাটলেটিকো ফরোয়ার্ডকে যেখানে ফেলে দেন লেস্টারের মার্ক অলব্রাইটন, সেটি ছিল বক্সের ঠিক বাইরে। কিন্তু রেফারি দেন পেনাল্টির বাঁশি। শেক্সপিয়ারের কষ্ট এটিই, ‘আমার মনে হয় আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। ম্যাচের অনেক বড় সিদ্ধান্তের একটি ছিল সেটি। ফাউল ছিল ঠিকই, কিন্তু সেটি বক্সের বাইরে।’ এএফপি।