লেস্টারের লজ্জার রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেস্টার সিটি আর সেই লেস্টার সিটি নেই। বদলে গেছে।
দুর্ভাগ্যজনকভাবে বদলটা মোটেও ভালো কিছু হয়নি। গত মৌসুমে প্রিমিয়ার লিগে একের পর এক দুর্দান্ত কীর্তি গড়া ক্লদিও রানিয়েরির দলটিই এবার যেন পপাত ধরণিতল। লিগে ১৬টি ম্যাচ খেলেছে, ঘরের মাঠে আটটি, পরের মাঠেও তা-ই। এরই মধ্যে একটা লজ্জার রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছেন ভার্ডি-মাহরেজরা।
পরশু লিগে বোর্নমাউথের মাঠে ১-০ গোলে হেরেছে লেস্টার। এ ম্যাচটি নিয়ে প্রতিপক্ষের মাঠে আটটি ম্যাচ খেলল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা, তাতে অর্জন বলতে টটেনহামের মাঠে ড্র করে পাওয়া একটি পয়েন্ট। প্রিমিয়ার লিগের কোনো শিরোপাজয়ী দলের জন্য যা সর্বনিম্ন। অথচ আগের ম্যাচেই ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছিল লেস্টার। কিন্তু মৌসুমে এখনো টানা দুই ম্যাচে জয়ের দেখা না পাওয়ার ধারাটা ধরে রাখল পরশুও। হার মেনেছে ৩৪ মিনিটে মার্ক পিউর দেওয়া গোলে।
পরশু হেরেছে আর্সেনালও। টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকার পর পরশু লিগে আর্সেন ওয়েঙ্গারের দল হেরেছে এভারটনের মাঠে। জিতলে অন্তত এক দিনের জন্য লিগ শীর্ষে উঠত আর্সেনাল, ২০ মিনিটে ফ্রি-কিক থেকে অ্যালেক্সিস সানচেজের গোলে সেটির আশাও দেখছিল। কিন্তু ৪৪ মিনিটে শিমাস কোলম্যান সমতা ফেরানোর পর ৮৬ মিনিটে এভারটনের পক্ষে জয়সূচক গোল দেন ডিফেন্ডার অ্যাশলি উইলিয়ামস। এএফপি, গোলডটকম।