লেস্টারের শেক্সপিয়ার-কাব্য
রানিয়েরি-উপাখ্যান শেষেই কি তবে লেস্টার সিটিতে শুরু হলো শেক্সপিয়ারের কাব্য!
রূপকথা লেখা ইতালিয়ান কোচ ক্লাব থেকে বরখাস্ত হয়েছেন গত বৃহস্পতিবার, তার চার দিন পরই পরশু ঘরের মাঠে খেলতে নেমে গেল লেস্টার। ডাগআউটে রানিয়েরির জায়গাটায় আপাতত ক্লাবেরই সহকারী কোচ ক্রেইগ শেক্সপিয়ার। নামের শেষটায় কিংবদন্তি ইংলিশ কবি ও নাট্যকারের সঙ্গে মিল আছে। তবে শেক্সপিয়ারের দল পরশু ট্র্যাজেডি নয়, লিখল আনন্দের কাব্য। খেলল গত মৌসুমের চ্যাম্পিয়নের মতো করে, তাতে লিভারপুল উড়ে গেল ৩-১ গোলে!
ফুটবলে এই ব্যাপারটা খুব হয়, এক কোচের অধীনে জঘন্য খেলতে থাকা দলটিই কোচ বদলের পর হয়ে যায় অন্য রকম। লেস্টারের বেলায় তেমন কিছু হওয়ার সম্ভাবনা আরও বেশিই ছিল। গত মৌসুমের চ্যাম্পিয়ন দলটির খেলোয়াড়েরা তো প্রায় সবাই-ই আছেন, শুধু খেলতে পারছিলেন না চ্যাম্পিয়নের মতো করে। লিগে আগের পাঁচ ম্যাচে ছিল জয়হীন, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একমাত্র দল, যারা ২০১৭ সালে একটি গোলও করতে পারেনি!
কারও চোখে সেটি ‘চ্যাম্পিয়ন’ ট্যাগের হাত ধরে আসা চাপ সামলাতে না পারার পরিণতি, কারও চোখে কোচের সঙ্গে খেলোয়াড়দের মতপার্থক্যের ফল। রানিয়েরির বরখাস্ত হওয়ার পেছনে ভার্ডি-স্মাইকেলদের প্রভাবেরও গুঞ্জনও জোর বাতাস পেয়েছে। রানিয়েরি চলে গেলেন, লেস্টারও পরশু নতুন কোচের অধীনে ফিরল চ্যাম্পিয়ন মুডে। ফেরালেন ভার্ডিই, জোড়া গোল করে।
৪-৪-২ ফরম্যাশনে ফেরা লেস্টারের হয়ে মিডফিল্ডে উইলফ্রায়েড এনদিদি খেলেছেন দুর্দান্ত। আর প্রতিপক্ষের শেষ ডিফেন্ডারের ঘাড়ে নিশ্বাস নিতে থাকা ভার্ডি কতটা ভয়ংকর, সেটি গত মৌসুমের দলগুলোর মতো পরশু টের পেল লিভারপুলও। ৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে চোখে লেগে থাকার মতো এক ভলিতে লেস্টারের দ্বিতীয় গোলটি করেছেন ড্যানি ড্রিঙ্কওয়াটার, এর আগে-পরে দুই অর্ধে দুটি গোল করেছেন ভার্ডি। ২৮ মিনিটে প্রথমটি মিডফিল্ড থেকে ড্রিঙ্কওয়াটারের দুর্দান্ত থ্রু ধরে, ৬০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয়টি কর্নার থেকে হেডে। ৬৮ মিনিটে ফিলিপ কুতিনহোর গোলটা লিভারপুলের একটু আশা জাগিয়েছে, এই যা।
দলের এমন পারফরম্যান্স ভার্ডির চোখে—সংবাদমাধ্যমকে পাল্টা জবাব! রানিয়েরি বরখাস্ত হওয়ার পেছনে খেলোয়াড়দের হাত থাকার প্রসঙ্গে ম্যাচ শেষে ইংলিশ স্ট্রাইকার বলেন, ‘যা ঘটেছে, তা নিয়ে সংবাদমাধ্যমে অন্যায্য অনেক কথা শুনতে হয়েছে আমাদের। তবে আপনারা দেখেছেন খেলোয়াড়েরা সবাই প্রতিক্রিয়া দেখাতে মুখিয়ে ছিল।’
এই জয়ে ২৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ১৫তম স্থানে উঠে এসেছে লেস্টার। তবে হেরে লিভারপুল পড়েছে বিপদে। জিতলে তালিকার তিনে উঠে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু এখন ২৬ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইয়ুর্গেন ক্লপের দল, সেরা চারের প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ম্যাচও খেলেছে একটি বেশি। ক্লপের তো ক্ষুব্ধ হওয়ারই কথা, ‘আমরা জানতাম লেস্টার কীভাবে খেলবে, ওদের মূল ধরনে ফিরে যাবে। কিন্তু আমরা ওদের গত বছরের লেস্টার হতে দিয়েছি, এটা আমাদের দোষ!’
লেস্টারের গুণও কি নয়? এএফপি।