লেস্টারের স্টেডিয়াম রানিয়েরির নামে চান মরিনহো

খবরটা শোনার পর থেকে তাঁকেই সবচেয়ে আবেগাপ্লুত মনে হয়েছে। লেস্টার সিটি ক্লদিও রানিয়েরিকে বরখাস্ত করেছে—এটা শুনে আর চুপ থাকতে পারেননি হোসে মরিনহো। তাৎক্ষণিক প্রতিক্রিয়াতেই বোঝা গেছে তাঁর আবেগটা। গতকাল ম্যানচেস্টার ইউনাইটেড কোচের সাপ্তাহিক সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটা উঠেছে। সেখানেও আরও একবার আবেগাপ্লুত হয়ে গেছেন মরিনহো। বলেছেন, লেস্টারের উচিত ওদের স্টেডিয়ামের নামটা বদলে রানিয়েরির নামে রাখা।
রূপকথা লিখে ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করা লেস্টার সিটি চলতি মৌসুমের ব্যর্থতার দায়ে বরখাস্ত করেছে ক্লাব-কিংবদন্তিতে রূপ নেওয়া কোচ ক্লদিও রানিয়েরিকে। ইতিহাস গড়ার নয় মাসের মধ্যেই এভাবে বিদায় নিতে হবে, ভাবেননি রানিয়েরিও। নিজের আবেগটা না লুকিয়েই তাই বলেছেন, ‘গতকাল আমার স্বপ্নের মৃত্যু হয়েছে। আগের মৌসুমের শিরোপা জেতার পর ভেবেছিলাম, যে ক্লাবকে আমি এত ভালোবাসি সেখানেই অনেক দিন থেকে যাব। দুঃখের বিষয় সেটা আর হচ্ছে না।’
খবর শুনে মরিনহো গতকালই ইনস্টাগ্রামে রানিয়েরির সঙ্গে নিজের একটা ছবি দিয়ে লিখেছেন, ‘ইংল্যান্ডের চ্যাম্পিয়ন, ফিফার বর্ষসেরা কোচ...এখন বরখাস্ত। ফুটবলের নতুন ধ্যানধারণা এমনই, ক্লদিও। তবু হাসিটা ধরে রেখো বন্ধু। তুমি যে ইতিহাস লিখেছ, সেটি কেউই কখনো মুছতে পারবে না।’
কাল ওল্ড ট্রাফোর্ডে সংবাদ সম্মেলনে আরও একবার রানিয়েরির প্রতি নিজের ভালোবাসাটা প্রকাশ করলেন, ‘ক্লদিও যা করেছে, সেটা কেউই মুছে ফেলতে পারবে না। গত মৌসুমে আমিও বরখাস্ত হয়েছিলাম, ওটাও একটা নেতিবাচক ব্যাপার ছিল। কিন্তু ক্লদিওর তুলনায় ওটা কিছুই না। এটা শুধু ফুটবলে নয়, পৃথিবীটাই এমন হয়ে গেছে। কিছু নৈতিকতা হারিয়ে যাচ্ছে।’
বরখাস্ত করলেও লেস্টার রানিয়েরিকে অন্য একভাবে সম্মান জানাতে পারে বলে মনে করেন মরিনহো, ‘লেস্টারের স্টেডিয়ামটার নামই বদলে ওর নামে রাখা উচিত—ক্লদিও রানিয়েরি স্টেডিয়াম।’
কথা হচ্ছে, লেস্টার সিটি কর্তৃপক্ষ কি মরিনহোর কথা শুনে বদলাবে কিং পাওয়ার স্টেডিয়ামের নাম?