
প্রতিটি বড় ম্যাচের আগে প্রশ্ন ওঠে, এবার কি পারবে লেস্টার সিটি? নাকি এখানেই থামবে তাদের স্বপ্নযাত্রা? প্রায় প্রতিবারই সেই প্রশ্নের দারুণ জবাব দিয়েছে ক্লদিও রানিয়েরির দল। এর আগে নিজের মাঠে চেলসিকে হারিয়েছে তারা, দুই ম্যাচের একটিতে হারিয়েছে লিভারপুলকেও, ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। জবাবটা কালও দিল লেস্টার। এবার ম্যানচেস্টার সিটির মাঠে প্রতিপক্ষ সিটি, লেস্টারের জয়ের ব্যবধান ৩-১! ক্লদিও রানিয়েরির দল বুঝিয়ে দিল, তাদের স্বপ্নযাত্রা শিগগিরই থামছে না।
আগামী মৌসুমে কোচ হয়ে আসছেন পেপ গার্দিওলা—এই খবরটাই সিটির খেলোয়াড়দের মনোযোগ খেলা থেকে সরিয়ে দিল কিনা সেই প্রশ্ন তুলতে পারে কালকের ম্যাচটি। নইলে প্রিমিয়ার লিগ বলুন কিংবা লিগ কাপ, ভালোই তো খেলছিল ম্যানুয়েল পেলেগ্রিনির দল। সব ধরনের প্রতিযোগিতায় কালকের আগে সর্বশেষ ১১ ম্যাচে মাত্র ১টি হার! ৭টি জয়ের পাশাপাশি ড্র ৩টি ম্যাচে। সেই দলটারই নিজের মাঠে একি দশা!
নাকি সিটি তাদের খেলাটাই খেলেছে, লেস্টার বরং অতিরিক্ত ভালো খেলে ফেলেছে? সংখ্যাগরিষ্ঠের মত হতে পারে এমনটাই। ৩ মিনিটেই জার্মান ডিফেন্ডার রবার্ট হুথের গোলে এগিয়ে যাওয়া। এবারের লিগে এই নিয়ে ১৬ বার ম্যাচে প্রতিপক্ষের আগে গোল করল লেস্টার, যা অন্য কোনো দল পারেনি। ওই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছিল লেস্টার। প্রিমিয়ার লিগে সর্বশেষ যে ৮টি ম্যাচে প্রথমার্ধ শেষে লেস্টার এগিয়ে ছিল, সেগুলোর একটিতেও তারা হারেনি।
এই সত্যটাই যেন বিরতির পর আরও তাতিয়ে দিল লেস্টার সিটিকে। দ্বিতীয়ার্ধে মাঠের নামার মিনিট তিনেকের মধ্যে দুর্দান্ত প্রতি-আক্রমণ থেকে ব্যবধান ২-০ করলেন আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ। লিগে এ নিয়ে ১৪ গোল হলো মাহরেজের, গোলে সহায়তা ১০টি। প্রিমিয়ার লিগে আর কেউ এ মৌসুমে গোল ও অ্যাসিস্ট দুটিতেই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ইতিহাদে সিটি সমর্থকেরা যেন বিশ্বাস করতে পারছিলেন না কী হচ্ছে এসব!
লেস্টার-জাদুর অবশ্য তখনো আরও বাকি। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করে ইতিহাদে সিটি সমর্থকদের প্রায় স্তব্ধ করে দেন হুথ। এরপর এই ম্যাচে ফিরে আসা কঠিনই ছিল সিটির জন্য। সেটা তারা পারেনি। ৮৭ মিনিটে
সার্জিও আগুয়েরো একটা গোল করে হারের ব্যবধান যা একটু কমিয়েছেন!
এই জয়ে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষেই রইল লেস্টার। সমান ম্যাচে সিটির পয়েন্ট ৪৭। প্রিমিয়ার লিগে শিরোপাও কি এই হারে অনেকটা দূরে সরে গেল সিটির? স্টার স্পোর্টস।
এক নজরে ফল
লিভারপুল ২ : ২ সান্ডারল্যান্ড
স্টোক ০ : ৩ এভারটন
টটেনহাম ১ : ০ ওয়াটফোর্ড
ম্যান সিটি ১ : ৩ লেস্টার
অ্যাটলেটিকো ৩ : ১ এইবার
হার্থা ০ : ০ ডর্টমুন্ড
শালকে ৩ : ০ ভলফসবুর্গ
মোনাকো ১ : ০ নিস
* প্রথমে স্বাগতিক দল।