লেস্টারের 'হ্যালো, ইউরোপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্ডারল্যান্ডের স্টেডিয়াম অব লাইটসে ম্যাচটি তখন শেষ হয়েছে মাত্র। নীল জার্সি গায়ে লেস্টার সিটির খেলোয়াড়েরা উদ্‌যাপনে মেতে উঠলেন। বলা বাহুল্য, পরশু রাতের সেই উদ্‌যাপনের মধ্যমণি ৯ নম্বর জার্সির জেমি ভার্ডি। তাঁর ২ গোলেই যে দলের জয়।

এই উদ্‌যাপন, এই উচ্ছ্বাসের মধ্যেই ডাগ-আউটে একা দাঁড়িয়ে ক্লদিও রানিয়েরি। তাকিয়ে তাকিয়ে খেলোয়াড়দের আনন্দ দেখছেন, মৃদু হাততালিতে উৎসাহিত করছেন। টেলিভিশন ক্যামেরা জুম করে যখন তাঁর মুখটা ধরল, একটু বিস্মিত হতে হলো। একি, রানিয়েরি যে কাঁদছেন! গাল বেয়ে গড়াতে থাকা অশ্রু দূর থেকে বোঝা যায়নি।

 দুঃখের নয়, এ কান্না আনন্দের! লেস্টার সিটির আনন্দেরই রাত ছিল এটি। গত মৌসুমে ঠিক এই সময় যে দলটি প্রিমিয়ার লিগে অবনমন ঠেকাতে প্রাণপণে লড়ছিল, তারাই এবার এ সময়টায় অন্তত চতুর্থ স্থানে থাকা নিশ্চিত করে ফেলল। তাতে নিশ্চিত ইউরোপের সবচেয়ে অভিজাত চ্যাম্পিয়নস লিগে খেলাও। আর দুটি ম্যাচ জিতলে প্রিমিয়ার লিগের শিরোপাও হাতে উঠবে। সে হবে আরও বড় ইতিহাস। ওটা পরের ব্যাপার। তবে পরশুর রাতটাও তো ইতিহাসে তুলে নিল লেস্টারকে।

ডাগ-আউটে দাঁড়ানো ‘বুড়োর’ বয়স ৬৪ হয়ে গেছে। ১৩ বছরের খেলোয়াড়ি জীবন, ৩০ বছরের কোচিং ক্যারিয়ার। কিন্তু ম্যাচের পরের প্রতিক্রিয়ায় সেই রানিয়েরি এমন আবেগাপ্লুত, যেন কোনো নতুন কোচ ক্যারিয়ারের প্রথম ম্যাচ জিতেছেন। কাঁপা কাঁপা গলায় বললেন, ‘আসলে ভেতরে কেমন লাগছে সেটা বোঝাতে পারব না। আমি আবেগটা লুকিয়ে রাখারও চেষ্টা করছি না। আমরা যখন লেস্টার থেকে এখানে এলাম ম্যাচটা খেলার জন্য, বাস থেকেই দেখছিলাম, শত শত সমর্থক লেস্টারের জার্সি পরে চলে এসেছে। কী যে ভালো লাগছিল, বোঝাতে পারব না। মনে হচ্ছিল, গোটা লেস্টার শহরটাই এখানে চলে এসেছে।’

৩৩ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লেস্টারের পয়েন্ট হলো ৭২। এ মুহূর্তে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩২ ম্যাচ শেষে ৫৩। ইউনাইটেডের আর ৬টি ম্যাচ বাকি যেখান থেকে তারা সর্বোচ্চ ১৮ পয়েন্ট পেতে পারে। কিন্তু লেস্টারের সঙ্গে এখন তাদের ব্যবধানই ১৯ পয়েন্টের। সুতরাং আর যা-ই হোক, লেস্টার অন্তত চতুর্থ স্থান পাওয়াটা নিশ্চিত। আর চতুর্থ হওয়া মানেই তো চ্যাম্পিয়নস লিগ! কাল সকালে লেস্টারের অফিশিয়াল টুইটার থেকে চ্যাম্পিয়নস লিগের একটা লোগোর ছবিসহ টুইট করা হলো, ‘হ্যালো, ইউরোপ!’ ঠিকই তো, লেস্টার সিটিকে নতুন করে স্বাগত জানাতে প্রস্তুত ইউরোপ। 

ইউরোপে খেলার অভিজ্ঞতা একেবারে নতুন নয় লেস্টারের জন্য। ১৯৬১-৬২ মৌসুমে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপে খেলেছে তারা। ১৯৯৭-৯৮ সালে খেলেছে উয়েফা কাপে। এরপর ২০০০-০১ সালে একই টুর্নামেন্টে আরও একবার। তবে কোনোবারই প্রথম রাউন্ড পেরোতে পারেনি লেস্টার। সেই জায়গা থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ, অসাধারণ অর্জন বৈকি!

স্বপ্নটা এভাবে সত্যি হতে যাচ্ছে ভেবে রানিয়েরি রোমাঞ্চিত, ‘অবিশ্বাস্য। একবার ভাবুন তো বার্সেলোনা আমাদের মাঠে খেলতে আসছে। আমাদের সমর্থকেরা প্রথমবারের মতো নিজেদের মাঠে বসে মেসি-নেইমারদের দেখবে। আমরা তাদের বিপক্ষে খেলব। অবিশ্বাস্য! আমি এই অনুভূতিটা পেতে চাই।’

সত্যিই তো, এই অনুভূতির কি আসলেই তুলনা হয়! তথ্যসূত্র: স্কাই স্পোর্টস, মিরর।

পুরো নাম

লেস্টার সিটি ফুটবল ক্লাব

ডাকনাম

দ্য ফক্সেস

প্রতিষ্ঠাকাল

১৮৮৪

মাঠ

কিং পাওয়ার স্টেডিয়াম