লোডভিক ডি ক্রুইফ আজ আসছেন
গত ৩ সেপ্টেম্বর পার্থে বাংলাদেশের ডাগ-আউটে সর্বশেষ দাঁড়িয়েছিলেন লোডভিক ডি ক্রুইফ। বিশ্বকাপ বাছাইয়ের সেই অ্যাওয়ে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর ক্রুইফকে সরিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একে একে ইতালির ফাবিও লোপেজ, দেশের মারুফুল হক, স্পেনের গঞ্জালো মোরেনোকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছিল। কিন্তু পরিস্থিতি তাতে বদলায়নি, বাংলাদেশ সেই ব্যর্থতার বৃত্তেই থেকে গেছে।
অবশেষে আবারও ডেকে আনা হয়েছে লোডভিক ডি ক্রুইফকে। আগামী জুনে তাজিকিস্তানের সঙ্গে এশিয়ান কাপের প্লে-অফের দায়িত্ব নিতে আজ ঢাকায় আসছেন এই ডাচ কোচ। তাঁর সঙ্গে একই ফ্লাইটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডার জামাল ভূঁইয়াও। ২ জুন দুশানবেতে বাংলাদেশ খেলবে তাজিকিস্তানের সঙ্গে। ২৯ মে দলের দুশানবে-যাত্রা। ফিরতি ম্যাচ ঢাকায়, ৭ জুন।
১১ মে থেকে জাতীয় দলের অনুশীলন শুরু করে দিয়েছেন সাইফুল বারী টিটু, ডি ক্রুইফ এসে ব্যাটনটা নেবেন তাঁর হাত থেকে। ক্রুইফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেই এই কদিন প্রস্তুতি চালিয়ে গেছেন টিটু। দলের মিডফিল্ডার মামুনুলসহ চারজন শৃঙ্খলা ভঙ্গের শাস্তি পেয়ে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি ক্ষমা চেয়ে আবার দলে ফিরে অনুশীলন শুরু করেছেন মামুনুল ও সোহেল রানা। কিন্তু তাঁদের ফিটনেস নিয়ে বেশ চিন্তিত টিটু, ‘মামুনুল এ মুহূর্তে ম্যাচ ফিট না। কিছুদিন নিয়মতান্ত্রিক অনুশীলনের বাইরে থেকে ওজন কিছুটা বাড়িয়ে ফেলেছে। তবে আশা করি সমস্যা হবে না।’ পরে যোগ করলেন, ‘ডি ক্রুইফ এসে মামুনুলকে বাড়তি কিছু করতে বলবেন। স্কিল লেভেল নিয়ে মাথাব্যথার কারণ নেই। ওর সেসব ঠিকই আছে।’