লোপেজের গোল না খাওয়ার মন্ত্র

বঙ্গবন্ধু স্টেডিয়ামে গত ১৬ জুন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের কোচ ছিলেন লোডভিক ডি ক্রুইফ। বাংলাদেশ ১২ নভেম্বর তাজিকিস্তানে খেলবে ফিরতি ম্যাচ, ডাগ-আউটে থাকবেন নতুন কোচ ফাবিও লোপেজ। কোচ বদলেছে, তবে বাংলাদেশ দলের প্রত্যাশাটা খুব একটা বদলাচ্ছে না। লোপেজের কাছে ড্র-ই বাস্তবসম্মত প্রত্যাশা।
আক্রমণ নয়, গত কয়েক দিনের অনুশীলনে রক্ষণ নিয়েই বেশি কাজ করছেন এই ইতালিয়ান কোচ। তাজিকদের জন্য বাংলাদেশের জালে গোল দেওয়াটা কঠিন করে তুলতে চান। কালকের অনুশীলন শেষে বললেন, ‘ওটা প্রতিপক্ষের মাঠ। সেখানে আগে আমাকে একটি পয়েন্ট পাওয়া নিশ্চিত করতে হবে। তাই রক্ষণ নিয়েই কাজ করছি বেশি। জয়ের কথা ভাবব পরে।’
কোচের সঙ্গে সুর মেলালেন ডিফেন্ডার ওয়ালী ফয়সাল, ‘আগে আমাদের রক্ষণ সামলাতে হবে। রক্ষণ ঠিক থাকলে কোনোভাবেই গোল খাব না। আর যদি গোল না খাই তাহলে ৯০ মিনিটের মধ্যে একটা ভালো সুযোগ পেয়েও যেতে পারি।’ প্রতিপক্ষের মাঠে খেলা বলেই ওয়ালী প্রত্যাশাকে উঁচুতে তুলতে পারছেন না, ‘খেলা তাজিকিস্তানের মাঠে, স্বাভাবিকভাবেই ওরা এগিয়ে থাকবে। আমরাই বরং একটু চাপে থাকব।’
ঘরোয়া ফুটবলে লেফটব্যাক হিসেবে নিয়মিত খেলেন ওয়ালী ফয়সাল। কিন্তু লোপেজ দায়িত্ব নিয়ে সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের কিরগিজস্তানের ম্যাচে তাঁকে খেলিয়েছেন রাইটব্যাকে। কোচের সিদ্ধান্ত মেনে নিয়েছেন, কিন্তু এখনো এই জায়গায় অভ্যস্ত হয়ে উঠতে পারেননি, ‘আন্তর্জাতিক ম্যাচে অনেকেই পজিশন বদলে খেলতে অভ্যস্ত নয়। আমার মনে হয় ম্যাচে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে।’ ওয়ালী মূলত বাঁ পায়ের খেলোয়াড়। কোচ তাঁকে এ জন্যই ডান দিকে খেলাতে চান। যাতে ভালোভাবে ওভারল্যাপিং করে বারে শট নিতে পারেন।
কালই অনুশীলনে যোগ দিয়েছেন চট্টগ্রাম আবাহনীকে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা জিতিয়ে আসা আতিকুর রহমান মিশু, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও রাসেল মাহমুদ লিটন। টুর্নামেন্টের সেমিফাইনালে হাঁটুতে চোট পাওয়া মিশু অবশ্য কোচের অনুমতি নিয়ে বিশ্রামে কাটিয়েছেন। আর কোচের সঙ্গে দেখা করে বাড়ি ফিরে গেছেন রেজাউল করিম রেজা।
৫ নভেম্বর ফিরে যাচ্ছেন ট্রায়াল দিতে আসা সুইডেনপ্রবাসী যোসেফ নূর রহমান। এখনো বাংলাদেশি পাসপোর্ট হয়নি বলেই তাঁর ফিরে যাওয়া। তবে লোপেজ আপাতত চূড়ান্ত দলে এই মিডফিল্ডারকে বিবেচনা করছেন না। কাল নূর রহমানকে হতাশ লাগল, তবে বাংলাদেশের জার্সি গায়ে তোলার আশাটা এখনই ছাড়ছেন না, ‘আমি আবারও আসতে চাই। এখানেই সব শেষ হয়নি। এবার পূর্ণ প্রস্তুতি নিয়েই আসব। আমি বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলতে চাই।’