লোপেজের বিদায়, জাতীয় দলের দায়িত্বে মারুফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোপেজের বিদায়ের জাতীয় ফুটবল দলের দায়িত্ব মারুফুল হক। ছবি: প্রথম আলো
লোপেজের বিদায়ের জাতীয় ফুটবল দলের দায়িত্ব মারুফুল হক। ছবি: প্রথম আলো

তাঁর নিয়োগটা যেমন ছিল নাটকীয়, বিদায়ও ঠিক তেমনই। লোডভিক ডি ক্রু্ইফকে সরিয়ে গত ১০ সেপ্টেম্বর হঠাৎ জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেওয়া হয় ইতালীয় কোচ ফাবিও লোপেজকে। আগামী মাসে ভারতে সাফ ফুটবল পর্যন্তই ছিল তাঁর সঙ্গে চুক্তি। কিন্তু লোপেজ তিন মাসও টিকে থাকতে পারলেন না। ২ মাস ২৪ দিনের মাথায় আজ লোপেজকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফে)। এই মুহূর্তে সাফের আগে পছন্দমতো বিদেশি কোচ পাওয়া ‘কঠিন’, তাই সাফ পর্যন্ত জাতীয় দলের কোচ করা হয়েছে দেশের অন্যতম শীর্ষ কোচ মারুফুল হককে।

বাংলাদেশ তো বটেই, সম্প্রতি প্রথম দক্ষিণ এশীয় হিসেবে উয়েফা ‘এ’ সনদ অর্জন করেছেন মারুফ। ঘরোয়া ফুটবলে মোহামেডান, মুক্তিযোদ্ধা, শেখ রাসেল, শেখ জামালের মতো মতো বড় দলের কোচের চেয়ারে ছিলেন। বর্তমানে আছেন শেখ রাসেলের সঙ্গে। লোপেজের বিদায়ের মুহূর্তে জাতীয় দলের কোচ হিসেবে দেশীয় কোচদের মধ্যে ‘যোগ্যতম ব্যক্তি’ হিসেবে তাঁকেই বিবেচনা করল বাফুফে।

জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান কাজী নাবিল আহমেদও এমনটাই বললেন, ‘মারুফুল হক দেশের ফুটবলে একজন স্বনামধন্য কোচ হিসেবে পরিচিত। একটি জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়ার মতো যথেষ্ট একাডেমিক যোগ্যতাও তাঁর আছে। সবচেয়ে বড় কথা, তিনি জাতীয় দলের সব খেলোয়াড়কেই চেনেন। আশা করছি তাঁর অধীনে জাতীয় ফুটবল দল ভালো করবে।’

কাজী নাবিল যোগ করেছেন, ‘ফাবিও লোপেজের সব পাওনা আমরা মিটিয়ে দেব। এই মুহূর্তে বিদেশি কোচের দিকে যাওয়াটা ঠিক হবে না চিন্তা করেই মারুফুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে ৫০ জন ফুটবলারের একটি তালিকা দেওয়া হবে খুব তাড়াতাড়িই। জাতীয় দলে লোপেজের সহকারী হিসেবে কাজ করা অন্য দুই ইতালীয় আপাতত কাজ করে যাবেন।’ শুধু তাই নয়, জাতীয় দলে মারুফুলের সহকারী হিসেবে কাজ করবেন বাফুফের বয়সভিত্তিক স্প্যানিশ কোচ মরিনো গঞ্জালো।

মঙ্গলবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় সাফ ফুটবল সামনে রেখে জাতীয় দলের কর্মপরিকল্পনা নির্ধারণে সভা হয়েছে, সেখানেই সিদ্ধান্ত হয় ইতালীয় কোচ ফাবিও লোপেজকে অব্যাহতি দেওয়ার। আভাসটা পাওয়া যাচ্ছিল গতকালই। দলে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েই যাচ্ছিলেন লোপেজ, মাঠের ফলও ভালো হচ্ছিল না। মাত্র দুই মাস জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়ে কাউকে খুশি করতে পারেননি ফাবিও লোপেজ।

কিরগিজস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচটি বাংলাদেশ মোটামুটি খেললেও তাজিকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে পরাজিত হয় ৫-০ গোলে। গত সপ্তাহে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর অতি-রক্ষণাত্মক কৌশলের সমালোচনা করেছেন অনেকেই। পজিশন বদল করেও খেলোয়াড়দের বিরক্তি ও ক্ষোভের কারণ হয়েছেন কোচ। তাঁর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় চীনে চলমান আন্তর্জাতিক টুর্নামেন্টে মিয়ানমারের একটি ক্লাব ও রোববার চীনে তৃতীয় স্তরের লিজিয়ানের কাছে হারের পর (১-২)।

তবে প্রশ্ন উঠেছে, লোপেজ সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর না নিয়েই তাঁকে কেন দায়িত্ব দেওয়া হয়েছিল? যোগ্যতার চেয়েও কর্তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়েও বাংলাদেশের কোচ হয়ে যাওয়ার নজির সাম্প্রতিক সময়ে দেখা গেছে। এসব বিষয়ে বাফুফের কর্তারা গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে পারছেন না। অথচ ভালোভাবে ‘দেখে’ কোচ নিয়োগ দেওয়ার কথা অনেকবারই বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কিন্তু সেই কথার কোনো প্রতিফলন দেখা যায়নি। এসবেরই ফল লোপেজের হঠাৎ আগমন এবং অতঃপর বিদায়!