লোপেজের বিদায়, নতুন কোচ মারুফ

নাটক আর কাকে বলে! কোচের বিদায় আর নিয়োগে বরাবরের ‘ঐতিহ্য’টা ধরে রাখল বাফুফে। আগের দিনের আভাসটাকে সত্যি প্রমাণ করে কাল তড়িঘড়ি করে বরখাস্ত করা হয়েছে ফাবিও লোপেজকে। নতুন কোচ হিসেবে আপাতত আগামী মাসের সাফ ফুটবল পর্যন্ত দেশি একজনের ওপরই দায়িত্ব দেওয়া হলো—মারুফুল হক।
মাত্র আড়াই মাস টিকলেন লোপেজ। গত ১০ সেপ্টেম্বর লোডভিক ডি ক্রুইফের জুতায় পা গলান এই ইতালিয়ান। সাফ পর্যন্তই ছিল তাঁর সঙ্গে চুক্তি। কিন্তু এর এক মাস আগেই বিদায়। সেটিও এমন নাটকীয় যে, কাল চীনের টুর্নামেন্টের শেষ ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই তাঁকে বরখাস্ত করার ঘোষণা দেয় বাফুফে।
লোপেজ যুগে প্রথম পাঁচ ম্যাচেই হার। যার মধ্যে চীনের আসিয়ান আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচও ছিল। শেষ ম্যাচে হেবেইয়ের সঙ্গে যদিও জিতেছে বাংলাদেশ। কিন্তু ডাগআউটে নাকি ছিলেনই না লোপেজ। দায়িত্ব নিয়েই দলের খেলোয়াড়দের নিয়ে কাটাছেঁড়া শুরু করেন তিনি, জায়গা বদলিয়ে খেলিয়েছেন বেশ কয়েকজনকে। কিন্তু কাজ হয়নি তাতে, দলের পারফরম্যান্স খুশি করতে পারেনি কর্মকর্তাদের।
সেই অসন্তোষ থেকেই কাল গুলশানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় জরুরি সভা হয়েছিল জাতীয় দল কমিটির। ওখানেই এসেছে ঘোষণাটা। কদিন আগে জাতীয় দল তাজিকিস্তানের কাছে পাঁচ গোল খাওয়ার পর সালাউদ্দিন কোচের মাথার ওপর ছাতা ধরেছিলেন। বলেছিলেন, ‘চুক্তি অনুযায়ী সাফ পর্যন্ত কোচকে দেখব।’ কিন্তু অনেকেই তাঁকে বলছিলেন, ‘এই কোচকে রাখলে সাফে ভরাডুবি হবে।’ তারপরই হঠাৎ বদলে যায় দৃশ্যপট।
তবে প্রশ্ন উঠেছে, যাচাই-বাছাই না করেই বারবার বিদেশি কোচ নিয়োগ কেন? সালাউদ্দিন বলেছিলেন, সব দেখে জেনে-বুঝেই ‘যোগ্য’ কোচ নেবেন জাতীয় দলের জন্য। কিন্তু লোপেজের নিয়োগটা ছিল এতই তড়িঘড়ি যে, তাঁর সম্পর্কে কোনো খোঁজখবর বাফুফে নিয়েছে বলে মনে করার কারণ নেই। ‘অন্ধের’ মতো কোচ নিয়োগ এবং কদিন পরই তাঁকে বিদায় দিয়ে নিজেদের সাংগঠনিক ব্যর্থতাই দেখাল বাফুফে।
যদিও লোপেজের আগাম বিদায়ে ক্ষতিপূরণ দিতে দ্বিধা নেই বাফুফের। জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বললেন, ‘তাঁর দেনা-পাওনা মিটিয়ে দেব আমরা।’ হঠাৎ কোচ বিদায়ের ব্যাখ্যাও দিলেন, ‘ফাবিওর পারফরম্যান্সে আমরা খুশি হতে পারিনি, তাই তাঁকে অব্যাহতি দিয়েছি।’ মারুফকে নেওয়ার কারণটাও বললেন, ‘এ মুহূর্তে বিদেশি কোচ আনলে সমস্যা হবে দলের, এ জন্যই দেশের স্বনামধন্য কোচ মারুফুল হককে দায়িত্ব দিয়েছি। একটি জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়ার যথেষ্ট যোগ্যতা তাঁর আছে। সব খেলোয়াড়কেই চেনেন। আশা করি তাঁর অধীনে দল ভালো করবে।’
মারুফ ঘরোয়া ফুটবলে ট্রেবল জিতিয়েছেন শেখ রাসেলকে। মোহামেডানকে জিতিয়েছেন কোটি টাকার সুপার কাপ, শেখ জামালকে ভুটানের কিংস কাপ। সম্প্রতি উয়েফা ‘এ’ লাইসেন্সের সনদও পেয়েছেন। জাতীয় দলের দায়িত্ব পাওয়ার আকাঙ্ক্ষা তাঁর অনেক দিনেরই। তবে জাতীয় দলের কোচের দায়িত্বটা উপভোগ করতে পারবেন কিনা মারুফ, তা সময়ই বলবে। সাফে ভালো না করলে বিদায় নিতে হবে দ্রুতই।
হাতে সময় কম, তবে শক্তিশালী একটা কোচিং স্টাফই পাচ্ছেন মারুফ। লোপেজের দুই সহকারীকে রেখে দিচ্ছে বাফুফে। তাঁরা মারুফের সঙ্গে কাজ করবেন। ডেভেলপমেন্ট কোচ গঞ্জালো মোরেনো থাকবেন প্রধান সহকারী। নতুন কোচকে দেওয়া হবে ৫০ জন খেলোয়াড়, তা থেকেই বেছে নেবেন সাফের দল। সাফের চ্যালেঞ্জ পেরোতে পারবেন মারুফ?