লোপেজের বিদায়ে খুশি মামুনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন কোচ বদলালে দলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। একেক কোচ একেকভাবে দল গোছান। মানিয়ে নিতে সমস্যা হয় খেলোয়াড়দের। তবে ফাবিও লোপেজের বিদায়ে ভীষণ খুশি বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম!
তাঁর যুক্তি, লোপেজ অতিরিক্ত পরীক্ষা করে দলের ক্ষতিই করেছেন। লেফট উইঙ্গারকে রাইট উইঙ্গারে খেলানো যায়, কিন্তু তাঁকে লেফটব্যাকে খেলানো ভালো কোনো চিন্তা নয়। শুরুতে মামুনুলের জায়গায়ও বদলে দিয়েছিলেন লোপেজ। এভাবে আরও কয়েকজন খেলোয়াড়ের জায়গা বদল করা পছন্দ হয়নি অধিনায়কের। অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার কারণে কোচ খেলোয়াড়দের সেরাটা বের করে নিতে পারেননি বলে মনে করেন দেশসেরা মিডফিল্ডার।
লোপেজ দায়িত্বে থাকতে এসব কথা বলতে পারেননি। তবে কাল চীন থেকে ফেরার পর মুখ খুললেন মামুনুল, ‘গত আড়াই মাসে দলের অনেক ক্ষতি হয়ে গেছে। তিনি এত পরীক্ষা করবেন ভাবতেই পারিনি আমরা। এই কোচকে বদলানো তাই খুব জরুরি হয়ে পড়েছিল।’
লোপেজকে বরখাস্ত করে বাফুফে কীভাবে ঠিক কাজটা করেছে, একটা উদাহরণ টেনেই সেটি বললেন মামুনুল। চীনের আসিয়ান আমন্ত্রণমূলক টুর্নামেন্টের শেষ ম্যাচের দলটা কিন্তু লোপেজ করেননি। মামুনুল জানাচ্ছেন, ‘হেবেইয়ের সঙ্গে দলটা আমি আর ম্যানেজার বাবু ভাই মিলে করেছি। আমরা এক গোলে জিতেছি (প্রথম দুটিতে হার)। চার ডিফেন্ডার নিয়ে নেমেছিলাম, কোচ ডাগ-আউটে বসে পাঁচ ডিফেন্ডার করার নির্দেশ দিচ্ছিলেন, রাগারাগি করছিলাম। কিন্তু আমরা আমাদের মতো করে খেলেছি।’
নতুন কোচ হিসেবে মারুফুল হককে স্বাগত জানিয়ে মামুনুল বলছেন, ‘মারুফ ভাই খেলোয়াড়দের সম্পর্কে ভালো জানেন, আমরাও তাঁকে জানি। দুই পক্ষে ভালো একটা সমন্বয় হতে পারে। ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।’ দলের অন্য খেলোয়াড়েরাও খুশি লোপেজের বিদায়ে।
নতুন কোচকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে আগামীকাল সংবাদ সম্মেলনে। তবে লোপেজকে কাগজে-কলমে অব্যাহতি না দিয়ে আরেকজনের সঙ্গে চুক্তি করা যায় না। এ কারণেই মারুফের সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে কাল বাফুফের শীর্ষ কর্মকর্তারা মারুফকে নিয়ে আলোচনায় বসেছিলেন, ঠিক করেছেন কর্মপরিকল্পনা। সাফের প্রস্তুতি নিতে ২৯ নভেম্বর বাংলাদেশ দল বিকেএসপি যাবে। তবে দলের সঙ্গেই ঢাকায় ফিরে পাওনা বুঝে পেতে দেরি হওয়ায় দেশে ফিরতে দেরি হচ্ছে বিদায়ী কোচের।
আগামীকাল তাঁর সঙ্গে কথা বলবে বাফুফে, তারপর পাওনা বুঝে পেলে বিদায় নেবেন। লোপেজের দুই সহকারীকে রেখে দেওয়ার কথা বলছে বাফুফে, তবে তাঁরা থাকবেন না বলেই জানা গেছে। লোপেজ বলেছেন, ‘ওরা আমার টিমের অংশ। আমি যাওয়া মানে ওরাও চলে যাবে।’