লোপেজের বীক্ষণে ৪১ ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে বিদায় নিয়েছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। নতুন কোচ হিসেবে বাংলাদেশ দলে যাত্রা শুরু হতে যাচ্ছে ফাবিও লোপেজের। বিশ্বকাপ বাছাইপর্বে কিরগিজস্তানের বিপক্ষে আগামী ১৩ অক্টোবরের ম্যাচটি দিয়েই প্রথম মাঠে নামবেন এই ইতালিয়ান। নতুন সূচনায় নিজের মতো করে দল গুছিয়ে নিতে ফুটবলারদের বাজিয়ে তো দেখতেই হবে। লোপেজ কাল তাঁর প্রাথমিক দলে ডাকলেন ৪১ জন ফুটবলারকে।
লোপেজের এই প্রাথমিক দলে একেবারেই নতুন মুখ ছয়জন—শেখ রাসেলের ফরোয়ার্ড মোহাম্মদ রুমান, মোহামেডানের ডিফেন্ডার ও অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাসুক মিয়া, আবাহনীর ডিফেন্ডার শাকিল আহমেদ, ব্রাদার্সের ডিফেন্ডার রাশেদুল আলম মনি, বিজেএমসির ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন ও ফেনী সকারের ফরোয়ার্ড সোহেল মিয়া।
প্রায় সাত বছর পর প্রাথমিক দলে ডাক পেলেন ফয়সাল মাহমুদ। মুক্তিযোদ্ধার এই উইঙ্গার ২০০৮ সালের মালয়েশিয়ার মারদেকা কাপের পর আর জাতীয় দলে সুযোগ পাননি। ডাক পেয়েছেন দুই বছর আগে কাঠমান্ডু সাফের দলে খেলা ডিফেন্ডার ওয়ালী ফয়সাল। গত সাফ ফুটবলের ক্যাম্প থেকে চোটের কারণে ছিটকে পড়া রেজাউল করিম রেজাকেও দেখতে চান কোচ।
ফুটবলারদের আজ বেলা ১১টায় বাফুফে ভবনে রিপোর্টিং। আপাতত ঢাকাতেই পাঁচ দিনের অনুশীলনে এই ফুটবলারদের দেখবেন ফাবিও লোপেজ। সহকারী কস্তানিন্তো জুকারিনি ও ফিটনেস ট্রেনার অ্যাঞ্জেলো পাভিয়ার আসার কথা আগামীকাল। সব কোচিং স্টাফকে নিয়ে লোপেজ ২০ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে শুরু করতে পারেন আবাসিক ক্যাম্প। তখন একটু ছোট হয়ে যাবে দলটাও।
প্রাথমিক দলে এত ফুটবলার কেন? সহকারী কোচ সাইফুল বারী টিটু বললেন, ‘নতুন কোচের সুবিধার্থেই তাঁকে বেশি ফুটবলার দেওয়া হচ্ছে। যাতে এখান থেকে পছন্দের ফুটবলার তিনি বেছে নিতে পারেন।’
প্রাথমিক দল
মামুনুল, শহীদুল, মাজহারুল, রায়হান, নাসিরউদ্দিন, ইয়াসিন, ইয়ামিন, জামাল, সোহেল রানা, মোনায়েম, তকলিচ, কেষ্ট, লিঙ্কন, রনি, মিশু, লিটন, তপু, হেমন্ত, জাহিদ, এমিলি, ওয়ালী, রেজাউল, রুমন, জুয়েল, তৌহিদুল, আশরাফুল, মাসুক, নাসিরুল, ওয়াহেদ, কোমল, শাহেদুল, সজীব, শাহেদুল (২), ইমন, শাকিল, রাশেদুল, জিতু, ফয়সাল, এনামুল, জীবন ও সোহেল মিয়া।