লোপেজে উজ্জীবিত ফুটবলাররা

‘হু উইল উইন দ্য কোক?’—অনুশীলনের শেষভাগে এসে চিৎকার করে বলছিলেন ফাবিও লোপেজ। ফুটবলারদের জন্য এক বাক্স কোমল পানীয়ের ক্যান এনে বাফুফের অ্যাস্ট্রো টার্ফের একপাশে রেখে দিয়েছিলেন জাতীয় দলের কোচ। ফুটবলারদের জন্য কোক জেতার শর্ত হলো, পেনাল্টিতে গোল করতে হবে।
সন্ধ্যার অন্ধকার নেমে গেছে। তারপরও অনুশীলন শেষই হচ্ছিল না মামুনুলদের। একেবারে শেষ মুহূর্তে ফুটবলারদের জন্য বরাদ্দ ছিল পেনাল্টি শ্যুটআউট পর্ব। পেনাল্টি থেকে মামুনুল, সোহেল রানা, ইয়ামিন মুন্না, শাখাওয়াত রনি ও জুনিয়র শাহেদ গোল দিলেন সহজে। কিন্তু কোমল ও তকলিচ পারলেন না। গোল দিতে পারেননি বাংলাদেশে খেলতে আসা সুইডেনপ্রবাসী ফুটবলার যোসেফ নূর রহমানও। যদিও অনুশীলন শেষে কোচ হাসিমুখে সবাইকে বিলিয়ে দিলেন কোমল পানীয়। অনুশীলনে যে দারুণ ফুরফুরে মেজাজে ফুটবলাররা, মামুনুলদের উচ্ছল চেহারা দেখে যে কেউই তা বুঝে নিতে পারত।
বিশ্বকাপের বাছাইপর্বে ১২ নভেম্বর তাজিকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ঢাকায় আরও সপ্তাহ খানেক অনুশীলনের সময় পাচ্ছেন কোচ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অন্তত চার-পাঁচ দিন আগে তাজিকিস্তান যেতে পারে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হোম ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। তাজিকিস্তানে গিয়ে ভালো কিছুরই প্রত্যাশা করছেন ইতালিয়ান কোচ, ‘আমাদের এখনো অনেক কাজ বাকি। অনেকে গত দুই সপ্তাহে কোনো ম্যাচ খেলেনি। ওদের নিয়ে বেশি কাজ করতে হবে। অনুশীলনে সবাই প্রতিদিন একটু একটু করে উন্নতি করছে। আশা করি তাজিকিস্তানের সঙ্গে ভালো ফুটবল খেলব।’
চট্টগ্রামে শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্ট শেষ করে গতকালই দলের সঙ্গে যোগ দিয়েছেন স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। তরুণ এই ফুটবলারকে নিয়ে দারুণ আশাবাদী কোচ, ‘ওকে তো আমিই আবিষ্কার করেছি। ও এমনিতেই ভালো খেলে। তারপরও ওকে নিয়ে আরও কাজ করতে হবে। সে এই টুর্নামেন্টে দেখিয়েছে যে সে জাতীয় দলে খেলার যোগ্য। এখন ওর উন্নতির জন্য কতটা কাজ করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ।’
আট দিনে টানা চার ম্যাচ খেলে ক্লান্ত জীবন। তবে কাল অনুশীলনে সপ্রতিভই দেখাল তাঁকে। জাহিদ-এমিলির অনুপস্থিতিতে দলে নিজের অবস্থানটা শক্ত করে নিতে চান, ‘প্রতিটি ম্যাচে আমার নেশাই থাকে গোল করার। আমি জানি জাতীয় দলে জায়গা ধরে রাখা কঠিন। তবে আশা করি পারফরম্যান্স দিয়েই সেই জায়গাটা ধরে রাখতে পারব।’
জাতীয় দলের ট্রায়ালে এসেছেন সুইডেনের লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত নূর রহমান। কাল অনুশীলনের এক ফাঁকে এই মিডফিল্ডার বললেন, ‘এখানে অনুশীলনটা দারুণ উপভোগ করছি। জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়েই অত দূর থেকে এসেছি।’
নূর রহমানের স্বপ্ন কি সত্যি হবে? এই প্রশ্নের উত্তরে পাওয়া গেল সতর্ক এক কোচকে, ‘মাত্র ২-৩ দিন দেখে একজন ফুটবলার সম্পর্কে কোনো কিছু বলা যায় না। দলের সঙ্গে মানিয়ে নিতে আরও কিছুদিন লাগবে ওর। জাতীয় দলে খেলতে হলে আরও কষ্ট করতে হবে ওকে। ওর খেলা যেটুকু দেখেছি তাতে মন্দ লাগেনি। অনুশীলন করতে থাকুক। কিছুদিন পরই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেব।’