লোপেজের প্রথম পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উজবেকিস্তানের বিপক্ষে বিশকেকে আজ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। মাঠে অনুশীলন করতে না পেরে আগের দিন বাংলাদেশ দলকে সময় কাটাতে হলো জিমে। এখানে হেমন্তকে দেখা যাচ্ছে মামুনুলের সঙ্গে l বাফুফে
উজবেকিস্তানের বিপক্ষে বিশকেকে আজ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। মাঠে অনুশীলন করতে না পেরে আগের দিন বাংলাদেশ দলকে সময় কাটাতে হলো জিমে। এখানে হেমন্তকে দেখা যাচ্ছে মামুনুলের সঙ্গে l বাফুফে

দায়িত্ব নিয়েই কোচ ফাবিও লোপেজ দলে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন বিস্তর। সেই পরীক্ষা-নিরীক্ষা দলের জন্য কী ফল আনে তা দেখা যাবে আজই।
প্রতিপক্ষ কিরগিজস্তান ঢাকায় বাংলাদেশকে হারিয়েছে ৩-১ গোলে। বাংলাদেশের (১৮২) চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে ৩৬ ধাপ। আজ বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে দলটি খেলবে নিজেদের মাঠ স্পাতার্ক স্টেডিয়ামে।
বিশকেকের ১১ ডিগ্রির আশপাশের তীব্র ঠান্ডা আর কনকনে বাতাসও হয়ে দাঁড়িয়েছে বড় এক বাধা। বাংলাদেশের ফুটবলাররা ঠান্ডায় খেলতে অভ্যস্ত নন। তবে ক্লাব পর্যায়ে কিছুদিন আগে শেখ জামাল এই বিশকেকেই এএফসি কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে, তখন অবশ্য ঠান্ডা বেশি ছিল না। এবার ঠান্ডাটা ভালোই ভোগাচ্ছে বলে জানাল টিম ম্যানেজমেন্ট।
আগের রাতে বৃষ্টিতে নাজুক মূল ভেন্যুতে কাল সন্ধ্যার নির্ধারিত অনুশীলন সেশনটা বাংলাদেশ দলকে করতে দেননি ম্যাচ কমিশনার। ফ্লাডলাইট-সুবিধা শহরের আর কোনো মাঠে না থাকায় অগত্যা হোটেলে জিম করেছে দল।
ঘুরেফিরে কোচ-খেলোয়াড়দের মুখে একটা শব্দই শোনা যাচ্ছে—ঠান্ডা। ২০০৮ সালে চ্যালেঞ্জ কাপের বাছাইয়ে এই কিরগিজস্তানের মাঠে বাংলাদেশ ১০-১১ ডিগ্রি ঠান্ডার মধ্যে হেরেছিল ২-১ গোলে। কোচ ছিলেন আবু ইউসুফ। ওই দলের গোলরক্ষক আমিনুল বলছিলেন, ‘খুব একটা সমস্যা আমাদের হয়নি। ৮৫ মিনিট পর্যন্ত আমরা এগিয়ে ছিলাম, শেষ ৫ মিনিটে ওরা দুই গোল করেছে।’

>বিশ্বকাপ বাছাই: বিশকেকের তীব্র ঠান্ডায় আজ কিরগিজদের মুখোমুখি বাংলাদেশ

আবহাওয়া এখানে পার্শ্বচরিত্র, মূল চরিত্র কোচ লোপেজ। লোডভিক ডি ক্রুইফের দলটাকে নিজের মতো করে গড়েছেন গত তিন সপ্তাহে। অধিনায়ক মামুনুলকে প্লে-মেকারের ভূমিকা থেকে উইংয়ে নিচ্ছেন, তাঁর জায়গায় কোমল ও স্ট্রাইকার শাখাওয়াত রনিকে আনছেন মাঝমাঠে। নতুন ছক নিয়েই আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু ম্যাচের দল সাজাবেন লোপেজ। আরেকটি নতুন দিক—২০০৫ সালে অভিষেকের পর স্ট্রাইকার এমিলিকে ছাড়া এই প্রথম নামছে বাংলাদেশ। এমিলির জায়গায় তরুণ স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের অভিষেক হতে পারে আজ।
লোপেজ তাঁর পরীক্ষা-নিরীক্ষার পক্ষে বলেছেন, ‘নতুন কিছু আমি দেখাতে চাই।’ জয়ের আকাঙ্ক্ষাও ব্যক্ত করে গেছেন। তবে এখন আবহাওয়াকে মানছেন আরেকটি প্রতিপক্ষ, ‘এখানে খুব ঠান্ডা। এটা আমাদের জন্য সমস্যাই। তা সত্ত্বেও বাংলাদেশের ফুটবল সমর্থকদের ভালো কিছু উপহার দিতে পারব আশা করি।’
ঢাকা ম্যাচের আগে কিরগিজদের সম্পর্কে বাংলাদেশ খুব বেশি জানত না। এবার জানাটা বেড়েছে। তাই আবহাওয়াকে কোচের মতো সমস্যা বললেও নিজেদের করণীয়টা ভুলে যাচ্ছেন না অধিনায়ক মামুনুল ইসলাম, ‘নতুন কোচের অধীনে খেলব আমরা। সব খেলোয়াড়ই সেরাটা দিতে তৈরি।’
দলের অন্যতম সেরা খেলোয়াড় জামাল ভূঁইয়ার কথায় আত্মবিশ্বাসের স্ফুরণ, ‘আমাদের দল দলটি খারাপ নয়, এরা ফুটবল খেলতে পারে।’ আবহাওয়াকে বড় করে দেখতে রাজি নন তিনি, ‘এই কন্ডিশনে খেলোয়াড়দের বেশি শক্তি দরকার। তবে আবহাওয়ার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।’ ঘরের মাঠে কিরগিজস্তান পাবে দর্শক সমর্থন, জামালের ভাষায় ম্যাচটা ১২ বনাম ১১।
কিরগিজস্তানের প্রধানমন্ত্রী ম্যাচ দেখবেন মাঠে বসে। তাঁর সামনে শক্তিতে এগিয়ে থাকা স্বাগতিক দলকে রুখে শুভসূচনা করতে পারবেন লোপেজ?