লোর দশক-সেরা লাম!
গত এক দশকের সেরা ফুটবলার কে? ভোটাভুটি হলে বেশির ভাগ ভোট পড়বে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসির বাক্সে। বেশির ভাগ মানুষের কাছে সেটাই স্বাভাবিক। তবে জোয়াকিম লোর কাছে নয়। মেসি-রোনালদো নন, জার্মানির কোচের মতে, গত এক দশকের সেরা ফুটবলার তাঁর একসময়ের অধিনায়ক ফিলিপ লাম!
এবার ব্যালন ডি’অরের সেরা তিনে আসতে পারেননি লাম। ২.৯ শতাংশ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছেন। শুধু এবার নয়, জাতীয় দলে এক দশকের ক্যারিয়ারে কখনোই ব্যালন ডি’অরের সেরা তিনে জায়গা পাননি জার্মান ডিফেন্ডার। তাতে অবশ্য তাঁর কৃতিত্ব বিন্দুমাত্র কমছে না লোর কাছে। কেন লামকে গত ১০ বছরের সেরা ফুটবলার মনে করেন, সেই ব্যাখ্যাটাও দিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী কোচ, ‘তিনটি বিশ্বকাপে ও দেশের হয়ে দারুণ খেলেছে। ২০০৬ ও ২০১০ সালে দলকে সেমিফাইনালে নিয়ে গেছে, গত বছর তো বিশ্বকাপই জিতেছে। আমার কাছে সে-ই সেরা।’
লামের মতো খেলোয়াড়কে সম্মান জানাতে তাই ফিফার দশক-সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রবর্তন করা উচিত বলেও মনে করেন লো, ‘ব্যালন ডি’অরের বাইরে ফিফার উচিত দশক-সেরা ফুটবলারের জন্য আলাদা পুরস্কার প্রবর্তন করা এবং লামকে সেই পুরস্কারের জন্য বিবেচনায় নেওয়া।’
বিশ্বকাপ জয়ের পর গত বছর জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব বায়ার্ন মিউনিখে এখনো বড় আস্থার নাম লাম। ৩১ বছর বয়সী জার্মান ডিফেন্ডারের অবশ্য ক্লাব ক্যারিয়ারটাকেও টেনে দীর্ঘায়িত করার ইচ্ছে নেই, ‘বায়ার্নের সঙ্গে আমার চুক্তি শেষ হবে ২০১৮ সালে। আমার বয়স তখন ৩৪ পেরিয়ে যাবে। আমার মনে হয় অবসরের সেটাই ভালো সময়।’ গোলডটকম।