ল্যান্ডিং জেতালেন শেখ জামালকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে জয়ের আশা নিয়ে নেমেছিল চট্টগ্রাম আবাহনী। তৈরি করেছিল বেশ কিছু গোলের সুযোগ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। উল্টো শেখ জামালের কাছে ১-০ গোলে হেরে শিরোপা লড়াই থেকে কিছুটা পিছিয়ে পড়েছে। এমএ আজিজ স্টেডিয়ামে আজ ম্যাচের একমাত্র গোলটি এসেছে গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিংয়ের পা থেকে। ৬৩ মিনিটে তাঁর ফ্রি কিক সরাসরি জড়ায় জালে। তিন ম্যাচ পর জয় পেয়ে শেখ জামাল জেগে উঠেছে আবার। ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নরা এখন পয়েন্ট তালিকায় চারে। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীর ২৮। এক ম্যাচ কম খেলে ঢাকা আবাহনীর ৩২।

চট্টগ্রাম আবাহনীর কোচ যোসেফ পাভলিকের জন্য এটি ছিল ফেরার ম্যাচ। সাত ম্যাচ পর তাঁকে বরখাস্ত করা হয়েছিল। তবে এত দিন দলের সঙ্গেই ছিলেন উপদেষ্টা হিসেবে। আজকের ম্যাচে ছিলেন প্রধান কোচ।
তবে ফেরার ম্যাচে দলের হার দেখে ভীষণ ক্ষুব্ধ পাভলিক। কোনোভাবে তা মানতে পারছিলেন না, ‘মাঠে আজ একটি দলই ছিল। আমরা অনেক সুযোগ পেয়েছি। কিন্তু ছেলেরা গোলের রাস্তা খুঁজে পায়নি।’ গড়গড় করে বলে যান, ‘সপ্তম রাউন্ড শেষে আমাকে বাদ দেওয়ার পর থেকেই দলের ছন্দপতন হয়েছে। রানিং, ফিটনেস কমে গেছে।’ এগুলো নিয়ে গত এক সপ্তাহ কাজ করার কথা জানালেন। শেষে যোগ করলেন, ‌‘এভাবে আসলে হয় না। আমার অধীনে ভালো ফুটবল খেলছিল দল, তখন রদবদল করার কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি না।’