ল্যান্ডিং দারবোয়ে হয়তো গত রাতে স্বস্তিতে ঘুমাতে পারলেন! মাথার ওপর চেপে বসা চাপটা যে অবশেষে সরে গেল। তাঁর খেলা নিয়ে অন্য সব দিন কোচ অতৃপ্ত থাকলেও গত রাতে আর তেমনটা হওয়ার কথা নয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বরং দ্রাগো মামিচের মুখে হাসি ফুটিয়েছেন গাম্বিয়ান মিডফিল্ডার। বদলি হিসেবে নামা ল্যান্ডিংয়ের দুই গোলেই যে কাল শেখ রাসেলকে হারিয়েছে আবাহনী।
তবে দর্শকেরা ম্যাচ দেখে তৃপ্তি পেয়েছেন বলে মনে করার কারণ নেই। আবাহনী-শেখ রাসেল ম্যাচ বলতে বারুদই ছড়ায়। কিন্তু কাল ভালো ম্যাচের অন্তরায় ছিল মাঠ। বৃষ্টি হয়তো ছিল না, তবে কিছু জায়গায় বালু দিয়ে ভরাট করায় অসমতল হয়ে গেছে মাঠটা। বল লাফাল উল্টোপাল্টা, ঠিকমতো পাস দেওয়া এই মাঠে সম্ভবই নয়। তবু মাঠের খেলায় শেখ রাসেল ঠিক সমানে টক্কর দিতে পারেনি লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে। ম্যাচটাও তাই জমেনি। এবার শেখ রাসেল দলটা গতবারের চেয়ে কম শক্তির (হেরেছে টানা তিন ম্যাচ)। তবে সামর্থ্য অনুযায়ীও খেলতে পারছে না। আক্রমণে ধার নেই। রক্ষণ ভুল করে গোল করার পথ তৈরি করে দিচ্ছে প্রতিপক্ষকে, যেমন গতকাল দিল আবাহনীকে।
৬৩ মিনিটে আবাহনীর উইঙ্গার রুবেল মিয়াকে বক্সে ফেলে দেন শেখ রাসেল গোলরক্ষক জিয়া। রেফারি মিজানুর রহমান বাঁশি বাজাতে দ্বিধা করেননি। পেনাল্টিতে জিয়াকে সহজেই পরাস্ত করে আবাহনীকে এগিয়ে নেন ল্যান্ডিং। ৮৬ মিনিটে দ্বিতীয় গোলটাও শেখ রাসেল খেয়েছে রক্ষণের ভুলে। ডিফেন্ডার বিশ্বনাথ বক্সের ভেতর বলটা ক্লিয়ার করতে পারেননি। তাঁর হেলেদুলে খেলার সুযোগে রুবেলের তুলে দেওয়া বল আলতো হেডে জালে পাঠান ল্যান্ডিং।
এই জয় আবাহনীর পয়েন্ট ৫ ম্যাচে ১০। ফরাশগঞ্জের কাছে হার এবং সর্বশেষ ম্যাচে বিজেএমসির সঙ্গে ড্রয়ের পর কোচ মামিচ কিছুটা প্রাণ পেলেন। জ্বর নিয়ে মাঠে এসে বলছিলেন, ‘ছেলেদের খেলায় আমি অখুশি নই। সবচেয়ে বড় কথা বড় বাধা পেরোলাম।’
আজকের খেলা: শেখ জামাল-আরামবাগ, বিজেএমসি-ফরাশগঞ্জ
(বিকেল ৫টা ও সন্ধ্যা ৭-১৫ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)