ল্যান্ডিংয়ে হাসল শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়সূচক একমাত্র গোলটি করতেই উচ্ছ্বাসে পাখির ডানায় উড়ে যেতে চাইলেন শেখ জামাল ফরোয়ার্ড ল্যান্ডিং দারবোয়ে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
জয়সূচক একমাত্র গোলটি করতেই উচ্ছ্বাসে পাখির ডানায় উড়ে যেতে চাইলেন শেখ জামাল ফরোয়ার্ড ল্যান্ডিং দারবোয়ে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

ছয়ে ছয়!
রকেটগতিতে ছুটতে থাকা শেখ জামাল ধানমন্ডির সামনে ছিটকে পড়ল কাল তারকাবহুল শেখ রাসেল ক্রীড়া চক্রও। দুই বড় দলের গতিময় ম্যাচে শেখ জামালের জয় ১-০ ব্যবধানে।
শেখ জামালের পয়েন্ট ছয় ম্যাচে ১৮। প্রিমিয়ার লিগে প্রবল প্রতিপক্ষ শেখ রাসেল যেন ফিটনেসহীন বাস। যানজটে পড়ে এই বাসের (পড়ুন দল) গতি রুদ্ধ। পাঁচ ম্যাচে দুই হারের পর ৯ পয়েন্ট—রাসেলের জন্য লিগযাত্রা হয়ে উঠেছে অনেকটা যানজটে পড়ার মতোই!
জাহিদ-এমিলিরা এই দলের শোভাবর্ধক, দলের জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় থাকার সুব্যবস্থা। বসুন্ধরা গ্রুপ দলটির দায়িত্ব নিয়ে টাকা খরচ করছে দুহাতে। দলটি কি প্রত্যাশার সমান্তরালে হাঁটতে পারছে? পাঁচ ম্যাচে গোল মাত্র ছয়টি, এমিলির দুটি। জাহিদের একটি। গোলের আকালে হাঁসফাঁস করা দল শিরোপার দাবি নিয়ে কত দূর যেতে পারে, সেই প্রশ্ন উঠে গেছে।
শেখ রাসেল যেন জাহিদনির্ভর এক দল। ‘বল পাও আর উইংয়ে জাহিদকে দাও’—এই হলো সাধারণ প্রবণতা। আর তাঁকে ভোঁতা করে রাখল শেখ জামাল, দলের ধারও তাতে কমল। ডেড বলে জাহিদ কয়েকবার চেষ্টা করলেও সতর্ক জামালের রক্ষণদেয়ালে তা প্রতিহত।
শুরুর মিনিট বিশেক শেখ রাসেল খেলেছে বেশ প্রাধান্য নিয়ে। এমিলি গোটা তিনেক সহজ সুযোগ হারিয়েছেন। জাহিদের বাড়ানো বলে তাঁর ফ্লিক একবার লাগে ক্রসবারে। পরে রাসেলের সামনে পোস্ট বাধা হয়েছে আরও একবার। গোলে বিক্ষিপ্ত কিছু শট হয়েছে। জামালের সামনেও বাধা ছিল পোস্ট। ওয়েডসন-ডার্লিংটনরাও নষ্ট করেছেন সুযোগ।
দুই দলের পার্থক্য হলো—জামালের তিন বিদেশি ক্ষুরধার, তাঁরা ম্যাচ জেতাতে পারেন। ছয় ম্যাচে ওয়েডসন, ডার্লিংটনের গোল ১০টি, ল্যান্ডিংয়ের তিনটি। দুটি গোল মামুনুল ও কেস্ট কুমারের। কাল ৫৬ মিনিটে লিংকনের কর্নারে ল্যান্ডিয়ের হেডে ১-০।
যদিও কর্নার নিয়ে প্রবল আপত্তি আছে রাসেলের কোচ দ্রাগান দুকানোভিচের। গোলরক্ষক লিটন ভেতর থেকে বল গ্রিপ করলেও সহকারী রেফারি ১০-১২ গজ পেছনে থেকে কীভাবে কর্নার দিলেন, এটা দেখে বিস্মিত মন্টেনেগ্রিয়ান কোচ, ‘ওটা কর্নার নয়। কর্নার না দিলে হয়তো আমরা হারতাম না। বাংলাদেশের ফুটবল বাঁচাতে রেফারিং ভালো হওয়া খুবই জরুরি। নইলে শেখ জামালকে ট্রফিটা দিয়ে দিলেই হয়!’
রেফারিং নিয়ে আপত্তি তাঁর থাকতেই পারে। তবে সত্যটা এই, শেখ রাসেলে ভালো বিদেশি জরুরি। কর্তারা মাসিক ১৫-২০ হাজার ডলার বেতনের বিদেশি আনার হাঁকডাক দিয়েও কার্যত ‘ফেল’ করেছেন। জ্যামাইকার আকিম সাইদ নামে ‘উচ্চমূল্যের’ এমন বিদেশি আনলেন যে, কোচ তাঁকে রাখেন একাদশের বাইরে!
জামালের তিন বিদেশির বিপরীতে কাল নীল জার্সিতে শুধু এক বিদেশি (পল এমিলি)। জামালের সঙ্গে রাসেল বড় মারটা খেয়েছে এখানেই। ম্যাচের মাঝপথে ব্যথা পেয়ে মাঠ ছাড়া মামুনুলবিহীন জামালকেও টলাতে পারেনি রাসেল।
দুই দলের নবম লিগ লড়াইয়ে চতুর্থ জয় তুলে শেখ জামাল কোচ মারুফুল হক বললেন, ‘মাত্র ৩০ ভাগ এগোতে পারলাম।’
বাকি ৭০ ভাগেও শেখ জামালই ফেবারিট।