ল্যাম্পার্ডে স্তম্ভিত চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসির বিপক্ষে গোল করলেন স্টামফোর্ড ব্রিজের ‘ঘরের ছেলে’ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ছবি: রয়টার্স।
চেলসির বিপক্ষে গোল করলেন স্টামফোর্ড ব্রিজের ‘ঘরের ছেলে’ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ছবি: রয়টার্স।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে নিশ্চিত জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম পাঁচ ম্যাচ থেকেই পূর্ণ পয়েন্টের হাতছানি! হোসে মরিনহো কী ভাবতে পেরেছিলেন তাঁর আসন্ন উৎসবটাকে ম্লাণ করে দেবেন তাঁর দল চেলসিরই এক পুরোনো সভ্য! হ্যাঁ, ১৩টি বছর চেলসিতে কাটিয়ে এই মৌসুমেই সিটিতে যোগ দেওয়া ফ্রাঙ্ক ল্যাম্পার্ডই কাল ম্লান করে দিয়েছেন চেলসির জয়োৎসব। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গোল করেছেন তাঁর স্মৃতিময় ক্লাবের বিপক্ষে। তাঁর গোলেই নিশ্চিত পরাজয়ের মুখে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ম্যানচেস্টার সিটি।

চেলসির জার্সি গায়ে সবচেয়ে বেশি মাঠে নামা খেলোয়াড়দের তালিকায় ল্যাম্পার্ডের অবস্থান তৃতীয়। স্টামফোর্ড ব্রিজের দলটির হয়ে তাঁর পেশাদার গোলসংখ্যাও নেহাত কম নয় (২১১)। সেই ল্যাম্পার্ড তাঁর ‘প্রিয়’ দলের বিপক্ষে গোল করে কোনো উৎসব করেননি। কেন? ১৩ বছর তাঁর জীবনের হাসি-আনন্দের ক্ষেত্র চেলসিকে তিনি অসম্মান করতে চাননি। গোলটি তাঁকে আনন্দ দিলেও সদ্যই বিদায় জানানো পুরোনো ক্লাবের বিপক্ষে উৎসব করাটা তাঁর কাছে কিছুটা অরুচিকরই মনে হয়েছে।

ম্যাচের ৭১ মিনিটে আন্দ্রে শুরলের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। নিশ্চিত জয়ের পথে এগিয়ে চলা মরিনহোর দলকে স্তম্ভিত করে ৮৫ মিনিটে গোলটি শোধ করে দেন ল্যাম্পার্ড। সমতাসূচক গোলের মাত্র ছয় মিনিট আগেই মাঠে নেমেছিলেন সাবেক চেলসি তারকা।

খেলাটি ড্র হওয়ার পরেও ইংলিশ লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানটা ধরে রেখেছে চেলসি। পাঁচ ম্যাচে চেলসির সংগ্রহ ১৩ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে সিটির অবস্থান ষষ্ঠ।

পুরোনো দলের বিপক্ষে মাঠে নামা ও গোল করার ব্যাপারটি ল্যাম্পার্ডকে ছুঁয়ে গেছে বেশ ভালোভাবেই। মাঠে নামার সময় চেলসি সমর্থকদের তাঁর নামে স্লোগান দেওয়ার বিষয়টি তাঁকে আপ্লুত করেছে যথেষ্টই। তবে পুরোনো দলের বিপক্ষে গোল করাটা তাঁর জন্য ‘অত্যন্ত কঠিন’ একটি বিষয় ছিল বলে জানিয়েছেন তিনি, ‘পুরো ব্যাপারটিই ছিল অসম্ভব কঠিন। মাঠে আমার মধ্যে দুটি সত্তা কাজ করছিল। ওই জায়গায় বল পেয়ে গোল না করলে সেটা হতো গর্হিত অন্যায়। কারণ এটা আমার চাকরি। আমি একজন পেশাদার ফুটবলার। পেশাদারি দৃষ্টিতে আবেগের কোনো মূল্য নেই। কিন্তু চেলসিকে ভোলা এত সহজ নয়। ব্যক্তি ল্যাম্পার্ড চেলসিকে সব সময়ই হৃদয়ে ধারণ করে।’ সূত্র: রয়টার্স।