
ম্যাচ শেষে মাথা ঝুঁকিয়ে দর্শক অভিবাদনের উত্তর দিল জাপানি মেয়েরা। চনবুরির আইপিই স্টেডিয়ামের দর্শকেরা করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছে বিজয়ীদের। তবে হেরেও অভিনন্দিত হয়েছে বাংলাদেশের মেয়েরা।
দর্শকদের প্রশংসা আর করতালি আদায় করে নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করে খেয়েছিল ৯ গোল। কিন্তু কাল জাপানের সঙ্গে হেরেছে লড়াই করে। হার ৩-০ গোলে। মেয়েদের ফুটবলে দিন যে বদলেছে, তার প্রমাণ ২০০৫ সালে এই টুর্নামেন্টের বাছাইপর্বে জাপানের কাছে ২৪ গোল খেয়েছিল বাংলাদেশের মেয়েরা।
কাল ৩৯ মিনিটেই ৩ গোল হজম করে বসে কৃষ্ণাদের দল। গোলবন্যারই আশঙ্কা জেগেছিল এতে। কিন্তু দ্বিতীয়ার্ধে জাপানকে দুর্দান্তভাবে রুখে দেয় বাংলাদেশ। স্পষ্ট করে বললে জাপানকে একাই আটকে রাখে গোলরক্ষক মাহমুদা। কলসিন্দুরের কিশোরীটি অন্তত ছয়টি নিশ্চিত গোল তো বাঁচিয়েছে। অথচ উত্তর কোরিয়ার বিপক্ষে আগের ম্যাচে প্রথমে নামানোই হয়নি মাহমুদাকে!
এশিয়ার অন্যতম পরাশক্তি জাপানের বিপক্ষে কম খাওয়াই ছিল মূল লক্ষ্য। এ জন্য একাদশেও পরিবর্তন আনেন কোচ। সবচেয়ে বড় পরিবর্তনটা গোলবারের নিচে, রুকসানাকে বসিয়ে নামানো হয় মাহমুদাকে। কোচের আস্থার প্রতিদান দিয়েছে মাহমুদা।
গত ম্যাচের তুলনায় অনেক গোছানো ফুটবল খেলেছে মেয়েরা, যদিও কৌশল ছিল রক্ষণাত্মক। মাঠে বোঝাপড়াটা ছিল ভালো। প্রতি-আক্রমণ থেকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের বক্সে বেশ কয়েকবার ঢুকেও পড়ে কৃষ্ণা ও স্বপ্না। শেষ পর্যন্ত তাদের রক্ষণদেয়ালে গিয়ে আটকে গেছে।
বাংলাদেশ প্রথম গোলটি খেয়েছে ১২ মিনিটে। বক্সের সামনে ফ্রিকিক পায় জাপান। ইয়োজুকির গড়ানো শটে ১-০ করে তোমোকো তানাকা। ৩১ মিনিটে ডিফেন্ডার আঁখিকে পরাস্ত করে বক্সে ঢুকে মোয়ে নাকায়ে করে ২-০। ৩৯ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ৩-০ করেছে ইয়োজুকি। বাকি সময়ে মাহমুদার সামনেই সব চেষ্টা বিফলে গেছে জাপানিদের।
ম্যাচ শেষে জাপানের কোচ কুসুনোজ নাওকির মুখে মাহমুদার প্রশংসা, ‘বাংলাদেশের গোলরক্ষক আজ খুব ভালো খেলেছে। আমরা আরও বেশি গোল দিতে পারতাম, ওই মেয়েটির জন্যই হয়নি।’
জাপানের সঙ্গে হেরেও খুশি বাংলাদেশের কোচ গোলাম রব্বানী, ‘মেয়েরা আগের ম্যাচে ভয় পেয়েছিল বলেই বাজে ফল করে। কিন্তু আজ ওদের স্বাভাবিক খেলাটাই খেলেছে। আমি খুব খুশি।’ কোচের দাবি, এই ম্যাচটিই মেয়েদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে, ‘আজকের ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে মাঠে নামিনি সত্যি, কিন্তু মেয়েরা যেভাবে খেলেছে তাতে ওদের আত্মবিশ্বাস ফিরে এসেছে।’
৩৯ মিনিটে ৩-০। অথচ পরের ৫১ মিনিট জালে বলই ঢুকতে দেয়নি কৃষ্ণারা। কোচ রহস্যটা খুলে বলেছেন ম্যাচ শেষে, ‘ওদের ইশহিদা ও কিনোশিতা ভয়ংকর ফুটবলার। দ্বিতীয়ার্ধে মেয়েদের বলেছিলাম, তোমরা ওই দুজনকে আটকাও। এতেই কাজ হয়েছে।’
আগামী পরশু গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কাল অস্ট্রেলিয়াকে ৭-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া। দুই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দুই জয়ে সেমিফাইনালে জাপান ও উত্তর কোরিয়া।
বাংলাদেশ দল: মাহমুদা, শিউলি, শামসুন্নাহার, মাসুরা, মনিকা (মার্জিয়া), সানজিদা (আনাই), মৌসুমী (রত্না), স্বপ্না, আঁখি, কৃষ্ণা, মারিয়া।