লড়াই জমিয়ে রাখল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ বক্সের সামনে ফ্রি-কিক পেল রিয়াল সোসিয়েদাদ। জিনেদিন জিদানসহ রিয়াল ডাগআউটের সবার স্নায়ুচাপটা তখন স্পষ্ট। কী জানি হয়, একটা গোল হলেই লিগের আশা শেষ! জটলা থেকে উড়ে আসা বলটা বাইরে মারতেই রেফারির বাঁশি বাজল, রিয়ালও যেন বড় একটা নিশ্বাসে বুকে চেপে থাকা ভারটা নামিতে দিল। সোসিয়েদাদের মাঠে ১-০ গোলের এই জয় নিয়ে কিছুক্ষণের জন্য হলেও লা লিগার শীর্ষে উঠে গিয়েছিল জিদানের দল। রাতে অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদ জেতায় তাতে আবারও বদলে গেছে পয়েন্ট তালিকার অবস্থান।
তবে রিয়ালের মতো স্বস্তি পায়নি বায়ার্ন মিউনিখ। জিতলেই বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত, প্রথম জার্মান ক্লাব হিসেবে টানা চারবার লিগ শিরোপাও জেতা হয়ে যেত এতে। অথচ এমন ম্যাচে ঘরের মাঠে বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের সঙ্গে ১-১ গোলে ড্র করে বসেছে পেপ গার্দিওলার দল। তা-ও শিরোপা হতো, কিন্তু অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড ৫-১ গোলে ভলফসবুর্গকে হারানোয় অপেক্ষাটা অন্তত এক ম্যাচের জন্য বেড়ে গেল বায়ার্নের।
অ্যানোয়েতায় অপেক্ষায় ছিল রিয়ালও, একটা গোলের। চোটের কারণে আবার এই ম্যাচে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। বেল-হামেসদের ব্যর্থতায় গোলও আসছিল না। তবে ৮০ মিনিটে ‘ত্রাতা’ হয়ে এলেন বেল। লুকাস ভাসকেজের ক্রসে হেড করে রিয়ালকে কাঙ্ক্ষিত জয়টা এনে দিলেন ওয়েলশ উইঙ্গার।
বায়ার্ন কোচ পেপ গার্দিওলাও হয়তো এমন কিছু চাইছিলেন। ৬ মিনিটে টমাস মুলারের গোলে ইতিহাস লেখার প্রস্তুতি নিচ্ছিল বাভারিয়ানরা। প্রথম জার্মান ক্লাব হিসেবে টানা চার শিরোপা জয়ের রেকর্ড গড়া তো হতোই, পাশাপাশি আলিয়াঞ্জ অ্যারেনার একটা অপেক্ষাও ফুরোত। ২০০৫ সালে এই মাঠে আসার পর থেকে কখনো ঘরের সমর্থকদের সামনে শিরোপা নিশ্চিত করতে পারেনি বায়ার্ন। ৭২ মিনিটে মনশেনগ্ল্যাডবাখের আন্দ্রে হানের গোল নিশ্চিত করে দিল, এবারও তা হচ্ছে না। অন্তত এই ম্যাচে। সূত্র: ইএসপিএন।