লড়াই তো চিলি-জার্মানিরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে বল দখলের লড়াই চলছে ডিফেন্ডার মারভিন প্লাটেনহার্ট (বাঁয়ে) ও মিডফিল্ডার কেরেম ডেমিরবেইয়ের মধ্যে। কোচ জোয়াকিম লোর ঘোষণা সত্যি হলে আজ এমন দু-একজন নতুন মুখকেই দেখা যেতে পারে জার্মানি দলে। কাল সোচিতে  l এএফপি
অনুশীলনে বল দখলের লড়াই চলছে ডিফেন্ডার মারভিন প্লাটেনহার্ট (বাঁয়ে) ও মিডফিল্ডার কেরেম ডেমিরবেইয়ের মধ্যে। কোচ জোয়াকিম লোর ঘোষণা সত্যি হলে আজ এমন দু-একজন নতুন মুখকেই দেখা যেতে পারে জার্মানি দলে। কাল সোচিতে l এএফপি

শিরোনামটা একটুও মিথ্যা নয়। দিন তিনেক আগেই মাঠে একে অন্যের মুখোমুখি হলেও আজও লড়াইটা থাকছে জার্মানি-চিলির মধ্যেই।

কনফেডারেশনস কাপের আজকের সূচি ভিন্ন বলবে। বাংলাদেশ সময় রাত ৯টায় সোচিতে ক্যামেরুনের সঙ্গে খেলবে জার্মানি, একই সময়ে মস্কোতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে চিলি। নিজেদের ম্যাচে ১ পয়েন্ট করে পেলেই হলো চিলি-জার্মানির, দুই দলই উঠে যাবে সেমিফাইনালে। তবু লড়াইটা তাদের মধ্যে কেন? গ্রুপসেরা হতে হবে না!

‘বি’ গ্রুপের শীর্ষে থেকে যারা উঠবে, সেমিফাইনালে তারা পাবে ‘এ’ গ্রুপের রানার্সআপ মেক্সিকোকে। কাল রাতে নিউজিল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা দল হয়ে সেমিফাইনালে উঠে গেছে পর্তুগাল। অন্য ম্যাচে রাশিয়াকে ২-১ গোলে হারিয়ে মেক্সিকো হয়েছে রানার্সআপ।

চিলির চেয়ে জার্মানির কাজটাই আজ একটু কঠিন। একে তো প্রতিপক্ষ ক্যামেরুন, তার ওপর গ্রুপসেরার দৌড়ে এ মুহূর্তে জার্মানির চেয়ে এগিয়ে চিলি। দুই ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ৪, কিন্তু জার্মানির গোল ব্যবধান +১, চিলির +২।

তবে ডাগআউটে জোয়াকিম লো আছেন বলেই অনেকটা নিশ্চিন্ত থাকতে পারেন জার্মান সমর্থকেরা। লো আছেন, আর জার্মানি কোনো টুর্নামেন্টে অন্তত শেষ চারে ওঠেনি, এমন কখনো হয়নি। ২০০৬ বিশ্বকাপে ছিলেন ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী, সেবার স্বাগতিক জার্মানি ওঠে সেমিতে। এরপরের প্রধান কোচ হওয়ার পরও প্রতিটি বিশ্বকাপ, প্রতিটি ইউরোতে জার্মানদের অন্তত সেমিতে নিয়ে গেছেন। ২০১৪ বিশ্বকাপে তো শিরোপা নিয়েই ব্রাজিল থেকে ফিরেছে জার্মানি!

গ্রুপসেরা হয়েই এবারও রেকর্ডটা ধরে রাখতে চান লো, ‘সেমিফাইনালে উঠতে ড্র-ই যথেষ্ট। তবে গ্রুপে সেরা হতে পারলেই ভালো লাগবে, যাতে সোচিতে আমরা সেমিফাইনাল খেলতে পারি (‘এ’ গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে)।’ দলে বদল আনার ইঙ্গিতও দিয়েছেন জার্মানি কোচ, ‘এক-দুটি জায়গায় বদল আনার কথা ভাবছি। কয়েকজন বিশ্রাম পাবে, যাতে নতুন দু-একটি মুখ সুযোগ পায়।’ একটা বদল অবশ্য বাধ্য হয়েই আনতে হতে পারে লো-কে। মিডফিল্ডার এমরে চ্যান অনুশীলনে হালকা চোট পেয়েছেন। ম্যাচের আগে তাঁর অবস্থা আরেকবার পরীক্ষা করে দেখা হবে।

চোট-সংক্রান্ত ব্যাপারেই উল্টো খুশি হয়তো চিলি কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি। ম্যানচেস্টার সিটির হয়ে খেলার সময় গত এপ্রিলে পাওয়া চোট কাটিয়ে ফিরেছেন গোলকিপার ক্লদিও ব্রাভো, সুস্থ হয়ে উঠেছেন জার্মানির বিপক্ষে সর্বশেষ ম্যাচে চোট পাওয়া ডিফেন্ডার গ্যারি মেদেলও। এএফপি।