লড়াইটা আসলে সারহান-বাঙ্গুরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদামাঠে শেখ রাসেলের খালেকুজ্জামান (নীল জার্সি) ও ব্রাদার্সের মেসবাহর মধ্যে বল দখলের লড়াই। ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
কাদামাঠে শেখ রাসেলের খালেকুজ্জামান (নীল জার্সি) ও ব্রাদার্সের মেসবাহর মধ্যে বল দখলের লড়াই। ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

ম্যাচ শেষে ফুটবলারদের বেঞ্চে মুখ কালো করে বসে রইলেন কামাল বাবু। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের কাছে হেরে হতাশ রহমতগঞ্জের কোচ। প্রথম ম্যাচে আরামবাগকে হারিয়ে দেওয়া রহমতগঞ্জ কাল মুক্তিযোদ্ধার কাছে হেরে গেছে ৩-২ গোলে।

নামেই মুক্তিযোদ্ধা-রহমতগঞ্জ ম্যাচ। আসলে লড়াই তো হলো দুই দলের দুই বিদেশি ফরোয়ার্ডের মধ্যে। মুক্তিযোদ্ধার ছিলেন জাকি সারহান, রহমতগঞ্জের ইসমাইল বাঙ্গুরা। তবে মিসরীয় জাকি সারহানই গড়ে দিয়েছেন ব্যবধান। কাদামাঠেও অসাধারণ ড্রিবলিং করেছেন, সারা মাঠ দৌড়ে খেলেছেন। দলের তিনটি গোলেই রেখেছেন অবদান। দুটি করেছেন, একটি করিয়েছেন। ওদিকে রহমতগঞ্জকে পয়েন্ট এনে দেওয়ার আপ্রাণ চেষ্টা করার পথে দলের দুটি গোলই করেছেন গিনিয়ান বাঙ্গুরা।

ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে গিয়েছিল কিন্তু রহমতগঞ্জ। বক্সের বাইরে থেকে সাদ্দাম হোসেনের ক্রসে দুই ডিফেন্ডারের মাঝে দাঁড়িয়ে শূন্যে লাফিয়ে হেডে গোল করেন বাঙ্গুরা। দ্রুতই ম্যাচে ফেরার চেষ্টা করে মুক্তিযোদ্ধা। ২২ মিনিটে সারহানের ক্রস রহমতগঞ্জের গোলরক্ষক রাজীবের হাত ফসকে বেরিয়ে যায়। সামনে দাঁড়িয়ে থাকা আমজাদ আলীর সুযোগসন্ধানী ভলিতে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা (১-১)। গোল করেই গ্যাংনাম নাচ চট্টগ্রামের লিগ থেকে মুক্তিযোদ্ধায় আসা আমজাদের! ২৭ মিনিটে সৈকতের ক্রসে হেড করে ২-১ করেন সারহান। ৪৫ মিনিটে মাঝমাঠ থেকে একাই বল টেনে বক্সে ঢোকেন সারহান। রহমতগঞ্জের ডিফেন্ডার শরীফুল ইসলামকে ছিটকে ফেলে বল পাঠিয়ে দেন জালে (৩-১)। গোল শোধের মরিয়া চেষ্টা চালিয়েছে রহমতগঞ্জ। ৬৩ মিনিটে ইসমাইল বাঙ্গুরার হেডে দেওয়া গোলটিতে ব্যবধানই শুধু কমাতে পেরেছে তারা (৩-২)।

শেখ রাসেল-ব্রাদার্স ড্র

পাঁচ দিনের ব্যবধানেই ভিন্ন চেহারায় শেখ রাসেল ক্রীড়াচক্র। গত মৌসুমে দুঃস্বপ্নের মধ্যে কাটানো দলটি এবার প্রথম ম্যাচে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। কিন্তু কাল দ্বিতীয় ম্যাচেই ব্রাদার্সের সঙ্গে করল গোলশূন্য ড্র।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাদামাঠে স্বাভাবিক ফুটবল খেলাটা অসম্ভব। দিনের দ্বিতীয় ম্যাচ বলে মাঠ হয়ে পড়েছিল আরও খারাপ। একদিকে বল মারলে গতি বদলে সেটি যায় অন্য জায়গায়। ফুটবলাররা মাঠে বারবার আছাড় খেয়ে পড়েন। তবে এটা ঠিক, শেখ রাসেল নিজেদের প্রথম ম্যাচের মতো ভালো যেমন খেলতে পারেনি, আবার ব্রাদার্সের কৌশলের কাছেও মার খেয়েছে। গত ম্যাচে জোড়া গোল করা শেখ রাসেলের ফরোয়ার্ড দাউদা সিসেকে বলতে গেলে বোতলবন্দীই করে রেখেছিল ব্রাদার্সের রক্ষণ। শেখ রাসেলের উল্লেখ করার মতো দুটি আক্রমণ নষ্ট করেছেন ফজলে রাব্বি ও সবুজ বিশ্বাস। শেখ রাসেলকে রুখে দিতে পেরেই যেন খুশি ব্রাদার্স কোচ জিওভান্নি স্কানু। পয়েন্ট খুইয়ে শেখ রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিক কাঠগড়ায় দাঁড়ি করিয়েছেন মাঠকে, ‘মাঠ একটা বড় ফ্যাক্টর ছিল। এখানে পারফরম্যান্স বিচারের কোনো রাস্তা নেই। তবে ভাগ্যটা ভালো হলে হয়তো জেতা যেত। ধারাবাহিকভাবে ভালো খেলার জন্য ভালো মাঠেরও দরকার।’