লড়াইটা তাঁদেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই অধিনায়ক। বাংলাদেশের সাবিনা, ভারতের বালা দেবী l বাফুফে
দুই অধিনায়ক। বাংলাদেশের সাবিনা, ভারতের বালা দেবী l বাফুফে

কাল দুপুরে টিম হোটেলের লবিতে দেখা হয়ে গেল দুজনের। ভারতের অধিনায়ক বালা দেবী সংবাদ সম্মেলন শেষে ফিরছেন, বাংলাদেশের সাবিনা খাতুন ওই কক্ষে ঢোকার অপেক্ষায়। স্থানীয় গণমাধ্যম এক ফ্রেমে ছবিটা ধরে রাখতে পাশাপাশি দাঁড় করিয়ে দিল দুই অধিনায়ককে। দুজনের মুখেই সৌজন্যের হাসি।
ছয় বছর আগে কক্সবাজারে হয়েছিল মেয়েদের প্রথম সাফ। সেই থেকে চারটি সাফেই আছেন সাবিনা। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এই স্ট্রাইকার ঘরোয়া ফুটবলে মুড়ি-মুড়কির মতো গোল করেন। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে সেভাবে জ্বলে উঠতে পারেননি আগে। এবার ব্যতিক্রম সাবিনা, প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার দিনে পাঁচটি গোল করেছিলেন। ভারতের সঙ্গে ড্রয়ের ম্যাচে দুর্দান্ত খেললেও অবশ্য গোল পাননি সাতক্ষীরার মেয়ে। তবে মালদ্বীপের জালে সেমিফাইনালে ৬ গোলের দুটি তাঁর। ৭টি গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও সাবিনা। বাংলাদেশের ফাইনালে ওঠার পেছনে বড় অবদান রেখেছেন এই সাবিনা। আজকের ম্যাচে হয়তো তাঁকে বোতলবন্দী করে রাখতে চাইবে ভারত। তবে ভয় না পেয়ে ট্রফির দিকেই সব নজর সাবিনার, ‘আমাদের সবাই স্বাভাবিক আছে। আমিও তা-ই। কোনো চাপ নিচ্ছি না। খেলাটা উপভোগ করতে চাই। নিজেদের সেরাটা খেলে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব।’
সাবিনার চেয়ে উচ্চতায়, বয়সে, অভিজ্ঞতা সব দিক দিয়েই এগিয়ে বালা দেবী। তবে সাবিনার মতো সাফের চারটি আসরে খেলার সুযোগ হয়নি তাঁর। কক্সবাজারে ২০১০ সাফে ভুটানের সঙ্গে ১৮ গোলে জেতা ম্যাচে বালা দেবী করেছিলেন ৫টি। তবে ২০১২ সাফ দল থেকে ছিটকে যান মণিপুরির এই মেয়ে। পরের বার ফিরেই ৫ ম্যাচে তাঁর সর্বোচ্চ ১৪ গোল। গত দুই বছর ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্ষসেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে।
এই সাফে অবশ্য এ পর্যন্ত গোল পাননি বালা। তবে আজ ফাইনাল জিতে ভারতকে টানা চারটি সাফ ট্রফি উপহার দিতে চান বালা, ‘এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো খেলছে, কিন্তু আমরাও ঘরের মাঠে খেলব। আশা করি, এবারও আমরাই চ্যাম্পিয়ন হব।’