লড়াইটা তাঁদেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট লেভানডফস্কি, অবামেয়াং
রবার্ট লেভানডফস্কি, অবামেয়াং

খুঁড়িয়ে খুঁড়িয়ে গত পরশু অনুশীলন মাঠ ছেড়েছেন রবার্ট লেভানডফস্কি। বায়ার্ন মিউনিখের সমর্থকদের তা দেখে মাথায় হাত! তবে সমর্থকদের আশ্বস্ত করতে বেশি সময় নেননি তারকা এই ফরোয়ার্ড। অনুশীলন থেকে ফেরার খানিক পরেই টুইটারে জানিয়েছেন নিজের সর্বশেষ অবস্থা, ‘সবকিছু ঠিক আছে। আমি প্রস্তুত থাকব।’ প্রস্তুত তো লেভাকে থাকতেই হবে। আজ যে বায়ার্নের বড্ড প্রয়োজন তাঁকে। বুন্দেসলিগার ‘ডার ক্লাসিকার’ খেলতে নামবে দলটি।
বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ম্যাচটি খেলার জন্য লেভা উন্মুখ হয়ে আছেন অন্য একটি কারণেও। এই ম্যাচই যে লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে সবচেয়ে বড় প্রতিপক্ষ পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের মুখোমুখি করে দিচ্ছে তাঁকে। ২৫ গোল নিয়ে শীর্ষে এখন ডর্টমুন্ডের গ্যাবনিজ ফরোয়ার্ড অবামেয়াং। এক গোল পেছনে পোলিশ ফরোয়ার্ড লেভা। এই দ্বৈরথ তাঁকে যে কতটা টানে, তা জানালেন বায়ার্ন-সতীর্থ ডেভিড আলাবা, ‘অবামেয়াংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে।’
লেভানডফস্কি আর অবামেয়াং যেমন গা ঘেঁষাঘেঁষি করে এগোচ্ছেন, পয়েন্ট তালিকায় বায়ার্ন আর ডর্টমুন্ডের অবস্থা ঠিক তেমন নয়। ২৭ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে টানা পঞ্চম শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে বায়ার্ন। ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ডর্টমুন্ড। তাদের লড়াইটা এখন মূলত শীর্ষ তিনের মধ্যে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সরাসরি জায়গা করে নেওয়া। ৫৫ পয়েন্ট নিয়ে লাইপজিগ আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা হফেনহেইমের পয়েন্ট ৫১।
বায়ার্ন আর ডর্টমুন্ডের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ অন্য এক দিক থেকে। দুই দলের জন্যই যে এটি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি সেরে নেওয়ার উপলক্ষ। আগামী মঙ্গলবার নিজেদের মাঠে মোনাকোর মুখোমুখি হবে ডর্টমুন্ড। আর আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদকে। আলাবার কথায় উঠে এসেছে সেই প্রসঙ্গই, ‘ম্যাচটি জিতে আমরা রিয়ালের বিপক্ষে চাঙা থাকতে চাই। এটাই আমাদের লক্ষ্য।’ আরেকটি লক্ষ্য হয়তো আলাবা ঊহ্যই রেখেছেন। ম্যাচটি যে বায়ার্নের জন্য প্রতিশোধের উপলক্ষও। চলতি মৌসুমে লিগে ডর্টমুন্ডের মাঠ থেকে যে হেরে এসেছিল জার্মান চ্যাম্পিয়নরা। এএফপি।