লড়াইয়ের মানসিকতা কই ফুটবলারদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছু খেলোয়াড়ের মাঠে মন থাকে না—জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে এমন অভিযোগ অনেকেরই। ছবি: বাফুফে
কিছু খেলোয়াড়ের মাঠে মন থাকে না—জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে এমন অভিযোগ অনেকেরই। ছবি: বাফুফে

জর্ডানের কাছে আট গোলে হার বাংলাদেশ দলের অধিনায়ক রেজাউল করিমের নাকি বিশ্বাসই হয়নি! নিজেই বলছেন,‘এটা আমার কাছে অবিশ্বাস্য লাগছে এখনো।’ ২৪ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচটি খেলে পরদিন রাতেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ প্রথম আলোকে রেজাউল বলেন,‘ রক্ষণে অনেক সমস্যা ছিল আমাদের। কিছু গোল খেয়েছি খুবই বাজে। আসলে আমরা গুছিয়ে উঠতে পারিনি।’
আট গোল খাওয়ার অনেক ব্যাখ্যা আছে অধিনায়কের। তবে দিন শেষে এটা মানতে বাধ্যই হলেন,‘ অবশ্যই, এত বড় হারের দায় খেলোয়াড়দেরই। আমরা খারাপ খেলেছি।’ বাংলাদেশ দলের কিছু খেলোয়াড়ের খেলার প্রতি মন থাকে না, মাঠে নিজের সেরাটা দিতেও তাঁরা তৈরি নন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের দিকে তাকালে এই ছবিটা বেরিয়ে আসে। অধিনায়ক এর সঙ্গে একমত নন, আবার জোরালো কণ্ঠে দ্বিমতও করেননি। তাঁর কথা,‘ এ রকম কেউ করে থাকলে সেটা দুঃখজনক।’
বলা হয়, দলবদল-টাকা-ফেসবুক-সেলফি ইত্যাদি নিয়েই ব্যস্ত থাকেন বেশির ভাগ ফুটবলার। তাঁদের মধ্যে জীবন-পণ লড়াই করার মানসিকতা গড়ে ওঠেনি। অনুশীলনে নেমে তাঁদের চোখে থাকে কোনো ক্যামেরাম্যানের দিকে, যাঁর দিকে তাকিয়ে তাঁরা ছবি তুলবেন।
এ প্রসঙ্গে রেজাউল বলছেন,‘ এমনটা কেউ করে থাকলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি নিজে মাঠে সেরাটা দিতে চেষ্টা করি সব সময়।’ কিন্তু সেই চেষ্টার ফলও যখন আট গোল, তখন বুঝতে বাকি থাকে না বাংলাদেশ দল কতটা নিষ্প্রভ হয়ে পড়েছে।
জর্ডানের বিপক্ষে এমন লজ্জাজনক ফল চোটের কারণে মাঠের বাইরে বসে দেখেছেন অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালি ফয়সাল। এই হারে তিনিও ব্যথিত। বলছেন,‘ জর্ডানের চেয়ে আরব আমিরাত ভালো দল। আমিরাতে সঙ্গে আমরা ছয় গোল খেয়েছি। অথচ জর্ডানের সঙ্গে আট গোল, এটা মেনে নেওয়া কঠিন।’
জর্ডান নিজেদের মাঠে বাংলাদেশ দলকে উড়িয়ে দিতে চাইবে এটা জেনেও বাংলাদেশ সেদিন ৪-৪-২ ছকে নামে। দুজন স্টপার ছিলেন রেজাউল ও আরিফুল। উচিত ছিল তিনজন স্টপার খেলানো। কথাটা দলের ভেতর থেকেই বলছেন অনেকে। নতুন কোচ গঞ্জালো মোরেনো ধরে নিয়েছিলেন চারজন ডিফেন্ডার নিয়েই লড়াই করা যাবে শক্তিশালী জর্ডানের সঙ্গে। তাঁর সেই পরিকল্পনা কাজে আসেনি। তবে দ্বিতীয়ার্ধে রক্ষণে তপু বর্মনকে নামানোর পর গোল হয়েছে ‘মাত্র’ তিনটি!
শৃঙ্খলাভঙ্গসহ নানা কারণে নিয়মিত একাদশের আট-নয় খেলোয়াড়ই ছিলেন না। শুধু জামাল ভূঁইয়া ও নাসিরেরই নিয়মিত খেলার অভিজ্ঞতা ছিল এই দলে। কিন্তু নতুনরা সুযোগ পেলেও নিজেদের মেলে ধরতে পারেনি। মেলে ধরার চেষ্টাও তাঁদের মধ্যে কম। তাই অনেকে বলেন, বর্তমান প্রজন্মের পক্ষে ফুটবলে ভালো কিছু করা আসলে সম্ভব নয়। জাতীয় দলে লম্বা সময় ধরে খেলার অভিজ্ঞতায় ওয়ালি ফয়সালও কিছুটা আশাহত বর্তমান খেলোয়াড়দের নিয়ে,‘ এটা মানতেই হবে এখনকার ফুটবলারদের মধ্যে ভালো করার তাড়নাটা কম। ভুল থেকে শেখার আগ্রহেও ঘাটতি দেখছি। ওরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে না।’ দলবদল-টাকা ইত্যাদি নিয়েই ফুটবলারদের ব্যস্ততা প্রসঙ্গে এই ডিফেন্ডারের কথা,‘ কেউ কেউ হয়তো তাদের মনোযোগ ওই দিকে রাখতে পারে। তবে ঢালাও বলা যাবে না।’
ফুটবলের এই দুর্দশার জন্য ফেডারেশন, কোচ, খেলোয়াড় সবারই দায় দেখেন ওয়ালি। আর অধিনায়ক রেজাউল করিম জর্ডান অভিজ্ঞতায় বলছেন, ‘আমাদের মানসিকভাবে আরও পরিপক্ব হয়ে গড়ে উঠতে হবে। আমরা একটা পর্যায়ে আটকে আছি। আমাদের একটা দল তৈরি করা দরকার।’
ডি ক্রু্ইফের অধীনে একটা দল তৈরি হতে হতেই শেষ পর্যন্ত বাফুফের অস্থিরতা আর পরিকল্পনাহীনতায় তা আর হয়নি। সেটারই ফল জাতীয় দলের এই ভরাডুবি!