লড়ে যাবেন ব্ল্যাটার-প্লাতিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা নৈতিকতা কমিটির রায়ের পর কাল জুরিখে সেপ ব্ল্যাটারের সংবাদ সম্মেলন। ফিফার সাবেক সভাপতি কিন্তু নির্দোষ দাবি করেছেন নিজেকে l এএফপি
ফিফা নৈতিকতা কমিটির রায়ের পর কাল জুরিখে সেপ ব্ল্যাটারের সংবাদ সম্মেলন। ফিফার সাবেক সভাপতি কিন্তু নির্দোষ দাবি করেছেন নিজেকে l এএফপি

মুখে খোঁচা খোঁচা দাড়ি, গালের ওপর একটা ব্যান্ড এইড লাগানো। চোট-টোট পেয়েছেন হয়তো, সেই ক্ষত ঢাকার জন্যই ওই ব্যান্ড এইড। তা সেই ক্ষত নাহয় ঢাকা গেল, কিন্তু কালকের দিনটি ব্ল্যাটারের জীবনে যে ক্ষতচিহ্ন এঁকে দিল, সে কি আর সহজে ঢাকা পড়ে? কাল সংবাদ সম্মেলনে সেপ ব্ল্যাটার নিজেকে নির্দোষ দাবি করে একটু আবেগাপ্লুত হয়ে পড়লেন। ব্ল্যাটারের মতোই আট বছরের নিষেধাজ্ঞা পাওয়া মিশেল প্লাতিনি অবশ্য প্রকাশ্যে আসেননি, তবে এক বিবৃতিতে নিজেকে ‘ষড়যন্ত্রের শিকার’ বলে দাবি করেছেন।
ফিফা ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারিটা কাল সম্ভবত চূড়ান্ত নাটকীয়তা দেখে ফেলল। বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর দুই প্রশাসক তাঁরা দুজন। একই দিনে একরকম সমাপ্তিই ঘোষিত হলো ব্ল্যাটার-প্লাতিনি যুগের। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দুজন। সর্বোচ্চ ক্রীড়া আদালতে অবশ্য আপিল করার সুযোগ থাকছে। দুজনই সেখানে যাবেন বলে ঘোষণাও দিয়েছেন। তবে তার আগ পর্যন্ত ফুটবলে ব্ল্যাটার-প্লাতিনি শেষ হয়ে যাওয়া এক অধ্যায়।
ব্ল্যাটার আগেই ঘোষণা দিয়েছিলেন জুরিখের সংবাদ সম্মেলনের। সেখানে বলেছেন, ‘আমি দুঃখিত, আমাকে একটা খেলনা হিসেবে ব্যবহার করা হয়েছে। ফিফা সভাপতি হিসেবে আমি দুঃখিত, ফুটবলের জন্যও দুঃখিত। ৪১ বছর ধরে যেখানে কাজ করেছি, সেই ফিফার জন্য দুঃখিত। আমার ৪০০ জন সহকর্মীর জন্য দুঃখিত।’ তবে সেই দুঃখ প্রকাশে কোনো দোষ স্বীকার বা অনুতাপের ব্যাপার নেই। আগেও নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। কাল সেই দাবিই করলেন আবারও, ‘আমি দুঃখিত, কিন্তু লজ্জিত নই। বরং জানতে চাইতে পারেন আমি নিজেকে প্রতারিত মনে করছি কি না। আমি বলব, হ্যাঁ।’
সর্বোচ্চ ক্রীড়া আদালতে তো যাবেনই, সেখানে ব্যর্থ হলেও সুইস আদালতে যাওয়ারও ঘোষণা দিয়ে রেখেছেন ব্ল্যাটার, ‘আমি আশাবাদী মানুষ। ফিফা ও ফুটবলের জন্য আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব।’ নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কতটা ঝড় বয়ে গেছে, সেটাও জানিয়েছেন, ‘আমার জীবন অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার পরিবারকে ব্যঙ্গ করা হয়েছে, আমার মেয়ে ও তার বন্ধুরাও বাদ পড়েনি। এমনকি পৈতৃক গ্রামেও আমাকে নিয়ে উপহাস করা হয়েছে।’
ব্ল্যাটার ষড়যন্ত্র-তত্ত্বের দিকে যাননি। তবে প্লাতিনির দাবি কিন্তু এমনই। দুই দিন আগে সরাসরিই ‘ষড়যন্ত্রের’ কথা বলেছিলেন, বিবৃতিতেও সেই অভিযোগ থাকল, ‘আমি এই সিদ্ধান্তে একদমই অবাক হইনি। আমি নিশ্চিত, ১৮ ডিসেম্বরের আগেই আমার ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল। এই রায়টা আমাকে ফুটবল-বিশ্ব থেকে বাদ দেওয়ার ইচ্ছা থেকেই একটা দুর্বল চেষ্টা। আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার।’ লড়াই করার ঘোষণাও দিয়ে দিয়েছেন, ‘সর্বোচ্চ ক্রীড়া আদালতের কাছে তো আমি যাবই, পাশাপাশি এই লম্বা সময়ে আমার যত ক্ষতি হয়েছে, সেটার বিরুদ্ধেও আদালতে যাব।’
ব্ল্যাটার-প্লাতিনির নির্বাসন ঘোষণায় ফুটবল-বিশ্বের প্রতিক্রিয়াটা মিশ্র। উয়েফা যেমন এক বিবৃতিতে জানিয়েছে, প্লাতিনির নিষেধাজ্ঞায় তারা হতাশ। এশিয়ান ফুটবল ফেডারেশনের মহাসচিব পিটার ভেলাপ্পনও মনে করছেন, আট বছরের নিষেধাজ্ঞা বাড়াবাড়ি হয়ে গেছে। সেটি এক বা দুই বছরের জন্য হলে ভালো হতো। আবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি জাভিয়ের তেবাস বলছেন, দুজনেরই আরও লম্বা নিষেধাজ্ঞা পাওয়া উচিত ছিল। এএফপি।