শ-রাফিনহার দুর্ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ শুরুর প্রথম সপ্তাহেই ক্লাবগুলোর কাছে যেন অভিশাপ হয়ে এসেছে চোট। চোটে পড়ে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লুক শ, বার্সেলোনা মিডফিল্ডার রাফিনহা, রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেল ও রোমার গোলরক্ষক সেজনি।
লুক শ আর রাফিনহার চোটই সবচেয়ে গুরুতর। আইন্দহফেনের বিপক্ষে পাওয়া চোটে ইউনাইটেড ডিফেন্ডার শয়ের পায়ের দুটি জায়গা ভেঙে গেছে। গত মঙ্গলবার ম্যাচের দিনই আইন্দহফেনের এক হাসপাতালে প্রথম অস্ত্রোপচার করা হয়েছিল। গতকালই তাঁর দ্বিতীয় অস্ত্রোপচার হওয়ার কথা। ছয় মাসের আগে হয়তো মাঠে ফিরতে পারছেন না শ।
বুধবার রোমার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নামার পর চোট পান রাফিনহা। পরে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়েছে হাঁটুর লিগামেন্টই ছিঁড়ে গেছে তাঁর। শৈল্যবিদের ছুরির নিচে যেতে হচ্ছে তাঁকেও। এএফপি, রয়টার্স।
একই ম্যাচে বার্সা স্ট্রাইকার লুইস সুয়ারেজের সঙ্গে ধাক্কায় চোট পেয়েছেন রোমা গোলরক্ষক সেজনি। মাঠে ফিরতে তিন থেকে ছয় সপ্তাহ লাগতে পারে তাঁর। শাখতার দোনেৎস্কের বিপক্ষে পায়ের পেশিতে চোট পেয়ে ম্যাচের ৩১ মিনিটেই উঠে যেতে হয়েছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেলকে। গত মৌসুমে এমন এক চোটেই প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। এবারও সে রকমই সময় লাগতে পারে বলে মনে করছেন রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ।