শক্তি বনাম লড়াইয়ের প্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বাফুফে ভবনে হাসিমুখে বাংলাদেশ অধিনায়ক মামুনুল ও জর্ডানের গোলরক্ষক আহমেদ নওয়াজ। আজ ম্যাচ শেষে কার মুখে থাকবে হাসি? l প্রথম আলো
কাল বাফুফে ভবনে হাসিমুখে বাংলাদেশ অধিনায়ক মামুনুল ও জর্ডানের গোলরক্ষক আহমেদ নওয়াজ। আজ ম্যাচ শেষে কার মুখে থাকবে হাসি? l প্রথম আলো

জর্ডানের দীর্ঘদেহী গোলরক্ষক আহমেদ নওয়াজের সঙ্গে ছবি তুলতে মামুনুলকে ডেকে নিলেন ফটোসাংবাদিকেরা। বাফুফে ভবনের সংবাদ সম্মেলনকক্ষে দুজনের করমর্দন আর শুভেচ্ছা বিনিময় হলো কিছুক্ষণ ধরে। জর্ডানের মূল একাদশের বাইরে থাকা এই গোলরক্ষক বাংলাদেশ অধিনায়কের চেয়ে উচ্চতা ও শারীরিক গঠনে অনেক এগিয়ে।
এটিকে প্রতীকী ধরলে কাগজে-কলমের হিসাবেও জর্ডান বাংলাদেশের কাছে ধরাছোঁয়ার বাইরের এক দল। ফিফা র্যা ঙ্কিংয়ে জর্ডান ৯১, বাংলাদেশ ১৭৩। উরুগুয়ের কাছে না হারলে গত ব্রাজিল বিশ্বকাপেই তাদের খেলতে দেখা যেত! দলটির ডাকনাম আল নাসামা, এর অর্থ সাহসী। এশিয়ান কাপে দুবার শেষ আটে ওঠা, প্যান আরব গেমসে দুবার চ্যাম্পিয়ন হওয়াটা তাদের ফুটবল-শৌর্যেরই পরিচায়ক। শক্তি, সামর্থ্য, আন্তর্জাতিক অভিজ্ঞতায় জর্ডান এশিয়ার অন্যতম পরাশক্তিও বটে।
এমন অভিজাত দলের সঙ্গে খেলা বাংলাদেশের কাছে একটা বড় চ্যালেঞ্জই। তার ওপর জর্ডানের সঙ্গে বাংলাদেশের এটিই প্রথম সাক্ষাৎ। তিন দিন আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটাকে খেলোয়াড়েরা বলেছিলেন রোমাঞ্চকর, কিন্তু আজকের ম্যাচ তা অবশ্যই নয়। ভালো খেলার একটি চাপ জেঁকে বসেছে ঘাড়ের ওপর। ঘরের মাঠে খেলা এ ক্ষেত্রে হতে পারে বাড়তি প্রেরণাই।
অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই না-পারার অন্যতম বড় কারণ ছিল পার্থের দ্রুতগতির মাঠ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকেল পাঁচটায় শুরু ম্যাচে সেই সমস্যা অন্তত থাকছে না। চোটের কারণে মিডফিল্ডার হেমন্তকে হারােলও নিজের মাঠে চেনা পরিবেশে মামুনুল ঘুরে দাঁড়াতে মরিয়া, ‘আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা ঘরের মাঠে খেলা। দর্শক মাঠে এসে উৎসাহ দিলে আমরা ভালো একটা ম্যাচ উপহার দেব।’
অস্ট্রেলিয়া ম্যাচের শিক্ষাও হতে পারে বড় শক্তি। ৫ গোলে হারের ওই ম্যাচে যেসব ভুল হয়েছে, তা শুধরে জর্ডান-পরীক্ষায় নামার কথা বলছেন খেলোয়াড়েরা। জর্ডানের শক্তির জবাব তাঁরা দিতে চান চোয়ালবদ্ধ লড়াই করে। পার্থে বাংলাদেশের রক্ষণকাজটা এত নিচে ছিল যে, প্রতিপক্ষের সামনে মাথাই তোলা যায়নি। দুটো পাস খেলেই বল হারিয়েছে বাংলাদেশ। জর্ডানের সঙ্গে যতটা সম্ভব বল পায়ে রাখতে চায় স্বাগতিক দল।
যদি আসে রণকৌশল প্রসঙ্গ, কোচ লোডভিক ডি ক্রুইফ অস্ট্রেলিয়ার ম্যাচের মতো এ ম্যাচেও ঘর সামলে দ্রুত প্রতি-আক্রমণে ওঠার অনুমিত পরিকল্পনাই আঁটছেন। দুই ম্যাচ নিষিদ্ধ থাকার পর আজ তিনি ডাগ-আউটে থাকছেন। দলের জন্য এটা সুখবরই। পার্থের গ্যালারিতে বসে ডি ক্রুইফ দেখেছিলেন বাংলাদেশের প্রতি-আক্রমণ বলতে কিছুই ছিল না। জর্ডানের বিপক্ষে তেমনটা হবে না বলেই তাঁর আশা, ‘পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা ওপরে উঠতে পারিনি। ওরা আমাদের প্রবলভাবে চেপে ধরায় তা সম্ভব ছিল না। তবে ঘরের মাঠে আমরা ওপরে উঠব, দ্রুত আক্রমণে যাব। আশা করছি আমাদের খেলায় উন্নতি দেখা যাবে।’

বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক বাংলাদেশ
ম্যাচ           জয়         
ড্র           হার          গোল
১২               ৫           ২           ৫            ১৬/১৫
* বাংলাদেশের ৫টি জয় ইন্দোনেশিয়া, থাইল্যান্ড (২), পাকিস্তান ও লেবাননের বিপক্ষে। সবচেয়ে বড় জয় পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে, ২০১১ সালে।
* দেশের মাটিতে বাংলাদেশ সর্বোচ্চ ২ গোলের ব্যবধানে হেরেছে তিনটি দলের কাছে—চীন (০-২, ১৯৮৯), তাজিকিস্তান (০-২, ২০০৩) ও কিরগিজস্তান (১-৩, ২০১৫)।

উন্নতির আকাঙ্ক্ষা প্রবল, কিন্তু জর্ডানকে রুখে দেওয়ার স্বপ্ন দেখতেও যেন ভয়! তাই কোচ, অধিনায়ক কেউই ফল নিয়ে কিছু বলতে নারাজ। তাঁদের মুখে শুধু ভালো খেলার প্রতিশ্রুতি, ঘুরে দাঁড়ানোর আকাঙ্ক্ষা। দলের মধ্যে ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভূঁইয়াই একটু ব্যতিক্রমী কথা বলেছেন পরশু, ‘আমি সব সময় জিততে চাই, হারটা অপছন্দ করি, জর্ডান ম্যাচে আমাদের পয়েন্ট চাই।’ জামালের এই জয়-স্পৃহাটা দলকে একটু উজ্জীবিত অবশ্যই করে—কোচ এটি মেনে নিয়েও পরক্ষণেই ফিরে আসেন বাস্তবতার জমিনে।
সেই বাস্তবতায় জর্ডানের জয় নিয়ে সংশয় আসলে সামান্যই। নিজেদের সামর্থ্যের চেয়ে বেশি কিছু দিয়েই কেবল এই ধারণাকে বদলে দিতে পারে মামুনুলের দল। জর্ডানের বেলজিয়ান কোচ পল পুট বড় জয়েরই ছক কষছেন। আগের ম্যাচে কিরগিজস্তানের সঙ্গে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করায় দলটি ঢাকা থেকে ফিরতে চাইছে সুখস্মৃতি নিয়েই। সেটা তারা হাবভাবে বুঝিয়েও দিচ্ছে।
কোচ পল পুট অবশ্য সৌজন্যবশতই হয়তো ম্যাচটাকে ‘কঠিন’ বলছেন, ঘরের মাঠে বাংলাদেশকে সমীহ করছেন, ‘আমরা এমন একটি দলের সঙ্গে খেলতে যাচ্ছি, যারা নিজেদের দর্শকদের সামনে উজ্জীবিত পারফরম্যান্সই করতে চাইবে। তবে আমরা জয় ছাড়া আর কিছু ভাবছি না।’ জর্ডান কোচের ভাবনায় আরেকটি জিনিসও নেই—বৃষ্টি। ৫৯ বছর বয়সী বেলজিয়ান বৃষ্টি চান না। বৃষ্টি হলে স্বাভাবিক খেলাটা ব্যাহত হবে। তবে বৃষ্টি হোক না-হোক, আবহাওয়ার সুবিধাটা স্বাগতিক দলই পাবে তাঁর ধারণা।
বাংলাদেশ কতটা নিতে পারবে সেই সুবিধা?