
অ্যালিশার তুশেভকে দেখে বিভ্রমই লাগল। ইনি তাহলে কোচ? পরিচয় গোপন রেখে প্রথমে বলা হলো দলের অন্যতম খেলোয়াড়। লম্বা ছিপছিপে শরীরে বয়সের ছাপ। প্রথম দেখায় অন্তত ৪৫-৫০ বছর তো মনে হবেই। প্রকৃত বয়স নাকি ৩৯। অভিজ্ঞতায় টইটম্বুর তুশেভ আসলে দলের অধিনায়ক। তাজিকিস্তানের গোলপোস্টে আজ তাঁরই দাঁড়ানোর কথা।
এই তুশেভকে পাশে বসিয়ে নিচু স্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কোচ মুখসিন মুখামাদিয়েভ। সংবাদ সম্মেলন দ্রুত শেষ করার তাগিদ ৪৮ বছর বয়সী কোচের, একটু পরই বুঝি প্লেন ধরবেন! ঢাকার যানজটে পড়ে হোটেল সোনারগাঁও থেকে বাফুফে ভবনে আসতেই নাকি অনেকটা সময় পার। কিছুক্ষণ তা নিয়ে উষ্মা প্রকাশ করে পারলে তখনই মাঠে ঝাঁপিয়ে পড়েন!
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকেল পাঁচটায় আক্ষরিক অর্থেই বাংলাদেশ দলের ওপর ঝাঁপিয়ে পড়তে চায় তাজিকিস্তান। প্রথম ম্যাচে নিজেদের মাঠে জর্ডানের কাছে ৩-১ গোলে হার, দ্বিতীয় ম্যাচে ঢাকা থেকে ৩ পয়েন্ট নিয়ে ফেরার প্রতিজ্ঞাই যেন কোচের মুখে, ‘আমরা এখানে এসেছি জিততে এবং আশা করি জিতব।’
তাজিকদের সামর্থ্যও প্রশ্নাতীত। বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ের ২৭ ধাপ অগ্রগামী, ইতিহাসও মধ্য এশিয়ার দলটির পক্ষে—দুই দলের আগের ছয় সাক্ষাতে চারটিই জয়। পঞ্চম জয়ের সন্ধানে রাশিয়া ও কাজাখস্তানে খেলা দুই খেলোয়াড় এই সফরে না এলেও এটি অভিজ্ঞ দলই। খেলোয়াড়দের গড় বয়স ২৬-২৭। উচ্চতা, স্কিল, দলীয় সমন্বয় সবকিছুই সফরকারী দলটির হয়ে কথা বলছে। ঢাকার আবহাওয়াকেও খুব একটা সমস্যা মানছেন না কোচ।
বাংলাদেশের জন্য ভয়টা এখানেই। বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচের মধ্যে ঘরের মাঠে কিরগিজস্তানও তাজিকিস্তান ম্যাচ থেকেই শুধু পয়েন্ট পাওয়ার বাস্তব সম্ভাবনার কথা এত দিন বলে আসছিলেন কোচ-অধিনায়ক। সেই স্বপ্নযাত্রার শুরুতেই বড় ধাক্কা। কিরগিজদের কাছে ৩-১ গোলে হার তাজিক ম্যাচের ওপর চাপ বাড়িয়েছে আরও। বিশ্বকাপের কথা বাদই দেওয়া যাক, ২০১৯ দুবাই এশিয়া কাপের বাছাইয়ে সরাসরি প্রবেশ করতেও এই ম্যাচে ৩ পয়েন্ট চাই। ড্রও হতে পারে ভালো ফল। হারলে সবই একরকম শেষ!
অলক্ষুনে ওই চিন্তা মাথায় না এনে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। তাজিকদের অদম্য মনোবলেই রুখতে চান অধিনায়ক মামুনুল ইসলাম। লড়াইয়ের আগুন জ্বালিয়ে দিয়ে জেতার আকাঙ্ক্ষাও ব্যক্ত করে ফেললেন, ‘জিততেই নামব আমরা।’ জয়ের মিশনে ঘরের মাঠ বড় অনুপ্রেরণা। তাজিকদের সঙ্গে সর্বশেষ সাক্ষাতে ২-১ গোলে পাওয়া জয়টাও আজ সাহস জোগাতে পারে। কিন্তু ভুলে গেলে চলবে না, পাঁচ বছর আগের সেই তাজিকিস্তান আর এই তাজিকিস্তান এক নয়। ‘দ্য পার্সিয়ান লায়ন’রা এগিয়েছে অনেক।
বাংলাদেশ দলে উন্নতির ছোঁয়া নেই বলা অন্যায় হবে। তবে টানা কিছুদিন ধরে বক্সের আশপাশে অহেতুক ফাউল করে প্রতিপক্ষকে ফ্রি-কিক উপহার দেওয়া, তা থেকে দেদার গোল হজমও চিন্তার কারণ বৈকি। চিন্তাটা বাড়িয়ে দিচ্ছে বহু লড়াইয়ের বিশ্বস্ত সেনানী ডিফেন্ডার নাসিরউদ্দিন হাঁটুর চোটে মাস দুয়েকের জন্য ছিটকে পড়ায়। নিষ্প্রভ আক্রমণভাগের ব্যর্থতা ঢাকতে যিনি গোলও এনে দিয়েছেন অতীতে। নাসিরের না থাকা দলের জন্য বড় দুঃসংবাদ।
ভরসার জায়গাগুলোও চূড়ান্ত রকম নড়বড়ে। স্ট্রাইকার এমিলি পারছেন না। এনামুল ঘরোয়া ফুটবলে এ মৌসুমে ১৪টি গোল পেয়েছেন। কিন্তু ঘরোয়া আর আন্তর্জাতিক ফুটবলে পার্থক্য যোজন যোজন। কিরগিজ ম্যাচেই তা পরিষ্কার দেখা গেছে। আসলে কিরগিজদের প্রতিবেশী তাজিকরাই আজ স্পষ্ট ফেবারিট। বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ তাই জোর দিয়ে ‘জিতব’ শব্দটা একবারও বলেননি, তাঁর কৌশলী উচ্চারণ, ‘২৪ ঘণ্টা আগে কী করে বলব ম্যাচের ফল কী হতে পারে। তবে আমরা সর্বাত্মক চেষ্টাই করব। দিনটা আমাদের হলে জিততেও পারি।’
সেই জয় পেতে কৌশল কী হবে? ডি ক্রুইফ নিরাপদ দূরত্বে হাঁটলেন, ‘বলব কেন!’ তবে প্রতি-আক্রমণনির্ভর কৌশলেই সম্ভবত যাবেন। এশিয়ান গেমসে যে কৌশলে আফগানিস্তানকে হারানো সম্ভব হয়েছিল অনূর্ধ্ব-২৩ পর্যায়ে। সেই ম্যাচ আর এই ম্যাচ যদিও এক নয়। ফুটবলের এগিয়ে যাওয়ার পথে এই ম্যাচ রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই হাজারো চোখ আজ থাকবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
তুশেভের যাক না একটা বাজে দিন!