শক্তিশালী যুব দলই পাঠাচ্ছে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য সুদূরপ্রসারী। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নিজেদের অনূর্ধ্ব-২১ দলকে গড়ে তুলছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। বলা হচ্ছে, এটিই হবে জাপানের ভবিষ্যৎ জাতীয় দল। সেই প্রস্তুতিরই অংশ হিসেবে ১৬ ডিসেম্বর বাংলাদেশে আসছে দলটি।
বাফুফের কাছে পাঠানো জাপান অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় তালিকায় দেখা যাচ্ছে, ২২ জনের ২১ জনই জে-লিগে খেলেন। প্রথম সারির ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে কয়েকজনের। বিদেশে খেলেন শুধু স্ট্রাইকার ইয়া কুবো, সুইজারল্যান্ডের ক্লাব বিএসসি ইয়াং বয়েজের সদস্য তিনি। দলটির অন্যতম বৈশিষ্ট্য, কয়েকজন খেলোয়াড় ছয় ফুটের বেশি দীর্ঘ।
সম্প্রতি ইনচন এশিয়ান গেমসে আর সব দল যেখানে অনূর্ধ্ব-২৩ দলই পাঠিয়েছে, ব্যতিক্রম হয়ে জাপান পাঠিয়েছে এই অনূর্ধ্ব-২১ যুব দলটিকেই। কাতারকে ৪-১ গোলে উড়িয়ে তারা শুরু করেছিল দারুণভাবে। এরপর অবশ্য ইরানের কাছে ৩-১ গোলে হার। নেপালকে ৪-০ ও ফিলিস্তিন দলকে একই ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে। যেখানে ১-০ গোলে হার দক্ষিণ কোরিয়ার কাছে।
জাপানের যুব দলটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে ১৮ ডিসেম্বর। তাদের সামনে দাঁড়াবে বাংলাদেশ জাতীয় দল।