শঙ্কায় বাতিল হলো সহমর্মিতার ম্যাচ

জার্মানি আর হল্যান্ডের মধ্যে এটা নিছক একটি ফুটবল খেলা ছিল না। ছিল সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ আর প্যারিসে হতাহত মানুষদের প্রতি সহমর্মিতা প্রকাশের প্রয়াস। এতে যোগ দিতে হাজারো মানুষ হাজির হয়েছিলেন জার্মানির হ্যানোভার স্টেডিয়ামে। কারও হাতে পতাকা, কারও হাতে ব্যানার।
খেলার জন্য দুই দলই প্রস্তুত। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মাঠে হাজির। মাঠে প্রবেশ করেছেন হাজারো দর্শক। অনেকে ফটকের বাইরে লাইনে দাঁড়িয়ে প্রবেশের অপেক্ষায়। হঠাৎ করেই বেড়ে গেল নিরাপত্তারক্ষীদের কর্ম চঞ্চলতা। স্টেডিয়ামের মাইক থেকে ঘোষণা এল, ‘প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সার্বিক নিরাপত্তার কারণে আজকের খেলা বাতিল ঘোষণা করা হলো। কোনো ধরনের আতঙ্কিত না হয়ে আপনারা দ্রুত স্টেডিয়াম এলাকা ত্যাগ করুন।’
পুলিশের এমন ঘোষণা প্রথমে বিশ্বাস করতে পারেননি স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৪৫ হাজার দর্শক। হঠাৎ করে এমন ঘোষণায় অনেককে মুষড়ে পড়তেও দেখা গেছে।

পরে জানা যায়, হ্যানোভারের ফুটবল খেলাকে কেন্দ্র করে সন্ধ্যা নাগাদ ফ্রান্সের গোয়েন্দা বিভাগ জার্মানির পুলিশকে কিছু তথ্য দিয়েছে। আর সেই কারণে স্টেডিয়ামে ‘সন্ত্রাসী’ হামলার ভয়ে খেলা বাতিল করা হয়। খেলা বাতিল ঘোষণার পরপরই নিদার সাক্সেন প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বরিস পিস্টোরিয়স ও জার্মান ফুটবল দলের রাইনহার্ড রাউল ও জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডে ম্যাজেয়ারে স্টেডিয়াম এলাকাতেই সাংবাদিক সম্মেলন করেন।
তাঁরা বলেন, ‘আমরা স্টেডিয়াম এলাকায় বিস্ফোরণ ঘটতে পারে—এমন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে এই প্রীতি ফুটবল ম্যাচ বাতিলের ঘোষণা দিয়েছি।’
শেষ খবর পাওয়া পর্যন্ত হ্যানোভারের স্টেডিয়াম এলাকায় কোনো বিস্ফোরকের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।