শত শত লাল কার্ডে এক লাল কার্ডের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ত্রাবজনস্পোর সমর্থকেরা। ছবি: বিবিসি
রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ত্রাবজনস্পোর সমর্থকেরা। ছবি: বিবিসি

তুরস্কের ত্রাবজন শহরের রাস্তায় নেমে এসেছেন শত শত লোক। তাদের সবার হাতে লাল কার্ড। মুখে তাদের অনলবর্ষী স্লোগান। কিন্তু কোন ‘অদৃশ্য শত্রুকে’ তাঁরা বার্তা দিতে চাইছেন?

পেছনের কাহিনিটা জানার জন্য ফিরে যেতে হবে এক দিন আগে। গত পরশু তুরস্ক লিগে গ্যালাতাসারাইয়ের সঙ্গে ম্যাচের ঘটনা। রেফারির বিতর্কিত সিদ্ধান্তের জেরে ত্রাবজনস্পোরের সালিহ দুরসান নিজেই রেফারিকে দেখিয়ে দেন লাল কার্ড। সেই ছবিটি পরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে।
ত্রাবজনস্পোরের সমর্থকেরাও দাঁড়িয়েছেন দুরসানের পাশে। কাল রাস্তায় সমর্থকদের বিশাল একটা মহড়াই হয়ে গেছে। কয়েক জন সমর্থক আবার ওই ম্যাচের রেফারি ডেনিজ বিটনেলের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারে’র জন্য আনুষ্ঠানিক অভিযোগও এনেছেন। ত্রাবসজনস্পোরের চেয়ারম্যান মুহারেম উসতা সেই আগুনে যেন ঘিই ঢেলে দিলেন, “গোটা তুরস্ক থেকে একের পর এক বার্তা আসছে, ‘আমরা লজ্জিত’। সালিহ দুরসান পুরো তুরস্কের ফুটবলকেই লাল কার্ড দেখানো হয়েছে। এটা আসলে বিদ্রোহের প্রতীক নয়, বরং এটা একটা পুনর্জন্মের প্রতীক।”
ওই ম্যাচের রেফারির বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন তুরস্কের রেফারিদের কেন্দ্রীয় সংগঠনের প্রধান কুদ্দুসি মুফতুগলুও, ‘আমরা ত্রাবাজনস্পোরের হতাশাটা বুঝতে পারছি। আমরা ভালো রেফারিংকে উৎসাহ দিই। আর কেউ যদি ভুল করে সেটার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
এত কিছুর ফাঁকে দুরসান হয়ে গেছেন নায়ক। ত্রাবাজনস্পোর ক্লাবের সামনে সমর্থকেরা তাঁর একটা আবক্ষমূর্তি স্থাপন করারও উদ্যোগ শুরু করে দিয়েছে! গোল করেননি, বড় কোনো শিরোপাও জেতাননি। শেষ পর্যন্ত দুরসানের মূর্তিটা স্থাপিত হলে সেটি আলাদা ইতিহাস তো গড়বেই। রেফারিকে লাল কার্ড দেখিয়েই যে নায়ক হয়ে গেছেন তিনি!