শতকে পরাজয় মরিনহোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে মরিনহো
হোসে মরিনহো

প্রিমিয়ার লিগে স্ট্যামফোর্ড ব্রিজে এর আগে হেরেছিলেন একবারই, ২০১৪ সালের এপ্রিলে সান্ডারল্যান্ডের বিপক্ষে। ঘরের মাঠে ৯৯ ম্যাচে ৭৬ জয়—প্রিমিয়ার লিগ যুগে যেকোনো কোচের সেরা সাফল্য নিয়েই শততম ম্যাচটিতে ডাগ-আউটে বসেছিলেন হোসে মরিনহো। তবে মাইলফলক ম্যাচটি তেতো স্বাদই দিয়েছে চেলসি কোচকে। ক্রিস্টাল প্যালেসের কাছে পরশু ২-১ গোলে হেরে গেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
গতবার পুরো মৌসুমে মাত্র তিন ম্যাচে হেরেছিল চেলসি। আর এ মৌসুমে প্রথম চার ম্যাচেই দুটি হার, এক ড্র ও ওয়েস্ট ব্রমের সঙ্গে হ্যাঁচোড়প্যাঁচোড়ে জয়—চেলসির শুরুটা রীতিমতো দুঃস্বপ্নের। তালিকার শীর্ষ দলের চেয়ে এখনই ৮ পয়েন্টে পিছিয়ে পড়েছে লন্ডনের ক্লাবটি। তবে গত মৌসুমের অভিজ্ঞতা থেকে এখনই ভয়ের কিছু দেখছেন না মরিনহো, ‘প্রিমিয়ার লিগে “খেলা শেষ” বলি না আমি। গত মৌসুমে একপর্যায়ে আমরা দ্বিতীয় দলের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে ছিলাম, কিন্তু পয়েন্টগুলো হারিয়েছিলাম এক মাসেই।’
১৯৮২ সালের পর চেলসির মাঠে ক্রিস্টাল প্যালেসের প্রথম জয় এটাই। দলটির কোচ অ্যালান পারডিউ ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করলেন জয়ের ধরন নিয়ে, ‘চেলসি ও তাদের কোচের বিপক্ষে জয় পাওয়া কঠিনই। আপনি বাস পার্ক করে কোনোক্রমে একটা জয় আদায় করে নিতে পারবেন, তবে আমরা সেটা করিনি।’ মরিনহোকে কি একটু খোঁচাই দিলেন না পারডিউ!
আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাওয়ার আগে নিশ্চিতভাবেই সবচেয়ে তৃপ্ত কোচের নাম ম্যানুয়েল পেলেগ্রিনি। ওয়াটফোর্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে মৌসুমে দুর্দান্ত শুরুর সাফল্যধারাটি সিটি টেনে নিল চার ম্যাচে। এতে একটি ক্লাব রেকর্ডও হয়েছে সিটির—প্রিমিয়ার লিগে তারা জিতল টানা ১০ ম্যাচ।
গত মৌসুমের ‘ভূত’টা পরশুর ম্যাচে যেন আবারও তাড়া করল লিভারপুলকে। রক্ষণের ভুলেই ‘অল রেড’রা ঘরের মাঠে পরশু ওয়েস্ট হামের কাছে হেরে গেছে ৩-০ গোলে। ১৯৬৩ সালের পর অ্যানফিল্ডে এটি ওয়েস্ট হামের প্রথম জয়। লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স আক্ষেপ করলেন রক্ষণের ভুল নিয়ে, ‘প্রথম গোলটি ছিল সস্তা, যেটি ওয়েস্ট হামকে লড়াইয়ের প্রেরণা দিয়েছে। আর দ্বিতীয়টি হয়েছে ভুলের কারণে, এমন অবশ্য হতেই পারে।’
নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে নিউক্যাসলের ১-০ গোলে পরাজয় স্বাগতিক দলগুলোর জন্য একটি সতর্কবার্তাও দিয়েছে। পরশু সাত ম্যাচের চারটিতেই হেরেছে স্বাগতিকেরা। সব মিলিয়ে এবারের লিগে শনিবার পর্যন্ত ৩৭ ম্যাচে স্বাগতিকদের জয় মাত্র ৭টিতে। এএফপি।