শততম ম্যাচে হতাশাই সঙ্গী মেসির

ফাঁড়াটা তাহলে ইতালির ক্লাবগুলোই! পেপ গার্দিওলার বার্সেলোনা যে দুবার (২০০৯-১০ ও ২০১১-১২) ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ট্রফি হাতে নিয়েছিল, পরের দুই আসরেই প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল ইতালির দুই নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান ও এসি মিলান। সেই দুই ম্যাচেই ড্র করেছিল বার্সেলোনা। পরশুও ড্র করতে হলো বার্সেলোনাকে, আলেসান্দ্রো ফ্লোরেঞ্জির বিস্ময়কর এক গোলে বার্সাকে রুখে দিয়ে (১-১) ড্রয়ের ‘ঐতিহ্যটা’ ধরে রাখল রোমা।
অলিম্পিয়াকোসের সঙ্গে বায়ার্ন মিউনিখ অনুমিতভাবেই পেয়েছে বড় জয় (৩-০)। ম্যাকাবি তেল আবিব সেই তুলনায় অনেক সহজ প্রতিপক্ষ। তবে প্রায় জয়ের স্বাদ ভুলতে বসা চেলসির জন্য তাদের বিপক্ষে ৪-০ গোলের জয়টাকে মহার্ঘ্যই বলতে হবে। চেলসিকে বাদ দিলে ইংলিশদের জন্য কালকের রাতটাও গেছে ভুলে যাওয়ার মতো। ডায়নামো জাগরেবের মাঠে গিয়ে যে ২-১ গোলে হেরে ফিরেছে আর্সেনাল!
ফ্লোরেঞ্জির সমতা ফেরানো গোলটিকে বাদ দিলে রোমা-বার্সার ম্যাচটা মোটামুটি অনুমিত চিত্রনাট্য মেনেই এগিয়েছে। বল দখল, গোলে শট—সবকিছুতেই বার্সেলোনা ছিল এগিয়ে। তবে রক্ষণকাজে ইতালির সুপ্রাচীন ঐতিহ্যের কথা মনে করিয়ে দিয়ে মেসিদের ঠিকই রুখে দিয়েছে রোমা। ২১ মিনিটে বার্সাকে এগিয়ে দেওয়া লুইস সুয়ারেজ এতে বিস্মিত নন, ‘আমরা জানি ইতালিয়ান দলগুলো কেমন। তারা খুবই আঁটসাঁট, তাদের রক্ষণব্যূহ ভেদ করাও কঠিন। ওরা একটা গোল করেছে, তবে সেটি কিছুটা ভাগ্যপ্রসূত।’
আগের দিন রোনালদো হ্যাটট্রিক করেছেন। সেটির জবাব দেওয়ার একটা তাড়না নিশ্চয়ই ছিল মেসির। তার ওপর এটি ছিল চ্যাম্পিয়নস লিগে তাঁর শততম ম্যাচ। কিন্তু উপলক্ষটা উদ্যাপন করা হলো না। গোলের খুবই কাছাকাছি অবশ্য এসেছিলেন একবার। কিন্তু তাঁর শট বারে লেগে বাইরে চলে যায়। রোমার কোচ রুডি গার্সিয়া ড্র করেই খুশি, ‘জয় পেলে তা হতো স্বপ্নের ফল, তবে আমরা প্রায় নিখুঁত খেলেছি।’
আরেক সাবেক চ্যাম্পিয়ন বায়ার্ন অবশ্য শুরু করেছে বড় জয় দিয়েই। প্রতিপক্ষ ছিল অলিম্পিয়াকোস, নিজেদের মাঠে যারা এর আগের ১১ ম্যাচ অপরাজিত ছিল এবং গতবার নিজেদের মাঠে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতেছে। পরশুও প্রথমার্ধ গোলশূন্য। ৫২ মিনিটে টমাস মুলারের অদ্ভুতুড়ে গোলে গেরো কাটে বায়ার্নের। ৮৯ মিনিটে মারিও গোটশের পর অতিরিক্ত সময় পেনাল্টি থেকে মুলার আরেকটি গোল করেন।
তেল আবিবের বিপক্ষে ম্যাচে মরিনহোর প্রথম একাদশেই ছিল চমক। টেরি, পেদ্রো, কস্তা, মাতিচ বেঞ্চে; প্রথম একাদশে লফটাস চিক, বাবা রহমানদের মতো নতুনরা। ৫ মিনিটে এডেন হ্যাজার্ডের পেনাল্টি মিসের পর মরিনহোর কপালে আরও ভাঁজ পড়ে। শেষ পর্যন্ত বড় জয়ে মরিনহোর ঘাম দিয়ে যেন জ্বর ছেড়েছে, ‘জিততে কেমন লাগে, সেটা তো ভুলেই গিয়েছিলাম। ভালোই লাগছে এখন। পেনাল্টি মিসটা আমাদের জন্য বড় পরীক্ষা ছিল। জিততেই হবে, এমন একটা ম্যাচে পেনাল্টি মিস মানেই তো বাড়তি চাপ। আমি পারফরম্যান্স নিয়ে খুবই খুশি।’
নিজেদের মাঠে গত এক বছর হারেনি জাগরেব। পরশু আর্সেনালও সেখান থেকে ফিরল তিক্ত স্মৃতি নিয়েই। অলিভিয়ের জিরু লাল কার্ড দেখায় ম্যাচের ৫০ মিনিটের বেশি ১০ জন নিয়ে খেলতে হয়েছে আর্সেনালকে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবার একই সপ্তাহে হেরেছে ইংলিশ লিগের তিনটি ক্লাব (ইউনাইটেড, সিটি, আর্সেনাল)। এএফপি, রয়টার্স।
এক নজরে
| লেভারকুসেন ৪ | ১ বাতে বরিসভ |
|---|---|
| রোমা ১ | ১ বার্সেলোনা |
| ডায়নামো জাগরেব ২ | ১ আর্সেনাল |
| অলিম্পিয়াকোস ০ | ৩ বায়ার্ন |
| চেলসি ৪ | ০ ম্যাকাবি তেল আবিব |
| ডায়নামো কিয়েভ ২ | ২ পোর্তো |
| গেন্ট ১ | ১ লিঁও |
| ভ্যালেন্সিয়া ২ | ৩ জেনিত |
* স্বাগতিক দল প্রথমে