শতবর্ষী কোপায় মেসির 'প্রথম'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকডাকা ভোরে ওঠার অভ্যাস আছে? না হলে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন। এক মাসের জন্য ভোরের আরামের ঘুমটাকে বিদায় বলে দেওয়ার সময় এসে গেছে। রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে কোপা আমেরিকা!
বিশ্ব ফুটবলের প্রাচীনতম আন্তর্জাতিক টুর্নামেন্ট বলে কোপা আমেরিকার একটা ঐতিহাসিক আবেদন এমনিতেই থাকে। বাংলাদেশের মানুষের কাছে আরেকটু বাড়তি রং, এখানে ব্রাজিল-আর্জেন্টিনা খেলবে। বিশ্বকাপের মতো উন্মাদনা হয়তো ছড়াবে না, তবে লাতিন ফুটবলের সৌরভ সেই যুক্তরাষ্ট্র থেকে ভোররাতে, সাতসকালে ভেসে আসবে বাংলাদেশেও।
টুর্নামেন্টটির বিশেষত্ব এবার আছে আয়োজনেও। ১৯১৬ সালে আর্জেন্টিনায় প্রথমবার আলোর মুখ দেখেছিল কোপা আমেরিকা। অনেক বদল, অনেক সংশোধন-পরিমার্জনের মধ্য দিয়ে এক এক করে এক শতে পা দিল টুর্নামেন্টটি। কত খেলোয়াড়, কত দুর্দান্ত মুহূর্ত, কত আবেগ-অনুভূতির গল্প ছড়িয়ে আছে শতবর্ষী টুর্নামেন্টটির ইতিহাসের বাঁকে বাঁকে। সেসব উদ্যাপনের জন্যই যুক্তরাষ্ট্রে এবারের আয়োজন। কনমেবলের ১০ দেশের সঙ্গী হচ্ছে কনক্যাকাফের ছয়টি দেশও।
কিন্তু দক্ষিণ আমেরিকার দেশগুলোর টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রের মতো ফুটবলে অনুর্বর দেশে কেন? পুঁজিবাদের এই যুগে কারণটা বুঝে নিতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। কোপা আমেরিকার ভেন্যু নির্ধারণের সময় কনক্যাকাফের সে সময়কার সভাপতি আলফ্রেদো হাউয়িটও বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রে বাজার আছে, স্টেডিয়াম আছে, দর্শক আছে। গবেষণার ফল বলছে, যুক্তরাষ্ট্রে সবকিছুই আছে।’
তবে বাজার-অর্থ ওসব আয়োজকদের ভাবনা, দর্শকের চোখ তো আটকে থাকবে শুধু সবুজ মাঠের দিকে। এই দিকটায় অবশ্য এবারের কোপা আমেরিকা শুরুতেই একটু রং হারাচ্ছে। চার বছর বিরতির নিয়ম মেনে গত বছরই চিলিতে হয়ে গেছে ‘নিয়মিত’ কোপা আমেরিকা। এক বছর পর আরেকটি কোপা তাই ঠিক কতটা উন্মাদনা ছড়াবে, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। তার ওপর যোগ হয়েছে ইউরো। এই মাসেই ফ্রান্সে অনুষ্ঠিত টুর্নামেন্টটিও অনেকটুকু আলো কেড়ে নেবে কোপার ওপর থেকে।
আর যোগ হয়েছে তারকা খেলোয়াড়দের না-থাকা। মূলত এই জন্যই কোপা আমেরিকা শুরুর আগে অনেকটা জৌলুশ হারিয়েছে। আগস্টে অনুষ্ঠেয় অলিম্পিকে খেলবেন বলে কোপায় নেইমারকে পায়নি ব্রাজিল, চোট কেড়ে নিয়েছে কাকাকেও। সংশয় আছে নেইমারেরই বার্সেলোনা-সতীর্থ লুইস সুয়ারেজকে নিয়ে। সুপারস্টার বলতে শুধু লিওনেল মেসিই তো। তাঁর পাশে অবশ্য সার্জিও আগুয়েরো, এডিনসন কাভানি, অ্যাঙ্গেল ডি মারিয়া, অ্যালেক্সিস সানচেজ, হামেস রদ্রিগেজরাও নজর কাড়বেন।
তারকাদ্যুতি হয়তো একটু কম, কিন্তু তাতে মাঠের ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা একটুও কি কমছে? নতুন প্রেরণা, নতুন উদ্যম, নতুন চাওয়া-পাওয়ার সমীকরণ তো এখানেও আছে। টুর্নামেন্ট শুরুর আগেই হিসাব শুরু হয়ে গেছে, সর্বশেষ দুটি বড় টুর্নামেন্টে ফাইনালে হেরে যাওয়া আর্জেন্টিনা এবার শেষ বাধাটা পেরোতে পারবেন? লিওনেল মেসির ‘আকাশি-নীল’ আক্ষেপ শেষ হবে? ব্রাজিল-ই বা কতটা কী করতে পারবে নেইমারকে ছাড়া? আর উরুগুয়ে, সুয়ারেজকে ছাড়া পারবে পুরোটা পথ পাড়ি দিতে?
টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার জিতেছে বলে আলোটা এই তিন দলের ওপরই বেশি। তবে চাপ বেশি আর্জেন্টিনা-ব্রাজিলের ওপর। কয়েক বছর ধরেই ব্রাজিলের হলুদ রংটা কেমন ফ্যাকাশে, আর্জেন্টিনার আকাশি-নীলের ওপরও আছে মেঘের ছায়া। তবে ১৯৯৩ সালের পর বড় কোনো শিরোপার আক্ষেপ ঘোচানোর স্বপ্ন রং খেলছে মেসির চোখে। কর ফাঁকির মামলায় হাজিরা দিতে গতকাল বার্সেলোনার আদালতে গিয়েছিলেন, তার আগে স্পোর্টস ইলাস্ট্রেটেডকে আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘অনেক দিন হয়েছে আর্জেন্টিনা কিছু জেতেনি। বিশ্বকাপ ও সর্বশেষ কোপা আমেরিকায় এই দলটা খুব কাছাকাছি গিয়েও পারেনি। গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের প্রাপ্য।’
পাওনাটা বুঝে পাবেন মেসি? নাকি আবারও তাঁকে হতাশায় ডুবিয়ে উৎসবে মেতে উঠবে অন্য কোনো দল, ব্রাজিল-চিলি-উরুগুয়ে? কে জানে, শত বছরের ইতিহাস বদলে দিয়ে কনমেবলের টুর্নামেন্টে প্রথমবারের মতো জিতবে কনমেবলের বাইরের কোনো দেশ! এএফপি।